সময় কলকাতা ডেস্ক, ২৬ জানুয়ারি: ভারত একটি ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, সাধারণতন্ত্র ও সমাজবাদী রাষ্ট্র। বিশ্বের সর্ববৃহৎ লিখিত সংবিধানে এই শব্দ স্বর্ণাক্ষরে করে লেখা রয়েছে। কিন্তু সত্যিই কি স্বাধীনতার পর দেশের ৭৪ তম সাধারণতন্ত্র দিবসে এ কথা বলা যায় যে, দেশ এই পথেই এগিয়ে চলেছে দীর্ঘ ৭৬ বছর ধরে? জাতের নামে বজ্জাতি আর ধর্মীয় মেরুকরণ আজ হট কেক ভারতীয় সমাজ ব্যবস্থায়। রাজনৈতিক শাসক দল পাল্টায়, কিন্তু ব্যবস্থা পাল্টায় না। আর তাইতো বানতলা, হাতরাশ, কামদুনি, শ্যামপুরের মত ঘটনা যুগের পর যুগ উঠে আসতেই থাকে খবরের শিরোনামে। আজও দেশের বিভিন্ন প্রান্তে প্রান্তিক শ্রেণীর দলিত ও আদিবাসী রমণীকে জীবন্ত পুড়ে মরতে হয়। আজও রাতের গভীর অন্ধকারে কোন দলিত ঘরের নাবালিকা কে তুলে নিয়ে যায় বর্ণহিন্দুরা, শারীরিক নির্যাতনের জন্য। যারা কিনা সূর্যালোকে দলিতের ছায়া মাড়ায় না রাতের অন্ধকারে তারাই হিংস্র পশুর মত ছিঁড়ে দেয় যোনিপথ। এই কি গণতান্ত্রিক সমাজবাদী সাধারণতন্ত্র ভারত রাষ্ট্রর কাঙ্খিত রূপ ? নেতাজি জন্মজয়ন্তীর পরপরই ক্যালেন্ডারে যে দিনে ঘরে ঘরে দেশাত্মবোধক আবেগ জাগ্রত হয়ে ওঠে প্রত্যেক ভারতীয়র মনে, সেটি হল ২৬ জানুয়ারি।

১৯৪৭ সালের ১৫ আগস্ট এসেছিল দীর্ঘ রক্তক্ষয়ী সশস্ত্র সংগ্রাম, অসহযোগ আন্দোলন, গান্ধীবাদী আন্দোলনের পর আকাঙ্ক্ষিত স্বাধীনতা। ভারতের সংবিধান রচনার জন্য ১৯৪৬ সালের ৯ ডিসেম্বর তারিখে তৈরি হয়েছিল গণপরিষদ। তারপরে নানা আলাপ-আলোচনার পথ ধরে ১৯৪৯ সালের ২৬ নভেম্বর গণপরিষদ কর্তৃক রচিত হয় পৃথিবীর সর্ববৃহৎ লিখিত সংবিধান। অন্যায় অত্যাচার, সহস্র প্রাণের বলিদানের ফল ১৯৪৭ সালের ১৫ আগস্ট। কিন্তু সে সময় ভারতের নিজস্ব কোনও স্থায়ী সংবিধান না থাকায় ব্রিটিশ সরকারের ১৯৩৫ সালের ‘গভর্নমেন্ট অব ইন্ডিয়া অ্যাক্ট’-এর সংশোধিত সংস্করণ অনুযায়ী স্বাধীন ভারত শাসিত হতে থাকে।

১৯৪৭ সালের ২৯ আগস্ট আম্বেদকরের নেতৃত্বে ভারতে স্থায়ী সংবিধান প্রণয়নের উদ্দেশ্যে একটি খসড়া কমিটি গড়ে তোলা হয়। এই বছরের ৪ নভেম্বর খসড়া কমিটি সংবিধান সভায় ভারতীয় সংবিধানের খসড়া জমা দেয়। ১৯৪৯ সালের ২৬ নভেম্বর সংবিধান সভায় শেষ পর্যন্ত ভারতীয় সংবিধানের খসড়া গৃহীত হয়। সংবিধান সভার ৩০৮ জন সদস্য ১৯৫০ সালের ২৪ জানুয়ারি সংবিধানের দু’টি হস্তলিখিত কপিতে সই করেন। এর দু’দিন পর ২৬ জানুয়ারি ভারতীয় সংবিধান কার্যকর হয়। আনুষ্ঠানিকভাবে সার্বভৌম গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে ভারত।

