অসামান্য শুভমান গিল ও মাইকেল ব্রেসওয়েল
পুরন্দর চক্রবর্তী, সময় কলকাতা,১৮ জানুয়ারি :
ভারতের মাটিতে ভারত নিউজিল্যান্ড ২০২৩ সালের এক দিবসীয় সিরিজের প্রথম ম্যাচে জিতে ১-০ ফলে সিরিজে এগিয়ে গেল ভারত। সারাদিনে ১০০ ওভারের মধ্যেই উঠল ৬৮৬ রান। তবে হায়দ্রাবাদে বুধবার ম্যাচ হেরেও নৈশালোকে সপ্তম পার্টনারশিপে ১৭ ওভার ১৬২ রান করে নিউজিল্যান্ড বুঝিয়ে গেল কেন তারা এক দিবসীয় ক্রিকেটে বিশ্বের শীর্ষস্থানীয় দল। কেন উইলিয়ামসন, সাউদি, ট্রেন্ট বোল্টের অভাব সত্ত্বেও ভারত নিউজিল্যান্ড একদিবসীয় ক্রিকেট সিরিজের প্রথম ম্যাচে ৩৫০ রানের বিরাট লক্ষ্যমাত্রা তাড়া করে শেষ পর্যন্ত লড়ল কিউয়িরা।

নিউজিল্যান্ড দলে তারকাদের অনুপস্থিতিতে যার উপরে সবচেয়ে বেশি ভরসা ছিল সেই কনওয়ে ব্যর্থ হলেন। সফল হন নি অধিনায়ক ল্যাথাম। অধিনায়কের উইকেট পড়তেই যখন মনে হচ্ছিল খেলা শেষ হওয়া সময়ের অপেক্ষা তখন মিচেল স্যান্টনারকে সঙ্গে নিয়ে অসম্ভবকে কার্যত প্রায় সম্ভব করে ফেলেছিলেন মাইকেল ব্রেসওয়েল। তাঁর আন্তর্জাতিক একদিনের ক্রিকেটের দ্বিতীয় শতরানটি ছিল এককথায় অবিশ্বাস্য। সিরাজ, কুলদীপ ছাড়া বাকি ভারতীয় বোলারদের উপর নির্দয় হয়ে ১২ টি বাউন্ডারি ও ১০ টি ওভার বাউন্ডারি মেরে ৭৮ বলে ১৪০ রান করেন তিনি। স্যান্টনার করেন ৫৭ রান। মোক্ষম সময়ে স্যান্টনার কে ফেরান সিরাজ। সিরাজই একমাত্র ভারতীয় বোলার যাকে দেখে মনে হয়েছে যেকোনো সময় আঘাত হানতে পারেন। শেষেদিকে পান্ডিয়া আবার কিউই শিবিরে ধাক্কা দেন। শেষ ৫ বলে যখন ১৩ রান দরকার তখন রেসওয়েলের পা কে উইকেটের সামনে খুঁজে নেয় শার্দুল ঠাকুরের ডেলিভারি যা খেলার যবনিকা পাত ঘটায়।১২ রানে ম্যাচ জিতে নেয় ভারত।

ব্রেসওয়েল – স্যান্টনার পর্ব বাদ দিলে প্রথম ম্যাচ ছিল শুভমান গিল। কেতাবী ঢঙে কিকরে বিপক্ষের বোলিং কে খুন করা যায় তার উদাহরণ শুভমানের ১৪৯ রানে ২০৮ রান। সর্বকনিষ্ঠ ভারতীয় প্লেয়ার হিসেবে দ্বিশত রান করার রেকর্ড ও দ্ৰুত হাজার রানের রেকর্ড গড়া শুভমান টানা তিনটি ছয় মেরে দ্বিশতরান পূর্ণ করেন। ২৩ বছর ১৩২ দিনের শুভমান গিল আগামী দিনের বিশ্ব ক্রিকেটকে শাসন করার যে ক্ষমতা রাখেন তার প্রমাণ তাঁর বুধবারের ইনিংস।।


More Stories
শেফালী -রাধায় বাংলাদেশ চূর্ণ
পাকিস্তানকে ধ্বংস করল ভারতের মেয়েরা
হর্ষ – গুরনুরের দুরন্ত অভিষেক, জিতল ভারত