Home » প্ল্যাটিনাম ডিজিটাল পুরস্কারে সম্মানিত ‘দুয়ারে সরকার’ প্রকল্প

প্ল্যাটিনাম ডিজিটাল পুরস্কারে সম্মানিত ‘দুয়ারে সরকার’ প্রকল্প

সময় কলকাতা ডেস্ক,৭ জানুয়ারিঃ

দুয়ারে সরকার প্রকল্পের মুকুটে জুড়ল নয়া পালক। কেন্দ্রের দেওয়া প্ল্যাটিনাম ডিজিটাল পুরস্কারে সম্মানিত বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প ‘দুয়ারে সরকার’। দিল্লির বিজ্ঞান ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে প্ল্যাটিনাম পুরস্কার হিসাবে স্মারক ও শংসাপত্র গ্রহণ করলেন বাংলার অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এদিন পুরস্কার গ্রহণের পর চন্দ্রিমা ভট্টাচার্য জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে নজির গড়েছে দুয়ারে সরকার প্রকল্প। ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে রাজ্যবাসীকে পরিষেবা প্রদান করে দেশের মধ্যে দৃষ্টান্ত স্থাপন করেছে। আর তাই যোগ্য বলেই প্ল্যাটিনাম পুরস্কারে এই প্রকল্পকে সম্মানিত করেছে কেন্দ্র। এই সম্মান বিরোধীদের সমালোচনারও এক যোগ্য জবাব। মুখ্যমন্ত্রীর মস্কিষ্কপ্রসূত জনকল্যাণমূলক এই দুয়ারে সরকার প্রকল্পের সম্মানলাভে উচ্ছ্বসিত সকলেই।

 

দুয়ারে সরকারের আওতায় মোট ২৫টি প্রকল্প রয়েছে। লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী , কন্যাশ্রী, খাদ্যসাথী, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, জাতিগত শংসাপত্র, শিক্ষাশ্রী, ঐক্যশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, তফসিলি বন্ধু পেনশন প্রকল্প, জয় জোহার, কন্যাশ্র, রূপশ্রী, মানবিক, কৃষক বন্ধু, ব্যাঙ্কিং সংক্রান্ত তথ্য, আধার সংক্রান্ত তথ্য, জমির মিউটেশন সংক্রান্ত তথ্য, বিনামূল্য সামাজিক সুরক্ষা যোজনা, প্রতিবন্ধীদের শংসাপত্র সংক্রান্ত আবেদন, মৎস্যজীবী ক্রেডিট কার্ড, কৃষি ও প্রাণীসম্পদ দফতরের কিষাণ ক্রেডিট কার্ড, ওয়েবার ক্রেডিট কার্ড, স্বনির্ভর গোষ্ঠীরগুলির ক্রেডিট লিঙ্ক, কৃষির পরিকাঠামো সংক্রান্ত তথ্য, মৎস্যজীবীদের রেজিস্ট্রেশন-এর মতো পরিষেবাগুলি দুয়ারে সরকারের শিবির থেকে পাওয়া যায়।

উল্লেখ্য, ২০২০ সালে করোনার সময় ‘দুয়ারে সরকার’ কর্মসূচির কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের মানুষের দুয়ারে আরও সহজে সরকারি পরিষেবা পৌঁছে দেওয়াই এই প্রকল্পের মূল লক্ষ্য ছিল। জানা গিয়েছে,দুয়ারে সরকারের ক্যাম্পে প্রকল্পের নিরিখে এখনও পর্যন্ত এগিয়ে রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার। ২০২০ অতিমারির সময় যখন গোটা দেশের আর্থিক অবস্থা শোচনীয় হয়ে পড়েছিল, রোজগার বন্ধ হয়ে গেছিল, সেই পরিস্থিতিতেই লক্ষ্মীর ভাণ্ডারের মাধ্যমেই বাড়ির মহিলাদের জন্য মাসিক ভাতার ব্যবস্থা করেন মমতা।

About Post Author