শহিদের রক্ত বিফলে না যাওয়ার ও স্বাধীনতা সংগ্রামীদের স্পর্ধায় হাজার অপমানের পর নিজের মর্যাদা ফিরিয়ে আনার সেই ভারত রাষ্ট্র গণতন্ত্রের, সাধারণতন্ত্রের, সমাজবাদের এবং অবশ্যই ধর্মনিরপেক্ষতায় এক এবং অনন্য রূপে বাস্তবিকতায় পরিণত হতে পেরেছে কি ? স্বাভাবিকভাবেই সেই প্রশ্ন আজও উঠতে শুরু করেছে। প্রতিবছর নিয়ম করে লালকেল্লায় লাহোরি গেটের উপর উত্তোলিত হয় তেরঙ্গা জাতীয় পতাকা। তারপর কুচকাওয়াজ, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ভারতীয় জাতীয় সঙ্গীত গাওয়ার মাধ্যমে সারা দেশে ব্যাপক উৎসাহের সঙ্গে দিনটি পালিত হয়। কিন্তু প্রশ্ন ওঠে স্বাধীনতার ৭৬ বছর পরেও কি এদেশের প্রান্তিক মানুষ, নারী সমাজ পূর্ণ স্বরাজ পেয়েছে? ব্রিটিশ রাজের ২০০ বছরের নিপীড়ন অত্যাচার সহ্য করেছিল দেশবাসী। ১৭৫৭ সালের পলাশীর যুদ্ধের পর বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজদ্দৌলার পতনের পর থেকেই দেশে ইস্ট ইন্ডিয়া কোম্পানির রাজত্ব সেই অর্থে কায়েম হয়। ১৮৫৭ সালে সিপাহী বিদ্রোহের পর ইস্ট ইন্ডিয়া কোম্পানির থেকে ক্ষমতা হস্তান্তরিত হয় ব্রিটিশ রাজের হাতে। ব্রিটিশ শাসনে দেশে শুরু হয় বিদ্রোহ। ভিন্ন ভিন্ন পথে ও ভিন্ন ভিন্ন মতে শুরু হয় রক্তক্ষয়ী আন্দোলন। গান্ধীবাদী আন্দোলন সশস্ত্র আন্দোলনের পাশাপাশি ভিত নড়িয়ে দেয় ব্রিটিশ সাম্রাজ্যের। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইংরেজরাও বুঝতে শুরু করে ভারতবর্ষে আর বেশিদিন নয়। দ্বিজাতি তথ্যের চালাকিতে ভারতকে দ্বিখণ্ডিত করে ক্ষমতা হস্তান্তর করে ব্রিটিশ রাজতন্ত্র।

