সময় কলকাতা, স্পোর্টস ডেস্ক, ১৮ জানুয়ারি: নবাবের শহরে রুদ্ধশ্বাস জয় ভারতের। দ্বিপাক্ষিক সিরিজের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডকে হারাল ভারত। এদিন ভারতের হয়ে দ্বিশত রান করে নায়ক শুভমন গিল। অপরদিকে ঝোড়ো ব্যাটিংয়ে মন জয় করলেন কিউই ক্রিকেটার মাইকেল ব্রেসওয়েল।

একদিনের সিরিজের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হয় ভারত। হায়দ্রাবাদের রাজীব গান্ধি স্টেডিয়ামে বুধবারের ম্যাচকে ঘিরে ভারতীয় ক্রিকেট প্রেমীদের মধ্যে উত্তেজনা ছিল তুঙ্গে। কারণ, আইসিসির একদিনের ম্যাচের ক্রমতালিকায় এক নম্বরে থাকা দলের মুখোমুখি হচ্ছে ভারত।

যদিও প্রথম দলের একাধিক গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে ছাড়াই ভারত সফরে এসেছে কিউই ব্রিগেড। কিন্তু, মাঠের মধ্যে পারফরম্যান্স দেখে তা বোঝা দায়।

ভারতীয় ধারাভাষ্যকার যথার্থই বলেছেন, “নিউজিল্যান্ড দল একটি পাহাড়ের মত। দূর থেকে দেখে মনে হয় আকারে ছোট। কিন্তু যত কাছে যাওয়া যায় তার প্রকাণ্ডতা টের পাওয়া যায়।” একটি একপেশে খেলাকে দলের মিডল অর্ডারের দুই ব্যাটার মাইকেল ব্রেসওয়েল ও মিচেল স্যান্টনার যেভাবে জমিয়ে দিলেন তাতে আরও একবার ধারাভাষ্যকারের বক্তব্য প্রমাণিত হল।

এদিন ম্যাচের শুরু থেকেই দাপট দেখিয়েছেন ভারতের তরুণ ওপেনার শুভমন গিল। গিলের রানের মধ্যে থাকা বিশ্বকাপের আগে ভারতীয় নির্বাচক ও সমর্থকদের কাছে স্বস্তির। এদিন শুভমনের ব্যাট থেকে এল ১৪৯ বলে ঝকঝকে ২০৮ রান। সচিন, সেহবাগ, রোহিত, ঈশানের পর পঞ্চম ভারতীয় হিসেবে একদিবসের ক্রিকেটে ২০০ রানের ক্লাবে শুভমন।

সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে এই নজির গড়লেন ভারতের ওপেনার। যদিও গিল ছাড়া আর কোনো ভারতীয় ব্যাটার এদিন রান পেলেন না। শুরুতে রোহিত শর্মা কিছুটা সঙ্গত দিয়েছিলেন গিলকে। রোহিত আউট হওয়ার পর রান পাননি বিরাট, ঈশান, সূর্য, হার্দিকরা। যদিও হার্দিক পান্ডিয়ার সাজঘরে ফেরার সিদ্ধান্ত নিয়ে শুরু হয়েছে বিতর্ক।

নির্দিষ্ট ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ভারতের ইনিংস শেষ হয় ৩৪৯ রানে। জবাবে ব্যাট করতে এসে বিপর্যয়ের মুখে পরে কিউই টপ অর্ডার। ২৮.৪ ওভারে মাত্র ১৩১ রানের বিনিময়ে ততক্ষনে সাজঘরে ফিরে গিয়েছেন ৬ জন কিউই ব্যাটার। তখন ভারতীয় ফিল্ডার ও বোলারদের শারীরিক ভাষা দেখে মনে হচ্ছিল জয় কিছু সময়ের অপেক্ষা। কিন্তু একেপেশে খেলে বিশ্বের সেরা একদিনের দলকে হারানো কি মুখের কথা?

এরপর দলের হাল ধরলেন মাইকেল ব্রেসওয়েল ও মিচেল স্যান্টনার। সপ্তম উইকেটের পার্টনারশিপে ১৬২ রান যোগ করেন এই জুটি। সিরাজ স্যান্টনারকে ৪৬ তম ওভারে না ফেরালে হায়দ্রাবাদের মাটিতে স্কোরবোর্ড অন্যরকম লেখা হতেই পারত। স্যান্টনার ঘরে ফিরলেও হাল ছাড়েননি ব্রেসওয়েল। নবাবের শহরে ব্যাট হাতে নবাবি করে গেলেন এই কিউই ব্যাটার। ভারতীয় বোলাররা অসহায় আত্মসমর্পণ করলেন ব্রেসওয়েলের ব্যাটের কাছে। যোগ্য সঙ্গীর অভাবে শেষ রক্ষা হলো না। ৫০ তম ওভারে ৭৮ বলে ১৪০ রানের নবাবি ইনিংস খেলে শার্দুল ঠাকুরের বলে আউট হলেন ব্রেসওয়েল। শেষ হল একটি ঐতিহাসিক ইনিংসের।

ভারত ম্যাচ জিতল ১২ রানে। ভারতের হয়ে এদিন চারটি উইকেট নেন মহম্মদ সিরাজ। নিজের ঘরের মাঠে ব্যাটিং সহায়ক পিচেও দুরন্ত বোলিং করলেন হায়দ্রাবাদের এই পেস বোলার। যদিও দ্বিশত রান করে ম্যাচের সেরা হলেন গিল।


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার