সময় কলকাতা ডেস্ক,১০ জানুয়ারিঃ শীতের দুপুরে মশালের উষ্ণতার ছোঁয়া ময়দানে। এক ম্যাচে ৩৫ গোল করে নজির গড়ল ইমামি ইস্টবেঙ্গল। বেহালা ঐক্য সম্মিলনীকে ৩৫-০ গোলে হারাল লাল হলুদের মহিলা ব্রিগেড। এই ম্যাচে গোল করেছেন দলের দশজন ফুটবলার।

মঙ্গলবার ইস্টবেঙ্গল মাঠে কন্যাশ্রী কাপের চতুর্থ ম্যাচে বেহালা ঐক্য সম্মিলনীর মুখোমুখি হয় ইমামি ইস্ট বেঙ্গল। আর এই ম্যাচেই রেকর্ড গড়লেন লাল হলুদের মহিলা ব্রিগেড। এক দুই গোল না একদম ৩৫ গোল করে বিপক্ষকে নাস্তানাবুদ করল শতাব্দী প্রাচীন ক্লাবের মেয়েরা।

আইএফএর পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে তাদের আয়োজিত টুর্নামেন্টে এটিই সব থেকে বড় ব্যবধানে জয়। ম্যাচের প্রতি ২ মিনিট ৫৭ সেকেন্ডে গোল করেছেন লাল হলুদের মেয়েরা। ম্যাচের প্রথম গোলটি করেন গীতা দাস। মাত্র ৩ মিনিটে দলকে এগিয়ে দেন গীতা। এরপর থেকে একের পর এক বল জড়ায় বেহালা ঐক্য সম্মিলনীর জালে। প্রথমার্ধে ১৮ গোলে এগিয়ে যায় ইমামি ইস্টবেঙ্গল। দ্বিতীয়ার্ধে করে ১৭ টি গোল।

ইমামি ইস্টবেঙ্গলের হয়ে এদিন ৬ টি করে গোল করেন মৌসুমী মুর্মু ও কবিতা সোরেন। ৫ টি করে গোল করেন গীতা দাস ও দেবলীনা ভট্টাচার্য। ৪ টি গোল করেন সুস্মিতা বর্ধন। ৩ টি গোল করেন ঐশ্বর্য জগতপ।

২ টি করে গোল করেন তনুশ্রী ওরাও ও সুলঞ্জনা রাউল। আর ১ টি করে গোল করেন পিয়ালী কড়া ও বিরাশি ওরাও। এদিন লাল হলুদের হয়ে মোট ১০ জন ফুটবলার বেহালা ঐক্য সম্মিলনীর জালে বল জড়িয়েছেন। যাও একটি নজির।

অপরদিকে গোল করা তো দূরের কথা ইমামি ইস্টবেঙ্গলের গোল মুখে একটিও শট নিতে পারেনি বিপক্ষ।

আইএসএলে চেনা ছন্দে নেই ইমামি ইস্টবেঙ্গল। ১২ পয়েন্ট পেয়ে গ্রুপ তালিকায় নবম স্থানে রয়েছে স্টিফেন কনস্ট্যানটাইনের দল। এরই মধ্যে লাল হলুদ মেয়েদের এই কৃতিত্ব দর্শকদের কিছুটা অক্সিজেন জোগাবে।


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার