Home » ফিরে দেখা – ২০২২ আন্তর্জাতিক

ফিরে দেখা – ২০২২ আন্তর্জাতিক

সময় কলকাতা ডেস্কঃ বিদায় ২০২২। সূচনা হবে ২০২৩-এর। একটা বছর বিদায় নেওয়া মানে আরেকটা বছরের শুরু। তবে, এসবের মাঝেও কিছু কিছু ঘটনা ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে খুবই গুরুত্বপূর্ণ। সময়ের সঙ্গে সঙ্গে তা হয়ে ওঠে স্মৃতিবিজড়িত। বিদায়ী বছরের অন্তিম লগ্নে এসে একবার পিছন ফিরে দেখা, এবছর আন্তর্জাতিক ক্ষেত্রে অনেক ঘটনার সাক্ষী থেকেছি আমরা।

ইউক্রেনের মাটিতে রুশ আগ্রাসন

এবছরের ঘটনাগুলির মধ্যে সব থেকে গুরুত্বপূর্ন ইউক্রেনের মাটিতে রুশ আগ্রাসন। ন্যাটো সদস্য দেশগুলির সঙ্গে সখ্যতার অভিযোগ তুলে গত ফেব্রুয়ারি মাসে ইউক্রেন অভিযান শুরু করেছিল রুশ সেনা। লক্ষ্য ছিল, ভ্লাদিমির জেলেনেস্কির দেশকে সামরিক শক্তি ও পশ্চিমী প্রভাবমুক্ত করা। তারপর অতিক্রান্ত হয়ে গিয়েছে ১০ মাস। এখনও বশ্যতা স্বীকার করেননি ইউক্রেনের রাষ্ট্রপ্রধান। পশ্চিমের দেশগুলি পূর্ন সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে ইউক্রেনকে। স্বল্প শক্তি নিয়ে শক্তিশালী রুশ আক্রমণের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম হয়ছে ইউক্রেন। নতুন বছরে বারুদের গন্ধের পরিবর্তে শান্তির সুবাস কি ফিরবে ইউক্রেনের বাতাসে? অপেক্ষায় বিশ্ববাসী।

পাকিস্তানের রাজনীতিতে পাশাবদল

২০২২ সালে তুমুল ডামাডোলের সাক্ষী পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনীতি। এপ্রিল মাসে পতন হয় তেহরিক-ই-ইনসাফ সরকারের। প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে বাধ্য হন তেহরিক-ই-ইনসাফ প্রধান ইমরান খান। ইমরান সরকারের পতনের পর ন্যাশনাল অ্যাসেম্বলিতে ভোটাভুটির মাধ্যমে নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হন বিরোধী দলনেতা তথা পাকিস্তান মুসলিম লিগ নওয়াজের প্রেসিডেন্ট শাহবাজ শরিফ। নতুন বছরে, নতুন প্রধানমন্ত্রীর হাত ধরে, সেদেশের রাজনীতি কোন পথে এগোয়? সেদিকেই তাকিয়ে সকলে।

পদ্মা সেতুর উদ্বোধন 

দীর্ঘ প্রতীক্ষার অবসান। অবশেষে উন্মোচন করা হল বাংলাদেশের পদ্মা সেতুর। ২৫ জুন প্রায় ৬ কিলোমিটার সেতুর উদ্বোধন করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেতুটি মুন্সীগঞ্জের লৌহজংয়ের সঙ্গে মাদারীপুর ও শরীয়তপুর জেলাকে যুক্ত করেছে। এই সেতু নির্মাণে মোট ব্যয় হয়েছে ৩০ হাজার ১৯৪ কোটি টাকা। সেতুটি তৈরি হতে সময় লেগেছে ৯০ মাস ২৭ দিন। কাজ করেছেন প্রায় ১৪ হাজার দেশি-বিদেশি শ্রমিক, ইঞ্জিনিয়ার ও বিশ্লেষক। এই সেতুটি বাংলাদেশের জাতীয় আয় ১.২ শতাংশ বাড়িয়ে দেবে বলে আশা করছে সেদেশের সরকার।

গুলিবিদ্ধ শিনজো আবে 

প্রকাশ্য রাস্তায় গুলিবিদ্ধ শিনজো আবে। জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী। ৮ জুলাই সকাল ১১.৩০ টা নাগাদ নারা শহরের রাস্তায় নির্বাচনী ভাষণ দিচ্ছিলেন আবে। তখনই এক বন্দুকবাজ আচমকা হামলা চালায় তাঁর উপর। ঘটনাস্থলে লুটিয়ে পড়েছিলেন আবে। হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয় জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রীকে। ঘটনাযস্থল থেকে গ্রেফতার করা হয়েছিল ৪০ বছরের আততায়ীকে। শিনজোকে শেষ শ্রদ্ধা জানাতে জাপানে পৌঁছে গিয়েছিলেন সব দেশের রাষ্ট্রপ্রধানরা। বন্ধুকে শেষ বিদায় জানাতে গিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও।

দ্বীপরাষ্ট্র রাজনৈতিক ডামাডোল ও পটপরিবর্তন

চরম অর্থনৈতিক সঙ্কটে প্রতিবেশী রাষ্ট্র শ্রীলঙ্কা। কোভিডের কারণে অর্থনীতি ধ্বসে পড়ে। মুদ্রাস্ফীতি চরমে পৌঁছয়। দাম বাড়ে রান্নার গ্যাসের ও জ্বালানির। জীবনদায়ী ওষুধ ও নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম মধ্যবিত্তের নাগালের বাইরে চলে যায়। বন্ধ হয়ে যায় স্কুল কলেজ। রাষ্ট্রপতি গোতাবায়ার ইস্তফার দাবিতে পথে নেমেছিল সেদেশের সাধারণ মানুষ। ৯ জুলাই রাষ্ট্রপতি ভবন আন্দোলনকারীদের দখলে চলে যায়। দেশ ছেড়ে পালান রাষ্ট্রপতি গোটাবায়া রাজাপক্ষে। রাজাপক্ষের ছেড়ে যাওয়া গদিতে বসেন রণিল বিক্রমাসিংঘে। নতুন বছরে অর্থনৈতিক অস্থিরতা কাটিয়ে নতুন শ্রীলঙ্কা গড়াই চ্যালেঞ্জ নতুন রাষ্ট্রপতির।

ড্রোন হানায় নিহত আল কায়েদা প্রধান

মার্কিন ড্রোন হানায় নিহত আয়মান আল জওয়াহিরি। বিশ্বের মোস্ট ওয়ান্টেড জঙ্গি তথা আল কায়েদা প্রধান। ১১ সেপ্টেম্বর ২০০১ হামলার মাস্টারমাইন্ড। হামলার পর থেকে ২০ বছর পলাতক ছিলেন আল জওহিরি। মার্কিন যুক্তরাষ্ট্র যার মাথার দাম ধার্য করেছিল 25 মিলিয়ন মার্কিন ডলার। এ বছরের ৩১ জুলাই মাসে দুর্ধর্ষ জঙ্গি প্রধানকে নিরস্ত্র করল মার্কিন যুক্তরাষ্ট্র। ড্রোন হামলায় আল কায়দা প্রধান নিহত প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, জওহারির মৃত্যু ৯/১১তে মার্কিন যুক্তরাষ্ট্রে নিহত ৩০০০ মানুষের পরিবারকে শান্তি দেবে।

