সময় কলকাতা ডেস্কঃ ফের আসানসোল জেলে ফিরলেন অনুব্রত। আপাতত আসনসোল জেলেই থাকবেন কেষ্ট। আপাতত দিল্লি হাইকোর্টের নির্দেশে ৯ জানুয়ারি পর্যন্ত অন্য কোথাও যেতে হবে না অনুব্রতকে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে পাঁচটা নাগাদ আসানসোল জেলে নিয়ে যাওয়া হয় অনুব্রতকে। দুবরাজপুর থেকে সড়কপথে ছ’টি পুলিশের গাড়ির কনভয় অনুব্রতকে আসানসোল জেলে নিয়ে যায়। তবে জেলে ঢোকার সময়ে সাংবাদিকদের কোনও প্রশ্নের উত্তর দেননি কেষ্ট।
উল্লেখ্য, শিবঠাকুর মণ্ডলকে খুনের চেষ্টার মামলায় অনুব্রত মণ্ডলকে নিজেদের হেফাজতে নিয়েছিল দুবরাজপুর থানা। পুলিশি হেফাজতের শেষে মঙ্গলবার কেষ্টকে আদালতে তোলা হয়। এদিন ওই মামলায় জামিন পান বীরভূমের তৃণমূল সভাপতি। আদালত নির্দেশ দিয়েছে, আগামী ১ জানুয়ারি অনুব্রতকে আদালতে পেশ করতে হবে। তারপর তাঁকে আসানসোল জেলে নিয়ে যাওয়া হয়।
উল্লেখ্য,গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে যেতে তৎপর ইডি। সূত্রের খবর, অনুব্রতকে দিল্লি নিয়ে গিয়ে দেহরক্ষী সায়গল হোসেনের মুখোমুখি বসিয়ে জেরা করতে চায় ইডি। এই মুহূর্তে গরু পাচার মামলায় ইডির হাতে গ্রেপ্তার হয়ে অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেন তিহাড় জেলে বন্দি। তদন্তের স্বার্থে বীরভূমের তৃণমূল সভাপতিকেও দিল্লি নিয়ে গিয়ে জেরা করতে চায় কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা।

প্রসঙ্গত, গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডল গ্রেফতার হওয়ার পরই অনুব্রতর সম্পত্তির খোঁজে তল্লাশি করতেই উঠে আসে তাঁর মেয়ে সুকন্যা মণ্ডলের নাম। তাঁর নামেও মেলে একাধিক সম্পত্তি ও কোম্পানির হদিশ। এছাড়াও সামনে আসে বোলপুরে কোটি কোটি টাকার জমির পাশাপাশি তৃণমূল নেতার একাধিক রাইস মিলের একের পর এক বিস্ফোরক তথ্য। পেশায় একজন শিক্ষিকা হয়ে কি করে এত সম্পত্তির মালিক হলেন সুকন্যা, তা জানতেই ইতিমধ্যেই সুকন্যা মণ্ডলকে জেরা করেছে ইডি। এরপর এই মামলায় ইডির নজরে রয়েছেন অনুব্রত ঘনিষ্ঠ আরও বেশ কয়েকজন। তাদেরকেও জেরা করতে তলব করতে পারে ইডি, এমনটাই সূত্রের খবর। এবার কি অনুব্রতকে দিল্লি নিয়ে যেতে পারবে ইডি, সেদিকেই নজর সকলের।


More Stories
গ্রেফতার কলকাতা পুরসভার দুই কাউন্সিলর
আরজিকর কাণ্ডের আইনি ফাঁসে রচনা
গ্রেফতারির ভয়ে আগাম জামিনের আবেদন অরূপ বিশ্বাসের