Home » সিবিআই তদন্তে গতি আনতে রিভিউ বৈঠক

সিবিআই তদন্তে গতি আনতে রিভিউ বৈঠক

সময় কলকাতা ডেস্ক, ৯ জানুয়ারিঃ রাজ্যে দুর্নীতি তদন্তের গতি আনতে সোমবার নিজাম প্যালেসে রিভিউ বৈঠকে বসেছে সিবিআই আধিকারিকেরা। বৈঠকে উপস্থিত আছেন দুর্নীতি দমন শাখার জয়েন্ট ডিরেক্টর। সূত্রের খবর, এছাড়াও বৈঠকে উপস্থিত রয়েছেন নিয়োগ দুর্নীতির ৫ মামলার তদন্তকারী অফিসার ও সহকারি অফিসাররা। থাকবেন ডিআইজি সিট অস্বীন সানভি, কয়লাপাচার, গরুপাচার মামলার তদন্তকারী অফিসার, সমবায় দুর্নীতির তদন্তকারী অফিসার-সহকারী তদন্তকারী অফিসার ও মনিটরিং অফিসাররা। বৈঠক শেষে আপডেট জানানো হবে দিল্লির সদর দফতকে।

প্রসঙ্গত, রাজ্যে একাধিক দুর্নীতি সংক্রান্ত মামলায় তদন্ত করছে সিবিআই। মূলত তদন্তের গতি বাড়ানোর জন্যই এই মিটিং ডাকা হয়েছে। এই বৈঠকে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত যে পাঁচটি মামলা রয়েছে, সেগুলির তদন্ত কতটা এগোল, তা নিয়ে আলোচনা হবে বলে জানা গিয়েছে। পাশাপাশি, আলোচনা হবে সমবায় দুর্নীতি, গরু ও কয়লা পাচারের তদন্তের অগ্রগতি নিয়ে। তদন্তপ্রক্রিয়া বর্তমানে কোন পর্যায়ে রয়েছে, কীভাবে তদন্তের গতি বাড়ানো যায়, কোনও আইনি জট রয়েছে কিনা, সে বিষয়ে জয়েন্ট ডিরেক্টর আলোচনা করবেন বলে সূত্রের খবর। প্রয়োজনে তদন্তকারী অফিসারদের কিছু নির্দেশও দেওয়া হতে পারে।

সম্প্রতি, হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় থেকে শুরু করে বিচারপতি জয়মাল্য বাগচী একাধিক ইস্যুতে সিবিআই-এর আইনজীবীকে তদন্তের বর্তমান স্ট্যাটাস সম্পর্কে জানতে চেয়েছেন, আর কতদিন তদন্ত চলবে বলেও জানতে চেয়েছেন। এবার সেই তদন্তের গতিপ্রকৃতি নিয়েই আলোচনায় বসলেন সিবিআই শীর্ষ কর্তারা।

About Post Author