সময় কলকাতা ডেস্ক,১০ জানুয়ারিঃ গুয়াহাটিতে বিরাট ঝড়। শ্রীলঙ্কাকে ৬৭ রানে হারিয়ে বছরের প্রথম একদিনের ম্যাচ পকেটে পুড়ল ভারত। এদিন ভারতের হয়ে শতরান করলেন বিরাট কোহলি। বিরাট ছাড়াও রান পেয়েছেন অধিনায়ক রোহিত শর্মা।
মঙ্গলবার গুয়াহাটির বর্সাপারা স্টেডিয়ামে প্রথম একদিনের ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হয় ভারত। ম্যাচের শুরুতে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শনাকা। প্রথমে বল করার সিদ্ধান্ত বুমেরাং হবে ভাবেননি শ্রীলঙ্কার অধিনায়ক। ভারতীয় টপ অর্ডার বহুদিন পর ভালো শুরু করল। এদিন অধিনায়ক রোহিতের সঙ্গে ওপেন করেন তরুণ ক্রিকেটার শুভমন গিল।

শ্রীলঙ্কার বোলারদের শুরু থেকেই চাপে রেখেছিলেন ভারতীয় ক্রিকেটের এই নতুন ওপেনিং জুটি। ওপেনিং জুটিতে ১৪৩ রান ওঠে।

৬০ বলে ৭০ রানের অনবদ্য ইনিংস খেলে প্যাভিলিয়নে ফেরেন শুভমন। ৬৭ বলে ৮৩ রানের ঝোড়ো ইনিংস খেলে মধুশঙ্কার বলে বোল্ড হন রোহিত শর্মা। অল্পের জন্য শতরান হাতছাড়া হয় ভারত অধিনায়কের।

এরপর শুরু হয় বিরাট ম্যাজিক। শুরু থেকেই ধীর গতিতে খেলছিলেন বিরাট। সময়ের সঙ্গে সঙ্গে শুরু হল বিরাট রাজত্ব। মাত্র ৮০ বলে এক দিনের ক্রিকেটে ৪৫তম শতরান করে ফেলেন।

ভারতের মিডল অর্ডারে ‘ কিং ‘ কোহলিকে যোগ্য সঙ্গত দেন শ্রেয়স আইয়ার, লোকেশ রাহুল। শ্রেয়স করেন ২৪ বলে ২৮ ও রাহুল করেন ২৯ বলে ৩৯ রান করলেন। এদিন রান পাননি হার্দিক। ১২ বলে ১৪ রান করে ফেরেন তিনি। রান পাননি টি-২০ তে দুরন্ত খেলা অক্ষর প্যাটেলও। ৯ বলে ৯ রান করেন তিনি। ৮৭ বলে ১১৩ রান করে রাজিথার বলে ফেরেন বিরাট। নির্ধারিত ৫০ ওভারে ভারতের ইনিংস শেষ হয় ৭ উইকেট হারিয়ে ৩৭৩।

বড় রান তাড়া করতে নেমে প্রথম থেকে চাপে পরে যায় শ্রীলঙ্কার টপ অর্ডার। সেই সুযোগটাকে কাজে লাগান ভারতীয় বোলাররা। প্রথম ১৩ ওভারে ৬৪ রানের বিনিময়ে শ্রীলঙ্কার তিনজন টপঅর্ডার ব্যাটারকে সাজঘরে পাঠান সিরাজ ও উমরান।

ওপেনার পথুম নিশঙ্ক ও মিডল অর্ডারে ধনঞ্জয় ডি সিলভা জুটিতে লড়াইয়ে ফেরানোর চেষ্টা করে শ্রীলঙ্কাকে। জুটিতে ৭২ রান তোলে নিশঙ্ক ও ধনঞ্জয়। তাদের এই জুটি ভাঙ্গেন মহাম্মদ শামি। ৪০ বলে ৪৭ রান করে ফেরেন ধনঞ্জয়। ৮০ বলে ৭০ রান করে আউট হন নিশঙ্ক। শ্রীলঙ্কার ব্যাটিংয়ের হাল ধরেন অধিনায়ক দাসুন শনাকা। কিন্তু মিডল অর্ডারে যোগ্য জুটির অভাবে লড়াই করেও শেষ রক্ষা হল না শনাকার। ৮৮ বলে ১০৮ রানের অপরাজিত ইনিংস খেলেন শনাকা।

নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩০৮ রানে শেষ হয় শ্রীলঙ্কার ইনিংস। শ্রীলঙ্কাকে ৬৭ রানে হারিয়ে সিরিজ শুরু করল টিম ইন্ডিয়া। সেঞ্চুরি করে এদিন ম্যাচের সেরা বিরাট কোহলি। বৃহস্পতিবার কলকাতার ইডেন গার্ডেন্সে সিরিজের দ্বিতীয় ম্যাচে নামার আগে, এই জয় ভারতীয় ক্রিকেটারদের মনোবল যে একগুনে অনেকটাই বাড়িয়ে দেবে, সেবিষয়ে কোনো সন্দেহ নেই।


More Stories
হর্ষ – গুরনুরের দুরন্ত অভিষেক, জিতল ভারত
সুভদ্র কেন উইলিয়ামসনের আচমকা অবসর
FIFA Worldcup 2026 : কোরিয়ার চোরাগতিতে বিধ্বস্ত চেকিয়া