Home » বিধ্বংসী অগ্নিকাণ্ড কাকদ্বীপে

বিধ্বংসী অগ্নিকাণ্ড কাকদ্বীপে

সময় কলকাতা ডেস্কঃ ভয়াবহ অগ্নিকাণ্ড কাকদ্বীপে। সোমবার সকালে বিধ্বংসী আগুন লাগে কাকদ্বীপের একটি বেডিং স্টোর্স এর গোডাউনে। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে আগুন নেভাতে বেশ বেগ পেতে হয় দমকল কর্মীদের। গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। ঘিঞ্জি এলাকা হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। শেষ পাওয়া খবর অনুযায়ী ঘটনাস্থলে আসে দমকলের ২ টি ইঞ্জিন। প্রচুর ক্ষয়ক্ষতি হলেও এখনও পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। শেষ পাওয়া খবর অনুযায়ী আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে হঠাৎই আগুন লাগে ওই বেডিং স্টোর্স এর গোডাউনে। প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ ওই গোডাউনে মজুত থাকায় আগুনের লেলিহান শিখা ক্রমশ ছড়িয়ে পড়তে থাকে। আগুনের কুণ্ডলী ও ধোঁয়া দেখে স্থানীয়রা আতঙ্কিত হয়ে রাস্তায় বেরিয়ে পড়েন। এই ঘটনা প্রকাশ্যে আসতেই এলাকায় ব্যাপক শোরগোল পড়ে যায়। স্থানীয়দের তরফে খবর যায় দমকলে। খবর পেয়ে তৎক্ষণাৎ দমকলের দুটি ইঞ্জিন সহ হারউড পয়েন্ট কোস্টাল থানার পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছয়। তবে ঘটনার যে দৃশ্য প্রকাশ্যে এসেছে, তা থেকেই স্পষ্ট যে এদিন আগুনের ভয়াবহতা ঠিক কতটা ছিল। দমকল কর্মীদের কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়। তবে ঠিক কী কারণে এদিন আগুন লাগল, তা খতিয়ে দেখছেন দমকল কর্মীরা। যদিও শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে বলেই প্রাথমিক অনুমান দমকল অধিকারিকদের।

এদিকে এই ঘটনার পর স্থানীয় বাসিন্দারা যথেষ্ট আতঙ্কিত হয়ে পড়ে। তাদেরকে রাস্তার পাশে বের হয়ে আসতেও দেখা যায়। ওই গোডাউনের পাশে আরও অনেক দোকান ছিল বলেই পুলিশসূত্রে খবর। তবে সঠিক সময়ে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছানোয় আগুন ছড়িয়ে পড়া রোধ করা গিয়েছে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

About Post Author