লর্ড মাউনটব্যাটেনকে ব্রিটিশ পার্লামেন্ট কর্তৃক, ১৯৪৮ সালের ৩০ জুনের মধ্যে ভারতের স্বাধীনতার আদেশ দেওয়া হলেও কাজটি ১৯৪৭ এর ১৫ আগস্ট সম্পন্ন করেন তিনি। পাঞ্জাব ও বাংলায় বুকে হিন্দু-মুসলিম তত্ত্বের ভিত্তিতে ছুরি চালায় ব্রিটিশ সাম্রাজ্য। প্রকৃতপক্ষে, ১৯৪৭ সালের জুন মাসে পণ্ডিত জহর লাল নেহেরু, মোহাম্মদ আলী জিন্নাহ, আবুল কালাম আজাদ, বিআর আম্বেদকর প্রমুখের মতো বেশ কয়েকজন নেতা ভারত ভাগে সম্মত হন। বিভিন্ন ধর্মীয় গোষ্ঠীর লক্ষ লক্ষ মানুষের চিন্তায় নেমে আসে বসবাসের অন্ধকার যা হয়ে ওঠে এক বাস্তব। প্রতিবছর সাধারণতন্ত্র দিবসে দেশের সাংবিধানিক প্রধান মহামহীন রাষ্ট্রপতি ‘জাতির উদ্দেশ্যে ভাষণ’ প্রদান করেন। স্বাধীনতার ৭৫ বছর পূর্তিতে ‘হর ঘর তেরঙ্গা’ কর্মসূচির ঘোষণা করেছে বর্তমান কেন্দ্রীয় সরকার।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষিত ‘অমৃত মহোৎসব’-এ অন্তর্ভুক্ত হয়েছে এই কর্মসূচি। এরপর শুধু বাড়ির ছাদে পতাকা তোলাই নয়, ফেসবুক, হোয়াটস্যাপ, ট্যুইটার-সহ সোশ্যাল মিডিয়ার প্রোফাইল আমরা সাজিয়ে তুলেছি জাতীয় পতাকায়। অথচ দেশের বেশিরভাগ মানুষের দুবেলা অন্ন জোগাড় করতে এই দ্রব্যমূল্যের বাজারে নাভিশ্বাস ওঠার জোগাড়। ১৯২৯ সালের ২৬শে জানুয়ারি জাতীয় কংগ্রেস লাহোর অধিবেশনে নেতাজি সুভাষচন্দ্র বসু যখন পূর্ণ স্বরাজের দাবি উত্থাপন করেন তখন কংগ্রেসের সভাপতি জহরলাল নেহরু, সেই দাবির প্রতি পূর্ণ সমর্থন জানান। এতে উৎসাহিত কর্মীরা রাভি নদীর তীরে পতাকা উত্তোলন করে। স্বাধীনতার পতাকা। আর ১৯৫০ সালের এই দিনেই গৃহীত হয় ভারতীয় সংবিধান। বিশ্বের বৃহত্তম লিখিত সংবিধানের কয়েকটি উল্লেখযোগ্য দিক—
১। ভারতের সংবিধান পৃথিবীর দীর্ঘতম হাতে লেখা সংবিধান
২। প্রখ্যাত ক্যালিগ্রাফিস্ট প্রেম বিহারী নারায়ণ রায়জাদা, পন্ডিত নেহরুর অনুরোধে দীর্ঘ ছয় মাসের প্রচেষ্টায় এই বিপুল কাজটি একা হাতে সম্পন্ন করেন। গোটা কাজের জন্য এক টাকাও পারিশ্রমিক নেননি তিনি
৩। শুধু লেখা নয়, সংবিধানের পরতে পরতে রয়েছে বিপুল নকশা। সেই নকশা করেছেন নন্দলাল বসু ও শান্তিনিকেতনের ছাত্রছাত্রীরা। এই নকশায় যেমন রয়েছে বেদ, মহাভারত ও রামায়ণের ছবি, তেমনই রয়েছে মহাত্মা গাঁধীর ডান্ডি অভিযান ও সুভাষ চন্দ্র বসুর ছবি। সর্বধর্ম সমন্বয়ের বার্তা দিতে টিপু সুলতান ও অশোকের ছবি ব্যবহার করা হয়েছে
৪। ২৫১ পৃষ্ঠার আকর গ্রন্থটির ওজন তিন কিলো ৭৫০ গ্রাম
৫। সংবিধানের প্রথম প্রতিলিপি ছিল দুটি, একটি হিন্দি ও অপরটি ইংরেজিতে লেখা
৬। হাতে লেখা সংবিধানের প্রথম প্রতিলিপি দুটি হিলিয়াম পূর্ণ বদ্ধ পাত্রে সংরক্ষিত রয়েছে সংসদ ভবনে
৭। ৩০৮ জন সদস্য ২৪শে জানুয়ারি সংবিধানে সই করেন
৮। প্রতি বছর কোনও একজন রাষ্ট্র নায়ক, সাধারণতন্ত্র দিবসে প্রধান অতিথি হয়ে আসেন। ১৯৫০ সালে প্রথমবার এসেছিলেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট সুকর্ণ
৯। সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজের ট্যাবলোগুলির গতিবেগ থাকবে ঘণ্টায় প্রায় পাঁচ কিলোমিটার
১০। রাজপথে সাধারণতন্ত্র দিবসের উদযাপন শুরু হয় ১৯৫৫ সালে। এর আগে এই রাস্তার নাম ছিল কিংসওয়ে। যার নাম পরিবর্তন করে করা হয় রাজপথ।

