Home » লো বাজেটে নিলামে চমক কেকেআরের, নাইটদের বাজি ৯০ লাখের জগদীশন

লো বাজেটে নিলামে চমক কেকেআরের, নাইটদের বাজি ৯০ লাখের জগদীশন

সময় কলকাতা ডেস্ক: আইপিএলের নিলামে স্বল্প পুঁজি নিয়েই আসরে নেমেছিল কেকেআর। মাত্র ৭ কোটি টাকায় সর্বাধিক ১১ জন ক্রিকেটারকে দলে নিতে পারত কলকাতার নাইট রাইডার্স। যার মধ্যে সর্বাধিক ৩ জন বিদেশী ক্রিকেটারকে কিনতে পারত তারা। এদিন নিলামের অধিকাংশ সময় দর্শকের ভূমিকায় থাকলেও, দিনের শেষে যথেষ্ট ভালো দলই গড়ল নাইটরা। বৈভব অরোরা, নারায়ণ জগদীশন, মনদীপ সিংহ, কুলবন্ত খেজরোলিয়া, সূয়স শর্মার মত প্রতিভাবান ভারতীয় ক্রিকেটারদের সই করিয়েছে নাইটরা। বিদেশী ক্রিকেটারদের মধ্যে সই করিয়েছে বাংলাদেশের লিটন দাস ও সাকিব আল হাসানকে। এছাড়াও এক কোটি টাকায় ক্রিকেট দুনিয়ায় অপরিচিত নামিবিয়ার অলরাউন্ডার ডেভিড উইজাকে কিনেছে কেকেআর।

চেন্নাই সুপার কিংসের প্রাক্তন উইকেট রক্ষক ব্যাটার নারায়ণ জগদীশনকে কিনল কেকেআর। তামিলনাড়ুর এই ক্রিকেটারকে কিনতে খরচ হল ৯০ লক্ষ টাকা । এতেই চমক দেখছেন অনেক ক্রিকেট বিশেষজ্ঞ। ২০১৮ থেকে চেন্নাই দলে ধোনির সতীর্থ ছিলেন তিনি। যদিও শেষ চার বছরে চেন্নাইয়ে সেরকম সুযোগ পাননি জগদীশন। চেন্নাইয়ের হয়ে গত চার বছরে মাত্র সাতটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন তামিলনাড়ুর এই ক্রিকেটার। এবার আইপিএলের নিলামে তাকে দলে পেতে যে কোনো ফ্রাঞ্চাইজি আগ্রহী হবে তা কল্পনা করতে পারেননি তিনি। কোচির নিলামে যথেষ্ট লড়াই করেই এই উইকেট রক্ষক ব্যাটারকে দলে পেতে হল নাইট বাহিনীকে। আর কেকেআর তাকে সই করানোয় খুশি জগদীশন। একটা সময়ে ডাগআউটে বসে মানসিক ভাবে বিধ্বস্ত হয়ে পড়েছিলেন তিনি। ক্রিকেট থেকে নিজেকে সরিয়ে নেওয়ার চিন্তা ভাবনাও করেছিলেন তামিলনাড়ুর এই ক্রিকেটার।

কিন্তু ফের একবার নিজেকে প্রমাণ করার সুযোগ আইপিএলে। এ বারও কলকাতার হয়ে খেলার সুযোগ কতটা পাবেন? জানেন না তামিলনাড়ুর এই ক্রিকেটার। সুযোগ পেলে নাইটদের হয়ে ২২ গজে নিজেকে মেলে ধরতে চান তামিলনাড়ুর ২৬ বছরের উইকেটরক্ষক-ব্যাটার।

About Post Author