সময় কলকাতা ডেস্ক, ৫ ফেব্রুয়ারি: এর আগেও কয়েক ধাপে চিনা মোবাইল অ্যাপ নিষিদ্ধ করেছিল ভারত সরকার। যাতে বিশেষজ্ঞরা ডিজিটাল স্ট্রাইক বলে আখ্যা দিয়েছিলেন। এবার ফের চিনের বিরুদ্ধে বড়সড় ডিজিটাল স্ট্রাইক করল কেন্দ্রীয় সরকার। নিষিদ্ধ করা হল ২৮৮টি চিনা মোবাইল অ্যাপ। যদিও কেন্দ্রের ব্যাখ্যা, দেশ জুড়ে ঋণ প্রদানকারী একাধিক অবৈধ অ্যাপের কার্যকলাপ রুখতেই এই পদক্ষেপ। এই অ্যাপগুলির বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৬৯ আইটি অ্যাক্টের ধারায় অভিযোগ ছিল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফ থেকে তথ্য পাওয়ার পরই কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক এই পদক্ষেপ নিল।

বিগত ছয়মাস ধরে এই ২৮৮টি চিনা অ্যাপের ওপর কড়া নজর রাখছিল কেন্দ্রীয় সরকার। এরমধ্যে বেশিরভাগই ঋণ প্রদানকারী অ্যাপ আর কিছু অনলাইন বেটিং অ্যাপ রয়েছে। অভিযোগ ছিল, এই অ্যাপগুলির মাধ্যমে ভারতীয় নাগরিকদের ব্যক্তিগত তথ্য হাতানো হচ্ছিল। নিষিদ্ধ হওয়া ২৮৮টি অ্যাপের মধ্যে ৯৪টি বেআইনি ঋণ প্রদানকারী অ্যাপ এবং ১৩৮টি অনলাইন বেটিং অ্যাপ। কেন্দ্রের তরফ থেকে জানানো হয়েছে, জরুরিকালীন ভিত্তিতে অবিলম্বে এই অ্যাপগুলি নিষিদ্ধ ঘোষণা করা হল। আরও জানা য়াচ্ছে, এই অ্যাপগুলির মাধ্যমে ঋণ নিয়ে যারা হয়রানির শিকার হয়েছেন, তাঁদের অভিযোগের ভিত্তিতেই এই পদক্ষেপ নেওয়া হল। অনেক ক্ষেত্রেই অভিযোগ উঠেছে, এই সমস্ত চিনা অ্যাপের মাধ্যমে গ্রাহকদের নেওয়া ছবি ও ভিডিও অশ্লীলভাবে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে বা ব্ল্যাকমেল করা হচ্ছে। যার তদন্ত ছয়মাস আগেই শুরু হয়। এবার কড়া পদক্ষেপ নিল কেন্দ্রীয় সরকার।


More Stories
যুদ্ধের জাঁতাকলে ভারত
আবার বিজয়ী, ইতিহাস গড়ল ভারত
নাশকতার ছক : রাজধানীতে বিস্ফোরণের আশঙ্কা , জারি হাই অ্যালার্ট