সময় কলকাতা ডেস্ক, ১২ ফেব্রুয়ারি: তিন বছর পর ফের রঞ্জি ট্রফির ফাইনালে পৌঁছল মনোজ তেওয়ারির বাংলা। রবিবার মধ্যপ্রদেশকে বিশাল রানে ব্যবধানে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করল বাংলার ক্রিকেটাররা। অপর সেমিফাইনালে যদি সৌরাষ্ট্র জেতে তবে ঘরের মাঠে ইডেন গার্ডেন্সেই রঞ্জি ফাইনাল খেলার সুযোগ পাবেন মনোজ-আকাশদীপরা। আর ফাইনালে জিতলে এক দশকের বেশি সময় পর রঞ্জি জয়ের স্বাদ পাবেন তাঁরা।

২০১৯-২০ মরশুমে রঞ্জি ট্রফির ফাইনালে উঠেছিল বাংলা। কিন্তু সেবার সৌরাষ্ট্রের কাছেই হেরে জয়ের স্বপ্ন চুরমার হয়েছিল। এবার ২০২২-২৩ মরশুমে ফের দেশীয় ক্রিকেটের সেরা টুর্নামেন্টে ফাইনালে উঠল দল। সেমি ফাইনালে মধ্যপ্রদেশের বিরুদ্ধে সেরা পারফর্মেন্স দিল বাংলার ক্রিকেটাররা। জিতল ৩০৬ রানে। ব্যাট হাতে অনুষ্টুপ মজুমদার ও সুদীপ ঘরামি যেমন দাপট দেখিয়েছেন, তেমনই বল হাতে আকাশ দীপ। ম্যাচের প্রথম ইনিংসে অনুষ্টুপ ও সুদীপ দুজনেই শতরান করেন। বাংলার দ্বিতীয় ইনিংসে ৮০ রানের ঝকঝকে ইনিংস খেললেন অনুষ্টুপ, কিন্তু আম্পায়ারের ভূল সিদ্ধান্তের শিকার হয়ে প্যাভিলিয়নে ফিরতে হয় তাঁকে। অপরদিকে বল হাতে ভেলকি দেখান আকাশ দীপ।

প্রথম ইনিংসে ৫ উইকেট নিয়েছিলেন বাংলার এই তরুণ পেসার। মধ্যপ্রদেশ মাত্র ১৭০ রানে অল আউট হয়েছিল। ফলে প্রথম ইনিংসেই ২৬৮ রানের লিড পেয়েছিল বাংলা। দ্বিতীয় ইনিংসে অনুষ্টুপদের দাপটে মধ্যপ্রদেশকে ৫৪৮ রানের বিশাল লক্ষ্য দেয় বাংলা। কিন্তু দ্বিতীয় ইনিংসে বাংলার প্রদীপ্ত প্রামানিক ৫ উইকেট নিয়ে মধ্যপ্রদেশকে ২৪১ রানে গুঁড়িয়ে দেয়। উল্লেখ্য, এবার রঞ্জি জিততে পারলে ইতিহাস গড়বে বাংলা। কারণ এর আগে বাংলা মাত্র ২ বার রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন হয়েছিল। প্রথমবার স্বাধীনতার আগে আর দ্বিতীয়বার ৫১ বছর পর।


More Stories
ইউএস ওপেন জমজমাট
“বয়সে বড় হলেই” : মোহনবাগানকে কটাক্ষ ইস্টবেঙ্গল কর্তার
মোহনবাগানের সিনিয়রদের আটকে দিয়ে নৈতিক জয় ইস্টবেঙ্গল জুনিয়রদের