Home » এই দেশকে কোচিং করতে চান আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী কোচ

এই দেশকে কোচিং করতে চান আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী কোচ

সময় কলকাতা, স্পোর্টস ডেস্ক, ১৯ জানুয়ারি: ৩৬ বছরের দীর্ঘ খরা কাটিয়ে কাতার বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা। সেই জয়ের রেশ এখনও কাটেনি ফুটবলার থেকে সমর্থকদের। সেই জয়ের পিছনে যার মস্তিষ্ক কাজ করেছে তিনি লা আলবিসেলেস্তেদের কোচ লিওনেল স্কালনি।

বিশ্বকাপের প্রথম ম্যাচে অনামি সৌদি আরবের কাছে হারের পর প্রত্যাবর্তন করে নীল সাদা বাহিনী। আর পার্শ্বরেখার ধারে দাঁতে দাঁত চেপে ছেলেদের উৎসাহিত করার কাজটি করে গেছেন ৪৪ বছরের এই আর্জেন্টাইন ভদ্রলোক।

২০১৮ সালে আর্জেন্টিনার দায়িত্ব নেওয়ার পর থেকে যিনি দক্ষিণ লাতিন আমেরিকার এই দেশটির খেলার খোলনলচে বদলে দিয়েছেন। ফুটবলারদের মধ্যে জেতার জন্য আত্মবিশ্বাস ফিরিয়ে এনেছেন। অভিজ্ঞতা ও তারুণ্যের মেলবন্ধনে বানিয়েছেন একটি বিশ্বসেরা দল। ফুটবলের এহেন কোচকে নিয়ে যে আলোচনা হবে এটাই স্বাভাবিক।

সম্প্রতি একটি স্প্যানিশ মিডিয়ার পক্ষ থেকে আর্জেনটিনার বিশ্বকাপ জয়ী কোচ কে প্রশ্ন করা হয়, তিনি আর্জেন্টিনা বাদে আর কোন জাতীয় দলের হট সিটে বসতে চান? উত্তরে বিশ্বকাপজয়ী কোচ স্পষ্ট করে বলেন, “যদি সুযোগ পাই তাহলে আমি স্পেনের জাতীয় দলের কোচ হতে চাই। কারণ এটি আমার কাছে দ্বিতীয় ঘর।”

এই বাছাইয়ের কারণটি খুব স্পষ্ট। স্কালনি দেশের বাইরে প্রথম পেশাদার ফুটবলার ও কোচ হিসেবে কাজ শুরু করেন স্পেনে। মাত্র ১৮ বছর বয়সে স্পেনের ক্লাব এস্তুদিয়ান্তেসে যোগ দেন তিনি। ফুটবল কেরিয়ারের দীর্ঘ সময়ে কেটেছে স্পেনে। ৩৭ বছরে ফুটবল কেরিয়ার শেষ করে দায়িত্ব নেন স্পেনের ক্লাব সেভিয়ার সহকারি কোচের।

এর পাশাপশি আর আর্জেন্টিনার ফুটবলারদের সঙ্গে স্পেনের সু সম্পর্কের কথাও মনে করিয়ে দেন স্কালনি। মারাদোনা, রিকুয়েলমে, আইমার, স্যভিওলা, মেসি, আগুয়েরো, দি মারিয়া, দি পল-সহ একাধিক প্রাক্তন ও বর্তমান ফুটবলারকে প্রতিষ্ঠা দিয়েছে স্পেনের ক্লাবগুলি। সেই কথাকে মাথায় রেখে স্পেনের জাতীয় দলের কোচিং করানোর আগ্রহ দেখান স্কালনি।

২০১০ সালে স্পেন বিশ্বকাপ জিতলেও গত কয়েক বছর সেভাবে সাফল্য নেই। এর মধ্যে লুই এনরিকের বিকল্প হিসেবে বিশ্বকাপ জয়ী কোচকে গাবি, পেড্রিদের দায়িত্ব দেওয়া হবে কিনা, সেই উত্তর মিলবে আগামীদিনে।

About Post Author