তাইওয়ানে ন্যান্সি পেলোসি

দীর্ঘদিন ধরেই চীন দাবি করে আসছে তাইওয়ান তাদেরই অংশ। অন্যদিকে তাইওয়ান নিজেদের সার্বভৌমত্ব রক্ষা করতে অনড়। এই দড়ি টানাটানির মধ্যেই তাইওয়ানে পা রাখলেন মার্কিন হাউস স্পিকার ন্যান্সি পেলোসি। এবছর ২ অগস্ট বিশেষ বিমানে আসেন মার্কিন হাউস স্পিকার। বার্তা দেন তাইওয়ানের গণতন্ত্রের পাশে থাকতে আমেরিকা সবসময় প্রস্তুত। পাশাপশি, ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় এলাকা সহ দ্বিপাক্ষিক বিষয়গুলোর আলোচনার উপর জোর দেন তিনি। যদিও নান্সি পেলোসির তাইওয়ান সফরকে ভালো চোখে দেখেনি বেজিং। এই ঘটনার পরে তলব করা হয়েছিল বেজিংয়ের মার্কিন রাষ্ট্রদূতকে। তাইওয়ান – চিন দ্বন্দ্ব নতুন বছরে কি রূপ নেয় সেদিকেই তাকিয়ে দুই দেশের নাগরিকরা।

ছুরিকাহত সলমন রুশদি

মঞ্চে ছুরিকাহত লেখক সলমন রুশদি। গত অগস্ট মাসে নিউ ইয়র্কের এক প্রেক্ষাগৃহে ভাষণ দিতে গিয়েছিলেন বুকার জয়ী লেখক। সভামঞ্চে লেখককে আক্রমণ করে এক আততায়ী। ঘটনার পরই লেখককে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। পুলিশ সূত্রে খবর, ঘটনায় আততায়ীকে গ্রেফতার করা হয়।

মধ্য প্রাচ্যে যুদ্ধের প্রস্তুতি

ফের মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধের মেঘ। গত সেপ্টেম্বরে সিরিয়ার দামাস্কাস বিমানবন্দরে ভয়াবহ হামলা চালায় ইজরায়েলের যুদ্ধবিমান। সিরিয়ার প্রতিরক্ষামন্ত্রক সূত্রে জানা যায়, বোমাবর্ষণে মৃত্যু হয় ৫ সিরীয় সেনার। ক্ষতি হয়েছে বিমানবন্দরের। ইজরায়েলি সেনা সূত্রে খবর, সিরিয়া ও লেবাননকে দামাস্কাস বিমানবন্দরের মাধ্যমে হাতিয়ার সরবরাহ করছে ইরান। সেই অস্ত্রের জোগান বন্ধ করতেই বিমানবন্দর ও অস্ত্রের গোদামে হামলা চালানো হয়েছে। বিগত কয়েক দশক ধরেই সিরিয়া – ইসরায়েলের উষ্ণ সম্পর্ক খবরের শিরোনামে থাকে। এখন নতুন বছরে এই সংঘাত কোন পথে মোড় নেয় তাকিয়ে দুইদেশের সাধারণ নাগরিক।

বন্যায় বিপর্যস্ত পাকিস্তান

রেকর্ড বৃষ্টিতে বন্যার কবলে প্রতিবেশী দেশ পাকিস্তান।  বন্যায় ডুবে সে দেশের এক তৃতীয়াংশ জনপদ। পাক ‘ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটির সেপ্টেম্বরে প্রকাশিত তথ্য অনুযায়ী বন্যার কবলে বিপর্যস্ত প্রায় ৩ কোটি ৩০ লক্ষেরও বেশি মানুষ। বন্যায় প্রাণ হারিয়েছেন প্রায় ১২০০। মানুষের পাশাপাশি মারা গিয়েছে শতাধিক গবাদি পশু। বন্যায় ক্ষতিগ্রস্ত লক্ষাধিক বাড়ি-ঘর , সেতু-সহ চাষের জমি। কৃষিজমি জলের তলায় চলে যাওয়ায় ক্রমশ পাকিস্তান জুড়ে বাড়ছে খাদ্যসঙ্কট। মোট ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক আর্থিক ৩ হাজার কোটি মার্কিন ডলার। পাকিস্তনের বন্যা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে রাষ্ট্রপুঞ্জ।  রাষ্ট্রপুঞ্জের মহাসচিব আন্তোনিও গুতেরেজ বলেন, এমন ভয়ঙ্কর জলবায়ু বিপর্যয় আগে দেখিনি। পাশাপাশি  বিশ্বের বাকি দেশগুলিকেও জলবায়ু বিপর্যয় মোকাবিলায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন গুতেরেজ।

