সময় কলকাতা ডেস্কঃ বড়দিনের আগেই বড় উপহার! দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে শুক্রবার সকাল ৬ টা থেকে স্বাভাবিকভাবে যান চলাচল শুরু হয়ে গেল সাঁতরাগাছি সেতুতে। সেতুর মেরামতির কাজের জন্য দীর্ঘ প্রায় এক মাসেরও বেশি যান চলাচল পুরোপুরি বন্ধ ছিল সাঁতরাগাছি সেতুতে। যার ফলে নানান অসুবিধার সম্মুখীন হচ্ছিলেন বহু সংখ্যাক নিত্যযাত্রী। মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী বড়দিনের আগেই সাঁতরাগাছি ব্রিজ পুনরায় খুলে দেওয়া হল। যান চলাচল স্বাভাবিক হওয়ায় খুশী নিত্য যাত্রীরা। পূর্তদফতর নির্ধারিত সময়ের বেশ কিছুটা আগেই সেতু মেরামতের কাজ শেষ করতে পারায় যান চলাচল স্বাভাবিক হয়েছে কোনা এক্সপ্রেসওয়েতে। সূত্রের খবর, এই সেতুতে ৪১টি ‘এক্সপ্যানশন জয়েন্ট’ রয়েছে। যার মধ্যে ২০ টি এক্সপ্যানশন জয়েন্ট বদলে দেওয়া হয়েছে।

সোমবার সেতু চালু হওয়ার খবর নিশ্চিত করেছিলেন পূর্ত মন্ত্রী পুলক রায়। কিছুদিন আগেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও রাজ্য পূর্ত দফতরকে নির্দেশ দিয়েছিলেন, ২৫ ডিসেম্বর পিকনিকের আমেজে যাতায়াতের ক্ষেত্রে যাতে কোনও অসুবিধা না হয়, সেজন্য সাঁতরাগাছি সেতু সংস্কারের কাজ দ্রুত শেষ করতে হবে।

উল্লেখ্য,১৯ নভেম্বর মধ্যরাত থেকেই বন্ধ হয়ে যায় সাঁতরাগাছি সেতু দিয়ে ভারী যান চলাচল। প্রায় দেড় মাস ধরে যান চলাচল নিয়ন্ত্রণ ছিল সাঁতরাগাছি সেতুতে। নবান্ন সূত্রে জানা গিয়েছে, সাঁতরাগাছি সেতুটির পরিকাঠামোগত অবস্থা খুবই খারাপ ছিল। সাঁতরাগাছি ব্রিজের কলকাতামুখী ২১টি এক্সটেনশন জয়েন্ট খারাপ হয়ে গিয়েছিল। তারই মধ্যে সেতুটির উপর দিয়ে ২ চাকা, ৪ চাকা থেকে শুরু করে পণ্যবাহী ভারী গাড়িগুলি চলাচলের ফলে সেতুটির অবস্থা আরও খারাপ হয়েছিল।
এই সেতুর মাধ্যমেই অনেক কম সময়ে একপ্রান্ত থেকে অন্য আরেক প্রান্তে পৌঁছে যাওয়া যায়। তাই প্রাণের ঝুঁকি নিয়েই এই সেতুর উপর দিয়ে প্রতি মুহূর্তে ২ চাকা, ৪ চাকা গাড়ি সহ পণ্যবাহী ভারী গাড়ি গুলি যাতায়াত করত। এমনকী অফিস টাইমে প্রচণ্ড যানজটও হত। এরপরই দুর্বল হয়ে পড়া এই সেতুটি ভেঙে দিয়ে নতুন সেতু নির্মাণ করার জন্য রাজ্য সরকারের তরফে রেলকে জানানো হয়েছিল। কিন্তু রাজ্য সরকারের সেই আবেদনে রেল কর্তৃপক্ষ কোনও সাড়া দেননি বলেই একসময় অভিযোগ উঠেছিল। তাই সাঁতরাগাছি সেতুটি ভেঙে ফেলে অন্য একটি সেতু নির্মাণ করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ
মার্চেই বকেয়া ডিএ দেওয়ার উদ্যোগ : এসওপি জারি