আজও রাজপথেই আটকে রয়েছে দেশের প্রান্তিক শ্রেণীর মানুষের আশা-আকাঙ্ক্ষা। নেতাজি সুভাষচন্দ্র বসু বুঝেছিলেন স্বাধীনতা মানে, ধর্মীয় সংকীর্ণতা থেকে মুক্তি, অশিক্ষা কুসংস্কার থেকে মুক্তি, রাজনৈতিক পরাধীনতা থেকে মুক্তি। কবিগুরু রবীন্দ্রনাথের ভাষায় “চিত্ত যেথা ভয় শূণ্য উচ্চ যেথা শির/জ্ঞান যেথা মুক্ত যেথা গৃহের প্রাচীর/আপন প্রাঙ্গণতলে দিবস শর্বরী/বসুধারে রাখে নাই খন্ড ক্ষুদ্র করি। ৭৪তম সাধারণতন্ত্র দিবসের প্রাক্কালে আমাদের অবলোকন করতে হচ্ছে এক ভয়ংকর বর্বরতার চিত্র। গোটা দেশকে ধীরে ধীরে ধর্মীয় সংকীর্ণতা, কুসংস্কার এবং অজ্ঞতার অতল তলে তলিয়ে যেতে আমরা দেখছি। আমরা দেখছি বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যায় উন্নত হওয়া সত্বেও ভারতের সাধারণ মানুষ আজও অজ্ঞতা ও কুসংস্কার থেকে মুক্ত হতে পারেনি। আর তাইতো কেমিস্ট্রি বিদ্যায় ডক্টরের ডিগ্রিধারী অধ্যাপক এবং গণিত শাস্ত্রে মাস্টার ডিগ্রী করা স্ত্রী তাদের দুই উচ্চ শিক্ষিত কন্যাকে তান্ত্রিক বিশ্বাসে হত্যা করেন তখন চমকে উঠতে হয়। অন্ধ্রপ্রদেশের চিত্তুর জেলার শিবনগর গ্রামের ভয়ংকর ঘটনা আমাদেরকে অবলোকন করতে হয়।

বেসরকারি সংবাদমাধ্যমের ডিবেট অনুষ্ঠানে বাংলার অভিনেত্রী দেবলীনা দত্ত যখন বলেন খাবারের কোন ধর্ম হয় না তখন তাকে কটু কথা শুনতে হয়। এমনকী, দেবলীনা কে প্রাণে মারার হুমকি পর্যন্ত শুনতে হয়েছিল। হুমকি শুনতে হয়েছিল গণধর্ষণের। ধর্মীয় উন্মাদনা সংকীর্ণতা ও বর্বরতা কোন পর্যায়ে পৌঁছলে মানুষের রুচি এত নিচে নামতে পারে তা বিস্ময়কর। বন্দে ভারত রেল প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠান সরকারি অনুষ্ঠান। অথচ সেই অনুষ্ঠানে ধর্মীয় স্লোগান আজ যেন স্বাভাবিকতায় পরিণত হয়েছে। যে সুস্থ সংস্কৃতি সৌজন্যবোধের পরিবেশ একটা সমাজকে উন্নত সভ্যতার দিকে নিয়ে যেতে পারে তার থেকে ক্রমশ দূরে সরে যাচ্ছে ভারতের সমাজ ব্যবস্থা। নেতাজি রবীন্দ্রনাথ যে স্বাধীনতার স্বপ্ন দেখেছিলেন তা সেই স্বপ্নপূরণ করতে আরো অনেক পথ চলা বাকি। আর সে কারণেই রাতের পর রাত শীতল পরিবেশে খোলা আকাশের নিচে আজও ভারতের কৃষকদের নিজেদের দাবির সমর্থনে বসে থাকতে হয় রাজপথে। আজও দিন-দরিদ্র মানুষের পাশাপাশি একশ্রেণীর মানুষ আর্থ সামাজিক ভাবে দুর্বল মানুষদের বঞ্চিত করে দুর্নীতির অন্ধকারে ডোবে। সাধারণ মানুষের দুর্দশা ও বঞ্চনা ইতিহাস প্রলম্বিত হতে থাকে। সাধারণতন্ত্র দিবসের প্রেক্ষাপটে বহু প্রশ্ন তাই আজ দগদগে ঘা হয়ে ফুটে উঠেছে।


More Stories
ভয়াবহ ভূমিধসে বিপর্যস্ত সিকিমের রিম্বি
ইউসিসি বা অভিন্ন দেওয়ানি বিধির প্রভাব কোথায়? বিরোধিতা কেন?
স্বাধীনতার রক্তঝরা দিন ও বারাসাতের সুবর্ণপত্তনের সংগ্রামী ইতিহাস