প্রয়াত রানী দ্বিতীয় এলিজাবেথ

প্রয়াত রানী দ্বিতীয় এলিজাবেথ। স্কটল্যান্ডের বালমোরাল ক্যাসলে ৮ সেপ্টেম্বর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ব্রিটেনের মহারানী। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯৬ বছর। ১৯৫২ সালের ৬ ফেব্রুয়ারি রাজা ষষ্ঠ জর্জের মৃত্যুর পর ব্রিটেনের রাজসিংহাসনে বসেছিলেন রাণী দ্বিতীয় এলিজাবেথ। তাঁর মৃত্যুতে ব্রিটেনের দীর্ঘ ৭০ বছরের রাজত্বের অবসান হল।

হিজাব বিতর্কে অগ্নিগর্ভ ইরান

হিজাব বিতর্কে উত্তাল মধ্য প্রাচ্যের দেশ ইরান। ঠিক ভাবে হিজাব না পরার জন্য নীতি পুলিশের হাতে গ্রেফতার হন ২২ বছরের কুর্দিশ-ইরানি মাহসা আমিনি। জেল হেফাজতে থাকাকালীন হাসপাতালে কোমাচ্ছন্ন অবস্থায় মৃত্যু হয় তরুণীর। এরপরই অগ্নিগর্ভ হয় ইরানের পরিস্থিতি। রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে থাকে ইরানের সাধারণ মানুষ। কুর্দিস্তানের সাকেজ শহর থেকে এই বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভে শামিল হন ইরানের শিল্পী, খেলোয়াড়-সহ সর্বস্তরের মানুষ। আন্দোলনে ইরানের নারীদের উপস্থিত ছিল চোখে পড়ার মত। সরকারি রক্তচক্ষু উপেক্ষা করে স্কুলের মেয়েশিশুরা হিজাব খুলে ফেলে প্রতিবাদে সামিল হয়। বুলেটের সামনে দাঁড়িয়ে বিক্ষোভে স্লোগান দিয়েছেন নারীরা। বিক্ষোভ দমনে অনমনীয় মনোভাব দেখায় আলি খামেনি সরকার। গ্রেফতার করা হয় ১৮ হাজারের বেশি বিক্ষোভকারীকে। মানবাধিকার সংস্থা ইরানিয়ান হিউম্যান রাইটসের তথ্য অনুসারে, নভেম্বর পর্যন্ত বিক্ষোভে প্রাণ হারিয়েছেন ৫০০ জন। এর মধ্যে ৬০টি শিশুও রয়েছে। এর প্রভাব পরে জাতিপুঞ্জেও। ‘ইউনাইটেড নেশনস কমিশন অন দ্য স্ট্যাটাস অব উইমেন’ থেকে ইরানকে বহিষ্কার করা হয়। দেশের মানুষের অনড় মনোভাবের কাছে শেষ পর্যন্ত নতিস্বীকার করে ইরান সরকার। নীতি পুলিশকে নিষিদ্ধ ঘোষণা করা হয়।

যুক্তরাজ্যের মসনদে ভারতীয় বংশোদ্ভুত

২০২২। যুক্তরাজ্যের রাজনৈতিক ইতিহাসে ঘটনাবহুল বছর। এক বছরে তিনজন রাষ্ট্রপতি দেখল সে দেশের নাগরিকরা। জুলাই মাসে রাষ্ট্রপতি পদ থেকে ইস্তফা দেন যুক্তরাজ্যের নির্বাচিত রাষ্ট্রপতি বরিস জনসন। তারপর রক্ষনশীল পার্টির অন্তর্বর্তী নির্বাচনে জয়ী হয়ে মসনদে বসেন লিজ ট্রাস। কিন্তু সে সময় দেশের অর্থনৈতিক বিপর্যয় সামাল দিতে না পারায় তাঁকেও পদত্যাগ করতে হয়। অবশেষে অক্টোবরে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর পদে বসেন ৪২ বছরের ভারতীয় বংশোদ্ভুত ঋষি সুনক। সে দেশের অন্যতম কনিষ্ঠ রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন সুনক।

