Home » এপ্রিল মাসের মধ্যেই ১ লক্ষ ৩৫ হাজার শূন্যপদে নিয়োগের পরিকল্পনা রেলের, হবে না পরীক্ষাও!

এপ্রিল মাসের মধ্যেই ১ লক্ষ ৩৫ হাজার শূন্যপদে নিয়োগের পরিকল্পনা রেলের, হবে না পরীক্ষাও!

সময় কলকাতা ডেস্ক, ১০ ফেব্রুয়ারি: ভারতীয় রেলে এখন শূন্যপদের সংখ্যা ৩ লক্ষ ১৪ হাজার। করোনাকালে কোনও শূন্যপদেই নিয়োগ হয়নি। তাই এবার দ্রুত নিয়োগ করতে উদ্যোগী হল ভারতীয় রেল। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এক ইংরেজি সংবাদপত্রকে সাক্ষাৎকারে এই খবর জানিয়েছেন। তিনি আরও জানিয়েছেন, অতীতে রেলের পরীক্ষায় যারা বসেছিলেন, তাঁদের মধ্যে থেকেই যোগ্যদের নিয়োগ করা হবে। অর্থাৎ এই নিয়োগ প্রক্রিয়ায় আলাদা করে কোনও পরীক্ষাই নেওয়া হবে না। দীর্ঘদিন ধরেই ভারতীয় রেলে সেভাবে নিয়োগ হয়নি। তাই রেলমন্ত্রীর এই বক্তব্য চাকরিপ্রার্থীদের কাছে আশার আলো বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল।

রেল সূত্রে খবর, গত কয়েক বছর ধরে প্রায় ৩ লক্ষ ১৪ হাজার পদ শূন্য হয়ে আছে। বিভিন্ন সময়  এই সমস্ত পদে আবেদন করেছিলেন মোট ৩ কোটি ৬৫ লক্ষ চাকরিপ্রার্থী। কিন্তু আজও নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়নি। সেই শূন্যপদের ৪৩ শতাংশ পূরণ করার লক্ষ্যমাত্রা নিয়েছে রেল মন্ত্রক। আরও জানা যাচ্ছে, রেলের পরিভাষায় এই শূন্যপদের বেশিরভাগটাই লেভেল ওয়ানের। অর্থাৎ রেলের সিগন্যাল ও টেলিকম সহকারী, ট্র্যাকম্যান ও পয়েন্টসম্যানরা এই লেভেল ওয়ানে পড়েন। এই কর্মীরাই ভারতীয় রেলযাত্রাকে সুরক্ষিত করতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন। ফলে যাত্রী সুরক্ষার ক্ষেত্রে এই শূন্যপদ পূরণ করা খুবই প্রয়োজনীয় ছিল। প্রায় ১ কোটি ১ লক্ষ চাকরিপ্রার্থী এই শূন্যপদে আবেদন করেছিলেন বলে জানা যাচ্ছে।

রেলকর্তাদের দাবি, ২০২২ সালের অগস্ট থেকে অক্টোবর পর্যন্ত ৯৯টি শিফটে এই সমস্ত শূন্য পদে পরীক্ষা নেওয়া হয়েছিল। এর জন্য রেলের খরচ হয়েছিল ১,২০০ কোটি টাকা। কারণ, বর্তমানে রেলের পরীক্ষা হয় কম্পিউটারে, এবং বিভিন্ন বেসরকারি সংস্থাকে দায়িত্ব দেওয়া হয় এর জন্য। যদিও করোনার জন্যই এই খরচ দ্বিগুণ হয়েছে। এবার মেধা তালিকা অনুয়ায়ী নিয়োগ প্রক্রিয়া দ্রুত শুরু হবে সে ব্যাপারে ইঙ্গিত দিয়ে দিলেন রেলমন্ত্রী। এমনিতেই করোনা পরবর্তী সময় আর্থিক মন্দায় ভুগছে বিভিন্ন বেসরকারি সংস্থা। কর্পোরেট সংস্থাগুলি ব্যাপক কর্মী ছাঁটাই শুরু করেছে। এই পরিস্থিতিতে রেল মন্ত্রক লক্ষাধিক পদে নিয়োগের প্রক্রিয়া শুরু করাতে আশার আলো দেখছেন চাকরিপ্রার্থীরা।

About Post Author