সময় কলকাতা ডেস্ক,৭ জানুয়ারিঃ অনেকদিন ধরে চলছিল গুঞ্জন। এবার সেই গুঞ্জনেই পড়ল সিলমোহর। টেনিস কোর্টকে বিদায় জানানোর দিনক্ষণ ঘোষণা করে দিলেন সানিয়া মির্জা। ফেব্রুয়ারিতে দুবাইতে অনুষ্ঠিত হতে চলা WTA 1000 টুর্নামেন্টের পরই টেনিস কোর্টকে বিদায় জানাবেন ভারতীয় টেনিস সুন্দরী।

মহিলা টেনিস অ্যাসোসিয়েশনের সাম্প্রতিক সাক্ষাৎকারে,এই সিদ্ধান্তের পিছনে শারীরিক কারণকেই দায়ী করেছেন সানিয়া। বহুদিন ধরেই কাফ মাসেলের সমস্যায় ভুগছিলেন তিনি। গত বছর ইউএস ওপেনের পরই টেনিস কোর্টকে বিদায় জানাবেন বলে জানিয়েছিলেন সানিয়া। কিন্তু কনুইয়ে চোটের কারণে ইউএস ওপেন খেলতে পারেননি তিনি। তাই অবসরের সিদ্ধান্ত দীর্ঘায়িত হয়।

অবসরের সিদ্ধান্ত নিয়ে তিনি জানিয়েছেন, ‘‘ইউএস ওপেন খেলে অবসর নেওয়ার ইচ্ছা ছিল। কিন্তু ডান হাতের কনুইয়ে চোট পেয়ে টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারিনি। আমি সব সময় নিজের শর্তে কাজ করতে পছন্দ করি। চোটের কারণে জোর করে মাঠের বাইরে থাকতে চাইনা, এখনও অনুশীলন চালিয়ে যাচ্ছি। দুবাই টেনিস চ্যাম্পিয়নশিপের পর অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি’’।

চলতি মাসে অস্ট্রেলিয়া ওপেনে জীবনের শেষ গ্র্যান্ডস্লাম খেলবেন ছ’বারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী ভারতীয় টেনিস তারকা।কাজাখস্তানের আনা দানিলিনার সঙ্গে জুটি বেঁধে কোর্টে দেখা যাবে তাঁকে। জানা গিয়েছে অবসরের পরে ভারতীয় টেনিস সুন্দরী তাঁর বর্তমান বসবাসের শহর দুবাই ও হায়দ্রাবাদে অ্য়াকাডেমিগুলিতে মনোনিবেশ করবেন।


More Stories
হর্ষ – গুরনুরের দুরন্ত অভিষেক, জিতল ভারত
সুভদ্র কেন উইলিয়ামসনের আচমকা অবসর
FIFA Worldcup 2026 : কোরিয়ার চোরাগতিতে বিধ্বস্ত চেকিয়া