লাতিন আমেরিকায় গোলাপি জোয়ার 

গত বছরে লাতিন আমেরিকার একের পর এক দেশে ক্ষমতা দখল করে বামপন্থীরা। আর্জেন্টিনা, চিলি, কলম্বিয়া, মেস্কিকো ও পেরুর পর ব্রাজিলেও ক্ষমতা দখল করে বামপন্থী সরকার। গত অক্টোবর মাসে ব্রাজিলের নির্বাচনে বিজয়ী হন বামপন্থী নেতা লুইজ ইনাসিও লুলা দ্যা সিলভা। নির্বাচনে জোর ধাক্কা খান অতি দক্ষিণপন্থী নেতা জাইর বলসোনারো। লাতিন আমেরিকার একের পর এক দেশে বাম শক্তির এই উত্থানকে রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ দ্বিতীয় গোলপি তরঙ্গ বলে ব্যাখ্যা করেছেন। প্রসঙ্গত, একুশ শতকের শুরুতে লাতিন আমেরিকার গণতান্ত্রিক দেশগুলি ক্রমশ নব্য উদারনৈতিক অর্থনীতি থেকে সরে বামপন্থার দিকে ঝুঁকতে শুরু করেছিল। গোটা মহাদেশ জুড়ে তৈরি হয়েছিল বাম ও নরমন্থী বাম রাজনৈতিক তরঙ্গ। এরই পোশাকি নাম ‘গোলাপী জোয়ার’।

ফের চিনের মসনদে জিনপিং 

তৃতীয়বারের জন্য চিনের মসনদে জিনপিং। ২৩ অক্টোবর চীনের প্রেসিডেন্ট হিসেবে পুনঃনির্বাচিত হয়েছেন শি জিনপিং। মাও জে দংয়ের পর দ্বিতীয় ব্যক্তি হিসেবে পরপর তিনবার চিনের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক হওয়ার পাশাপাশি চীনের মসনদে ৬৭ বছরের জিনপিং। আর জিংপিং ফের একবার ক্ষমতায় আসায় উদ্বেগ বেড়েছে ভারত – সহ প্রতিবেশী রাষ্ট্রগুলির। কারণ আন্তর্জাতিক সীমারেখা নিয়ে চিনের সঙ্গে প্রতিবেশী দেশগুলির দ্বন্দ্ব বহুদিনের। নতুন বছরে জিংপিংয়ের নেতৃত্বে চীনের বৈদেশিক নীতি কোন দিকে মোড় নেয়, সেদিকেই তাকিয়ে বিশ্ব।

ট্যুইটারের নতুন মালিক মাস্ক

মাইক্রো-ব্লগিংয়ের সাইট টুইটারের মালিকানা বদল। টুইটার কিনলেন আফ্রিকান বংশোদ্ভুত মার্কিন ধনকুবের ইলন মাস্ক। গত ২৮ অক্টোবর ৪৪ বিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে এই ব্লগিং সাইট কিনে নিয়েছেন টেসলা কর্ণধার। মালিক হওয়ার পর মাস্ক বার্তা দেন, ‘খাঁচার পাখিকে স্বাধীন করা হল’। মত প্রকাশের অবাধ অধিকারের অঙ্গীকারও করেন ট্যুইটারের নতুন মালিক। ইলন মাস্ক মালিক হওয়ার পরই টুইটারের সিইও পরাগ আগরওয়াল এবং সিএফও নেড সেগালকে কোম্পানি থেকে বরখাস্ত করা হয়। তারপর থেকে একের পর এক বিতর্কিত ও সাহসী সিদ্ধান্ত নিয়েছেন মাস্ক। সমালোচনার মুখে পরে টুইটারের মালিকানা স্বত্ব ছাড়ার ইচ্ছাও প্রকাশ করেন তিনি। নতুন বছরে ট্যুইটারে জারি থাকবে মাস্ক রাজ? নাকি ফের মালিকানা হস্তান্তর হবে? সেদিকেই তাকিয়ে ট্যুইটার ব্লগাররা।

