Home » মক্কায় ফিরছে ক্রিকেট, দর্শকদের জন্য থাকছে সুখবর

মক্কায় ফিরছে ক্রিকেট, দর্শকদের জন্য থাকছে সুখবর

সময় কলকাতা ডেস্ক,৮ জানুয়ারিঃ বছরের শুরুতেই ক্রিকেটের আসর বসতে চলেছে শহরে। বৃহস্পতিবার দ্বিতীয় একদিনের ম্যাচে কলকাতার ইডেন গার্ডেনে মুখোমুখি হবে ভারত শ্রীলঙ্কা। এই মাঠে শেষবার একদিনের আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল ২০২০ সালে। সেবার মুখোমুখি হয়েছিল ভারত ও দক্ষিণ আফ্রিকা। এরপর ক্রিকেটের মক্কা ইডেন গার্ডেনে টি-২০ আন্তর্জাতিক ম্যাচ হলেও, একদিনের ম্যাচ হয়নি।

এই ম্যাচকে কেন্দ্র করে যে শহরের ক্রিকেটপ্রেমীদের মধ্যে উত্তেজনা থাকবে তা বলার অপেক্ষা রাখেনা। এবার শহরের ক্রিকেট প্রেমীদের সুবিধার্থে সুখবর দিল কলকাতা মেট্রো। ১২ জানুয়ারি রাতে ইডেন গার্ডেন থেকে ফেরার জন্য জোড়া মেট্রোর ঘোষণা করা হল।

শনিবার কলকাতা মেট্রোর পক্ষ থেকে এক বিবৃতিতে জানান হয়েছে, বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টার সময় এসপ্ল্যানেড স্টেশন থেকে এই জোড়া ট্রেন ছাড়বে। একটি যাবে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন পর্যন্ত। অপরটি যাবে কবি সুভাষ মেট্রো স্টেশন পর্যন্ত।

যাত্রাপথে সব স্টেশনেই থামবে মেট্রো দুটি বলেও জানান হয়েছে। যাত্রীরা স্মার্ট কার্ডের পাশাপাশি মেট্রো স্টেশনের টিকিট কাউন্টার থেকে মেট্রোর জন্য টোকেন সংগ্রহ করতে পারবে। মেট্রো দুটি দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন এবং কবি সুভাষ মেট্রো স্টেশনে, একই সময়ে রাত সাড়ে ১১ টায় পৌঁছে যাবে। অর্থাৎ মেট্রো স্টেশনের পার্শ্ববর্তী এলাকায় যাদের বাস তাঁরা রাত ১২ টার মধ্যে নির্বিঘ্নে ঘরে পৌঁছে যাবেন।

ফলে ম্যাচ শেষে একদিকে যেমন যানবাহন নিয়ে দর্শকদের নাকাল হতে হবেনা। অপরদিকে পকেটের সাধ্যের মধ্যেই বাড়ি পৌঁছে যেতে পারবেন দর্শকরা। কলকাতা মেট্রোর এই জোড়া উপহার হার্দিক-সূর্যদের ম্যাচ দেখার জন্য আগ্রহ বাড়াবে বলেই মত দর্শকদের।

About Post Author