সময় কলকাতা ডেস্ক,১৯ জানুয়ারিঃ সরকারি পরিষেবা প্রদানের মঞ্চ। উপস্থিত প্রশাসনিক আধিকারিক, বিধায়ক এবং মন্ত্রীরা। তবুও যেন ফের একবার সেই বাংলার মানুষকে তাঁদের প্রাপ্য পাইয়ে দিতে, ফের একবার রণংদেহি মেজাজে দেখা গেল বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। বহুদিন ধরেই কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে বিভিন্ন সভা থেকে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বারবার মনে করিয়ে দিয়েছেন, এভাবে বাংলাকে শায়েস্তা করা যাবে না। বিরোধীদের এই মনোভাবের কারণে আসলে বাংলার মানুষকেই সমস্যায় ফেলা হচ্ছে। বৃহস্পতিবার আলিপুরদুয়ারের প্রশাসনিক সভায়ও তার অন্যথা হল না। আগে কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে, প্রাপ্য আদায় করতে দিল্লিতে ধরনায় বসার হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এবার আর হুমকি নয়। কেন্দ্র টাকা না দিলে নিজের মতো করে বুঝে নেওয়ার কথা বললেন মমতা। কেন্দ্রের কাছে বকেয়া ভিক্ষা চাইবেন না বলেই আলিপুরদুয়ারের সুভাষিণী চা বাগানের মাঠের সভা থেকে সাফ জানালেন মুখ্যমন্ত্রী।

এ যেন মাছের তেলে তেল ভাজা! বকেয়া আটকে রাখা নিয়ে কেন্দ্রকে ফের নিশানা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। মমতার আক্রমণ, বাংলা থেকে কর তুলে নিয়ে গিয়ে, এখানেই ফের তল্লাশি চালানো। তিনি বলেন, এখান থেকে আয়কর তুলে নিয়ে যাচ্ছো, শুল্ক তুলছো, জিএসটি তুলছো, দু’দিন পর নকুলদানার কিনতেও কর লাগবে। আমি দেখতে চাই এটা কতদিন চলে।
আলিপুরদুয়ারের মঞ্চ থেকেই এবার নাম না করে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিশানা করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, সব জায়গায় ছবি ঝুলছে একজনের। কিন্তু ছবি তাঁদেরই টাঙানো যায়, যাঁরা মানুষের মনের কথা বোঝেন, যাঁদের শ্রদ্ধা করেন মানুষ। উত্তরবঙ্গের মাটিতে দাঁড়িয়ে ফের একবার বাংলা ভাগের ইস্যুতে বিরোধীদের চোখা ভাষায় আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, ‘অনেকে বলেন উত্তরবঙ্গ কিছু পায় না। এগুলো শুধুই কুৎসা আর অপপ্রচার’, আলিপুরদুয়ারের সভামঞ্চ থেকে চাঁচাছোলা দাবি মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। পাশাপাশি বাংলার মুখ্যমন্ত্রী তুলে ধরলেন সরকারের উন্নয়নের খতিয়ান।

চলতি সপ্তাহেই মুর্শিদাবাদের প্রশাসনিক সভামঞ্চ থেকেও কেন্দ্রকে তোপ দেগেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনও বঞ্চনার অভিযোগে সরব হলেন তিনি। তবে, এভাবে যে বাংলাকে আটকানো যাবে না, তা ঠারেঠোরে বুঝিয়ে দিয়ে গেলেন বাংলার মুখ্যমন্ত্রী। পঞ্চায়েত নির্বাচন যত এগিয়ে আসছে, আক্রমণের ঝাঁজ ততই বাড়ছে।


More Stories
মাটির বুকে স্বর্গ, সাজুর ‘হেভেন’ বাঁচিয়ে রাখার প্রতিশ্রুতি পুলিশ প্রশাসনের
বিচ্যুতি থাকবেই, ফুলপ্রুফ সিস্টেম বলে কিছু হয়না : শমীক ভট্টাচার্য
মহেশতলায় বয়লার বিস্ফোরণে শ্রমিকের মৃত্যু