জি-২০ সভাপতিত্বে ভারত

আগামী এক বছর জি-২০ সভাপতিত্বে ভারত। গত নভেম্বরে বালিতে দু’দিনের জি ২০ শীর্ষ বৈঠক শেষে ইন্দোনেশিয়া আনুষ্ঠানিক ভাবে ভারতের হাতে সভাপতির দায়িত্ব তুলে দেয়। নয়া দায়িত্ব  পেয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান, এই দায়িত্ব প্রতিটি ভারতীয় নাগরিকের কাছে গর্বের, সম্মানের। সবাইকে সঙ্গে নিয়ে একতা ও ঐক্যবদ্ধের ভাবনা প্রচারে ভারত নিরবচ্ছিন্নভাবে কাজ করে চলবে বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী। নভেম্বরে জি-২০-র লোগো ও থিমের উন্মোচন করেন প্রধানমন্ত্রী। এবারের জি-২০-র লোগো হল একটি পদ্ম ফুল ও পৃথিবী। পাশাপাশি প্রধানমন্ত্রী জানিয়েছেন, ভারতের মূল ভাবনা, ‘এক পৃথিবী, এক পরিবার, এক ভবিষ্যৎ’।

গুলিবিদ্ধ ইমরান খান 

গুলিবিদ্ধ প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। নভেম্বর মাসে ওয়াজিরাবাদে এক জনসভায় হাজির ছিলেন ইমরান। ‘রিয়েল ফ্রিডম’ নামের সেইব মিছিলে হামলা চালায় এক বন্দুকবাজ। গুলিবিদ্ধ হন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী। জখম হন তাঁর দলের অন্তত ১৫ জন। নভেদ বশির নামের হামলাকারীকে গ্রেফতার করে পুলিশ। হামলার নেপথ্যে পাক সেনার হাত রয়েছে বলে ইঙ্গিত করেন ইমরান খান।

সিওপি ২৭– এ যুগান্তকারী সিদ্ধান্ত

‘উষ্ণায়নের দায়িত্ব নিতে হবে প্রথম বিশ্বের দেশগুলিকে। এর জন্য ক্ষতিপূরণও দিতে হবে।’ নভেম্বর মাসে মিশরের উপকূলীয় শহর শর্ম-এল-শেখে রাষ্ট্রসঙ্ঘের জলবায়ু সম্মেলনে এই যুগান্তকারী সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত বছর সিওপি ২৭-এর প্রথম দিনেই ‘লস অ্যান্ড ড্যামেজ’-এর প্রসঙ্গটি মূল আলোচ্য সূচিতে রাখা হয়েছিল। এই বিষয়ে আলোচনায় সম্মতি দেয় ১৯০টিরও অধিক দেশ। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ভারতও। কিন্তু ক্ষতিপূরণের বিষয়ে প্রথম বিশ্বের অনেক দেশ রাজি হলেও, বিরোধিতা করে এসেছে আমেরিকা।  নতুন বছরে এই জল কোন পথে এগোয়, সেই দিকে নজর থাকবে গোটা বিশ্বের।

