Home » ফের ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল আফগানিস্তান

ফের ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল আফগানিস্তান

সময় কলকাতা ডেস্ক, ১ জানুয়ারিঃ ফের ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল আফগানিস্তান। সূত্রের খবর, রবিবার কাবুলের বায়ুসেনার ঘাঁটির কাছে বিস্ফোরণের ঘটনাটি ঘটে। আর এই বিস্ফোরণের জেরেই প্রাণ গেল বহু মানুষের। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা প্রকাশ করা হয়েছে। ইতিমধ্যেই বিস্ফোরণের পর তদন্তের নির্দেশ দিয়েছে তালিবান সরকার। তবে বিস্ফোরণের জেরে কতজনের মৃত্যু হয়েছে, তা তালিবানের তরফে এখনও পর্যন্ত স্পষ্ট করা হয়নি। এদিনের বিস্ফোরণের নেপথ্যে আইএসআইএস জঙ্গিদের হাত থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে।

প্রসঙ্গত,গতমাসেই ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠেছিল আফগানিস্তান। উত্তর আফগানিস্তানের সামানগাম প্রদেশের আয়বাক শহরের একটি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে বিস্ফোরণের ঘটনা ঘটে। আর এই বিস্ফোরণের জেরেই মৃত্যু হয় ১৯ জন পড়ুয়ার। গুরুতর আহত হয় আরও ২৮ জন পড়ুয়া। যদিও এই বিস্ফোরণের ঘটনা স্বীকার করে নিয়েছিলেন আফগানিস্তানের অন্তর্দেশীয় মন্ত্রী আবদুল নফি তাকোর। তবে,বিস্ফোরণের নেপথ্যে আইএসআইএস জঙ্গিদের হাত ছিল বলেই জানা গিয়েছে।
এদিকে পাক প্রশাসনের অভিযোগ, টিটিপি জঙ্গিদের মদত দিচ্ছে তালিবান। পাকিস্তানে হামলা চালিয়ে আফগানিস্তানে আশ্রয় নিচ্ছে এই জঙ্গিরা। যদিও ইসলামাবাদের এই অভিযোগ মানতে নারাজ আফগানিস্তানের তালিবান সরকার। এর মধ্যেই সামনে এল ফের আফগানিস্তানে বিস্ফোরণের ঘটনা। উল্লেখ্য, তালিবান মন্ত্রিসভায় স্থান পেয়েছেন পাক মদতপুষ্ট হক্কানি গোষ্ঠী। যদিও হক্কানিদের একেবারেই পছন্দ করে না তালিবান। কার্যত সেই কারণেই কিছুদিন পর পরই দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ লেগেই চলেছে। আর আফগানদের এই খেসারত দিতে হচ্ছে রক্তের বিনিময়ে। কিছুদিন আগেও কাবুলের একটি মসজিদ-এ প্রার্থনার সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। যার জেরে অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছিল। আহত হয়েছিলেন ৬৫ জন। এমনকী মসজিদের ইমামেরও প্রাণ গিয়েছিল। তবে,বিস্ফোরণের কারণ এখনও পর্যন্ত জানা যায়নি।।

About Post Author