Home » বিরাট রেকর্ড! ঘরের মাটিতে শ্রীলঙ্কাকে চুনকাম ভারতের

বিরাট রেকর্ড! ঘরের মাটিতে শ্রীলঙ্কাকে চুনকাম ভারতের

সময় কলকাতা, স্পোর্টস ডেস্ক, ১৬ জানুয়ারি:  তিন ম্যাচের দ্বিপাক্ষিক সিরিজে দ্বীপরাষ্ট্রকে হোয়াইট ওয়াশ করল ভারত। নজির গড়ে শ্রীলঙ্কাকে হারাল ৩১৭ রানে। ভারতের হয়ে জোড়া শতরান করেলন শুভমন গিল ও বিরাট কোহলি। রবিবার তিরুঅনন্তপুরমের গ্রিনফিল্ড ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে তৃতীয় একদিনের ম্যাচে মুখোমুখি হয় ভারত শ্রীলঙ্কা।

টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। এদিন হার্দিক ও উমরানের বদলে প্রথম দলে সুযোগ পান সূর্যকুমার যাদব ও ওয়াশিংটন সুন্দর। শুরুটা দুরন্ত করেন ভারতের দুই ওপেনার রোহিত শর্মা ও শুভমন গিল। জুটিতে ৯৫ রান তোলেন। ৪৯ বলে ৪২ রান করে সাজঘরে ফেরেন ভারত অধিনায়ক রোহিত।এরপর শুভমনের সঙ্গে জুটি বাঁধেন বিরাট। শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং করেন ভারতের প্রাক্তন অধিনায়ক। দ্বিতীয় উইকেটে ১১০ বলে ১৩১ রান যোগ করেন শুভমন-বিরাট। ৮৯ বলে নিজের শতরান পূর্ণ করেন গিল। ৯৭ বলে ১১৬ রানে থামে গিলের ইনিংস।

এরপর শ্রেয়স আইয়ারকে সঙ্গে নিয়ে দলকে বড় রানের দিকে নিয়ে যান বিরাট। শ্রেয়সের সঙ্গে ৭১ বলে ১০৮ রান যোগ করেন বিরাট। এদিন ক্যারিয়ারের ৭৪ তম আন্তর্জাতিক শতরান পূর্ণ করেন বিরাট। ১১০ বলে ১৬৬ রানে থামে বিরাট ইনিংস। নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩৯০ রান করে ভারত। বড় রান তাড়া করতে নেমে শুরু থেকেই বিপর্যয়ে পরে শ্রীলঙ্কার টপ অর্ডার। মাত্র ২২ ওভারে মাত্র তিয়াত্তর রানে শেষ হয়ে যায় শ্রীলঙ্কার ইনিংস। ভারতের হয়ে ৪ টি উইকেট নেন মহম্মদ সিরাজ। দুটি করে উইকেট নেন শামি ও কুলদীপ।

শ্রীলঙ্কাকে ৩১৭ রানের ব্যবধানে হারাল ভারত। এই জয়ের ফলে ভারত ভেঙ্গে দিল নিউজিল্যান্ডের দীর্ঘদিনের রেকর্ডটি। ২০০৮ সালে আয়ারল্যান্ডকে ২৯০ রানে হারিয়ে নজির স্থাপন করেছিল নিউজিল্যান্ড। আর ভারতের একদিনের ম্যাচে সব থেকে বড় ব্যবধানের জয়টি ছিল বারমুডার বিরুদ্ধে। ২০০৭ বিশ্বকাপে ভারত বারমুডাকে হারিয়েছিল ২৫৭ রানে।

About Post Author