খতম ইসলামিক স্টেট জঙ্গিগোষ্ঠীর প্রধান 

যুদ্ধে নিহত আইএস প্রধান আবু হাসান আল-হাশিমি আল-কুরেশি। বিগত বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছিল। অবশেষে গত নভেম্বরে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী সংগঠনের তরফ থেকে খবরের সত্যতা স্বীকার করে নেওয়া হয়। আইসিসের মুখপত্র এবং আইসিসের সংবাদ মাধ্যম “আল ফুরকান”এর একটি অডিও বার্তায় জানানো হয়েছে”ঈশ্বরের শত্রুদের সঙ্গে লড়াই মৃত্যু হয়েছে আল হাসিমির”।  আবু ইব্রাহিমের মৃত্যুর পর আইসিসির দায়িত্ব হাতে চলে এসেছিল আবু আল হাসান আল হাশমি আল কুরেশির। আল কুরেশির মৃত্যুর পর এবার আইসিসের দায়িত্বভার নিতে চলেছেন আবু আল হুসেন আল হুসেইনি আল কুরেসি। আইসিস খোরশান গোষ্ঠী ইতিমধ্যেই আফগানিস্তানের অবৈধ আফিম চাষের উপর দখলদারি কায়েম করেছে এবং আফগানিস্তান সহ তার পরবর্তী টার্গেট রয়েছে ভারত। সেক্ষেত্রে আন্তর্জাতিক এই জঙ্গি সংগঠনের নতুন প্রধান হওয়ার পর আল হুসেইনি তার পরবর্তী লক্ষ্য কি রাখবে সেদিকেই নজর রাখছে আন্তর্জাতিক মহল।

প্রধানমন্ত্রী মোদিকে বেলাগাম আক্রমণ পাক বিদেশমন্ত্রীর

ভারতকে নিশানা করতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে  বেলাগাম ভাষায় ব্যক্তিগত আক্রমণ করেছিলেন পাক বিদেশমন্ত্রী বিলাবল জারদারি ভুট্টো। ওয়াশিংটনে সাংবাদিক বৈঠক করে বেনজির ভুট্টো ও আসিফ আলি জারদারির পুত্র বিলাবল বলেছিলেন, “ওসামা বিন লাদেন মারা গিয়েছে।  কিন্তু গুজরাটের কসাই বেঁচে আছে। তিনি হলেন, ভারতের প্রধানমন্ত্রী।” পাক প্রসঙ্গে ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্করের একটি মন্তব্যের জবাবে এ কথা বলেছিলেন বিলাবল। ভুট্টোর এহেন মন্তব্যের বিরুদ্ধে সুর চড়ায় দিল্লিও।

তালিবানি ফতোয়া, অন্ধকারে আফগান নারীদের ভবিষ্যৎ

আফগানিস্তানে করোনা-১৯ মহামারির ঠিক আগে কর্মজীবী নারীর সংখ্যা ছিল প্রায় ২২ শতাংশ। কিন্তু তালিবান ক্ষমতায় আসার পর হাজারো মানুষ চাকরি হারান, যার বেশির ভাগই ছিলেন নারী। আফগান উইমেনস চেম্বার অব কমার্সের মতে, সব শিল্প খাতেই প্রভাব পড়েছিল। মুখ না ঢাকার কারণে তাঁদের শাস্তি হতে পারে, এমন আশঙ্কায় সাড়ে তিন হাজারের বেশি ক্ষুদ্র ও মাঝারি নারী ব্যবসায়ীকে তাঁদের ব্যবসা বন্ধ করতে হয়েছে।  গত ডিসেম্বরে আফগান নারীদের বিশ্ববিদ্যালয় যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করে তালিবান। এর প্রতিবাদে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের পাশাপাশি ছাত্ররাও ক্লাস বর্জন করার সিদ্ধান্ত নেয়। এই ফতোয়ার বিরুদ্ধে মুখ খুলতে শুরু করে সে দেশের বুদ্ধিজীবীদের একাংশ। তালিবান সরকারের এহেন ফতোয়ায় উদ্বেগ প্রকাশ করেছে রাষ্ট্রপুঞ্জও। দেশের মেয়েদের নিয়ে তালিব শাসক যে সিদ্ধান্ত নিয়েছে, তা ফিরিয়ে নিতে বলল রাষ্ট্রপুঞ্জ। তাদের পরামর্শ, দেশের ভালর জন্যই এটা করা দরকার।

About Post Author