সময় কলকাতা ডেস্ক, ৫ ফেব্রুয়ারি: দ্বিতীয় মোদি সরকারের মাস্টারস্ট্রোক ছিল দেশীয় প্রযুক্তিতে তৈরি ইঞ্জিনবিহীন বন্দে ভারত ট্রেন চালু করা। আত্মনির্ভর ভারত গড়ে তোলার লক্ষ্যে চেন্নাইয়ের ইন্ট্রিগাল কোচ ফ্যাক্টরি বা আইসিএফ অত্যাধুনিক এই ট্রেন তৈরি করেছিল কোনওরকম বিদেশী প্রযুক্তি ছাড়াই। বর্তমানে দেশে আটটি রুটে বন্দে ভারত সেমি হাইস্পিড ট্রেন চলছে, শীঘ্রই আরও কয়েকটি রুটে চালু হবে। বন্দে ভারত ট্রেন নিয়ে কম প্রচার করেনি কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার। যার লাভও তুলেছে ভোটবাক্সে। আগামী বছর লোকসভা ভোট। এবার নরেন্দ্র মোদি তাঁর আস্তিন থেকে বের করলেন আরেকটি নতুন চমক। বন্দে ভারত ট্রেনের পর ‘বন্দে মেট্রো’ ট্রেন।

সদ্য পেশ করা বাজেটে এই নতুন ট্রেনের উল্লেখ ছিল। শনিবার কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিণী বৈষ্ণব নতুন ধরণের এই ট্রেন সম্পর্কে জানালেন। তিনি বলেন, বন্দে ভারত ট্রেনের সাফল্যের পরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বন্দে মেট্রো ট্রেন চালু করার চিন্তাভাবনা করেছিলেন। তিনিই রেল মন্ত্রককে এই পরিকল্পনা জানিয়ে এক বছরের টার্গেট দিয়েছিলেন। দূরপাল্লায় যেমন দেশীয় প্রযুক্তিতে তৈরি বিশ্বমানের ট্রেন চালানো হচ্ছে, তেমনই এবার স্বল্প দুরত্বে চলবে সেমি হাইস্পিড ট্রেন। কেন্দ্রীয় রেলমন্ত্রী আরও জানান, এই হাই ফ্রিকোয়েন্সি ট্রেনগুলি মূলত ১০০ কিলোমিটারের মধ্যে থাকা দুটি বড় শহরের মধ্যে চলাচল করবে। ইউরোপের রিজিওনাল ট্রান্সপোর্ট সিস্টেমের মতোই চলবে বন্দে মেট্রো ট্রেনগুলি।

রেলমন্ত্রী অশ্বিণী বৈষ্ণব জানিয়েছেন, আগামী ১২ থেকে ১৬ মাসের মধ্যেই নতুন বন্দে মেট্রো ট্রেনের নকশা ও প্রটোটাইপ কোচ তৈরি হয়ে যাবে। সব ঠিকঠাক থাকলে ২০২৪ সালেই ভারতের ট্র্যাকে ছুঁটবে নতুন বন্দে মেট্রো ট্রেন। আগেই রেল মন্ত্রক সূত্রে জানা যাচ্ছিল, বন্দে ভারতের মতো আরও একটি অত্যাধুনিক ট্রেন নিয়ে আসা হবে। তবে কিছুটা ছোট আকারে। ইঞ্জিনবিহীন বন্দে ভারত ট্রেনগুলি হয় ১৬ কোচের। জানা যাচ্ছে নতুন বন্দে মেট্রো ট্রেন হবে ৮ কোচের। চলাচল করবে ১০০ কিলোমিটারের মধ্যে দুটি বড় স্টেশনের মধ্যে। অর্থাৎ দ্রুতগতির ইন্টারসিটি ট্রেন হতে চলেছে এই বন্দে মেট্রো।


More Stories
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক
যুদ্ধের জাঁতাকলে ভারত