Home » এবার জাতীয় স্তরে পুরস্কৃত হতে চলেছে মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প

এবার জাতীয় স্তরে পুরস্কৃত হতে চলেছে মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প

সময় কলকাতা ডেস্কঃ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প দুয়ারে সরকার এবার জাতীয় স্তরে পুরস্কৃত হতে চলেছে। আগামী বছর ৭ জানুয়ারি দিল্লির বিজ্ঞান ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এই প্রকল্পের জন্য রাজ্য সরকারকে পুরস্কৃত করবেন বলে সূত্রের খবর। সোমবার দিল্লি থেকে নবান্নে বিজ্ঞপ্তি এসে পৌঁছেছে। ভারত সরকারের বৈদ্যুতিন ও তথ্য সম্প্রচার মন্ত্রকের ‘ডিজিটাল ইন্ডিয়া ২০২২’-এর অধীনে প্ল্যাটিনাম পুরস্কার পেয়েছে মমতা সরকার। আগামী ৭ তারিখ দিল্লির বিজ্ঞান ভবনে রাজ্যের প্রতিনিধিদের হাতে পুরস্কার তুলে দেবেন রাষ্ট্রপতি।

উল্লেখ্য, পশ্চিমবঙ্গ সরকারের একাধিক জনকল্যাণমূলক উদ্যোগ রাজ্যবাসীর কাছে পৌঁছে দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ‘দুয়ারে সরকার’ নামে এই প্রকল্পের উদ্বোধন করেন। পাড়ায় পাড়ায় বসছে সরকারের ক্যাম্প। সেই ক্যাম্পে গিয়ে রাজ্যবাসী সরকারি বিভিন্ন প্রকল্প থেকে সুবিধা পাওয়ার জন্য নতুন করে আবেদন কিংবা ভুল সংশোধনেরও আবেদন করতে পারছেন। ২০২০ সালের ১ ডিসেম্বর থেকে এখনও পর্যন্ত নাগরিক এই প্রকল্প পাঁচটি ধাপে সংগঠিত হয়েছে। রাজ্যজুড়ে সাড়ে তিন লাখের বেশি ক্যাম্প থেকে সাড়ে ৬ কোটিরও বেশি পরিষেবা প্রদান করা হয়েছে এই প্রকল্পের মাধ্যমে।

About Post Author