Home » আমেরিকার ফাইটার জেট গুলি করে নামাল চিনা স্পাই বেলুন, দেখুন ভিডিও!

আমেরিকার ফাইটার জেট গুলি করে নামাল চিনা স্পাই বেলুন, দেখুন ভিডিও!

সময় কলকাতা ডেস্ক, ৫ ফেব্রুয়ারি: অবশেষে আশঙ্কাই সত্যি হল, মার্কিন যুদ্ধ বিমান গুলি করে নামাল চিনা গুপ্তচর বেলুনটিকে। বিগত এক সপ্তাহ ধরে আমেরিকার আকাশে চিনের রহস্যজনক বেলুন ঘিরে উত্তেজনা কম ছিল না। অবশেষে ফাইটার জেট থেকে গুলি ছুঁড়ে সেই বেলুন মাটিতে নামানোর চেষ্টা করে মার্কিন সেনা। কিন্তু তবুও স্বস্তিতে নেই জো বাইডেন প্রশাসন। কারণ জানা যাচ্ছে ওই বেলুনের অবশিষ্টাংশ গিয়ে পড়েছে দক্ষিণ ক্যারোলিনার সমুদ্রে। ফলে তা উদ্ধার করতে এবার ডুবুরি নামানো হয়েছে গভীর সমুদ্রে। অপরদিকে চরম হুঁশিয়ারি দিয়েছে চিনও। রবিবার সকালে রীতিমতো বিবৃতি জারি করে মার্কিন যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়ে চিনের বিদেশমন্ত্রকের দাবি, বাড়াবাড়ি করেছে আমেরিকা। আন্তর্জাতিক নিয়ম লঙ্ঘিত হয়েছে। প্রয়োজনীয় পদক্ষেপ করবে চিনও। সবমিলিয়ে পরিস্থিতি খারাপের দিকেই যাচ্ছে বলে মত ওয়াকিবহাল মহলের।

উল্লেখ্য, বিগত কয়েকদিন ধরে আমেরিকার বিভিন্ন এলাকায় একটি রহস্যজনক বেলুন ঘিরে তৈরি হয় চাপানউতোর। আমেরিকার দাবি সেটি চিনের নজরদারি বেলুন, যা মার্কিন সামরিক ঘাঁটি, অস্ত্রের উপর নজরদারি চালানোর জন্য ব্যবহার করা হচ্ছে। যদিও আমেরিকার সেই দাবি নস্যাৎ করে বেজিং জানিয়েছিল, মূলত আবহাওয়া ও বৈজ্ঞানিক তথ্য সংগ্রহের জন্য বেলুন ওড়ানো হয়েছিল। কিন্তু হাওয়ার গতিমুখ পাল্টে যাওয়ায় বেলুনটি ঢুকে পড়ে আমেরিকার ভূখণ্ডে। কিন্তু চিনের এই বিবৃতিতে চিড়ে ভেজেনি, ফলে নজরদার বেলুনটি গুলি করে নামাল আমেরিকা। একটি মার্কিন এফ-২২ ফাইটার জেট থেকে রীতিমতো গাইডেট মিসাইল ছুঁড়ে ওই বেলুনটি নামানো হয়। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

অপরদিকে চিনা নজরদার বেলুন গুলি করে নামানোর খবর সামনে আসতেই কড়া প্রতিক্রিয়া দিল বেজিং। চিনের বিদেশমন্ত্রক বিবৃতি দিয়ে জানিয়েছে, “অসামরিক এয়ারক্রাফটকে গুলি করে নামানো নিসন্দেগে বাড়াবাড়ি। আন্তর্জাতিক নিয়ম লঙ্ঘন করেছে আমেরিকা”। আবার মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন দাবি করেন, “চিন আমাদের সার্বভৌমত্ব নষ্টের চেষ্টা করেছে। তাই আমাদের পদক্ষেপ আইনসম্মত”। ফলে পরিস্থিতি যে উত্তপ্ত সেটা বলাই বাহুল্য।

About Post Author