Home » ফের অনুব্রতকে পেশ দুবরাজপুর আদালতে

ফের অনুব্রতকে পেশ দুবরাজপুর আদালতে

সময় কলকাতা ডেস্কঃ গরু পাচার কাণ্ডে গ্রেফতার অনুব্রত মণ্ডলকে গত সপ্তাহেই পৃথক একটি মামলায় গ্রেফতার করে বীরভূমের দুবরাজপুর থানার পুলিশ। মঙ্গলবার শেষ হচ্ছে বীরভূমের দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের পুলিশি হেফাজতের মেয়াদ। এদিন তাঁকে ফের পেশ করা হবে দুবরাজপুর আদালতে। তার আগে স্বাস্থ্য পরীক্ষা করার জন্য দুবরাজপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় অনুব্রত মণ্ডলকে।

প্রসঙ্গত, অনুব্রতকে দিল্লি নিয়ে গিয়ে ইডির জেরা করার আগেই, ভূতপূর্ব একটি মামলার জেরে ফের ৭ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় দুবরাজপুর আদালত। বীরভূমের মেজে গ্রামের বাসিন্দা শিবঠাকুর মণ্ডল অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে মামলা করেন। সেই মামলার শুনানির পরেই অনুব্রতকে ৭ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় দুবরাজপুর আদালত। মঙ্গলবার সকালে অনুব্রত মণ্ডলকে ফের বীরভূমের দুবরাজপুর আদালতে পেশ করা হয়।

দিল্লি হাইকোর্টের বিচারপতি জয়রাম ভাম্বানির বেঞ্চে সেই মামলার শুনানি ছিল। শুনানির শুরুতেই কপিল সিব্বল জানান, যাতে মামলা বিচারপতি যশমিত সিং-এর বেঞ্চে পাঠানো হয়। সেই আর্জিতে সায় দেন বিচারপতি ভাম্বানি। তবে এদিন বিচারপতি যশমীত সিং-এর বেঞ্চে এই মামলার শুনানি হবে কি না, সেই সিদ্ধান্ত নেবেন দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি। গরু পাচার মামলায় রাউস অ্যাভিনিউ কোর্টের এক্তিয়ার নিয়ে প্রশ্ন তুলে দিল্লি হাইকোর্টে একটি মামলা হয়। সেই মামলা ওঠে বিচারপতি যশমীত সিং-এর বেঞ্চে। এমনকী, সায়গল হোসেন বা বিনয় মিশ্রের গরু পাচার সংক্রান্ত মামলাও ওই বিচারপতি সিং-এর বেঞ্চে চলছে বলে দাবি করেই বেঞ্চ পরিবর্তনের আর্জি জানান সিব্বল। সেই আর্জি মেনে নেন বিচারপতি ভাম্বানি।

উল্লেখ্য, গরু পাচার মামলায় জেরা করতে অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে যাওয়ার অনুমতি দিয়েছিল রাউস অ্যাভিনিউ কোর্ট। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন অনুব্রত।

About Post Author