Home » অশ্বিনের ঘূর্ণিতেই কাত অজি ব্যাটিং, নাগপুরে ইনিংসে হারল অস্ট্রেলিয়া

অশ্বিনের ঘূর্ণিতেই কাত অজি ব্যাটিং, নাগপুরে ইনিংসে হারল অস্ট্রেলিয়া

সময় কলকাতা ডেস্ক, ১১ ফেব্রুয়ারি:  মাত্র আড়াই দিনেই শেষ টেস্ট ম্যাচ। নাগপুরে বর্ডার-গাভাস্কার টেস্ট সিরিজের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে কার্যত দুরমুশ করল ভারত।  ভারতীয় স্পিন বোলিংয়ের সামনে অসহায় আত্মসমর্পণ করলেন অজি ব্যাটাররা। ফলে ইনিংস ও ১৩২ রানে অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজে ১-০ এগিয়ে গেল রোহিত শর্মার ভারত।

তৃতীয় দিনের শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে শুরু করে ভারত। হাতে তিন উইকেট ও ১৪৪ রানে এগিয়ে থেকে ভারতের হয়ে পিচে নামেন রবীন্দ্র জাদেজা ও অক্ষর প্যাটেল। শুরুতে জাদেজাকে ফিরিয়ে ভারতীয় শিবিরকে প্রথম ধাক্কাটি দেন এই সিরিজে অভিষেক হওয়া তরুণ অজি স্পিনার টড মর্ফি। ৭০ রানে মার্ফির বলে বোল্ড হলেন জাদেজা। কিন্তু দ্রুত সেই ধাক্কা সামলিয়ে নেয় ভারত। অক্ষর প্যাটেল ও মহম্মদ সামির ঝোড়ো ব্যাটিংয়ে ভর করে বড় রানের দিকে এগোয় ভারত। অক্ষরের সঙ্গে ৫২ রানের জুটি বাঁধেন শামি। ভারতকে চাপে ফেলা মার্ফির এক ওভারে দুটি ছক্কাও হাঁকালেন শামি। ৪৭ বলে ৩৭ রান করে মার্ফির বলে আউট হন শামি। এদিন শতরানের হাতছানি ছিল অক্ষরের সামনেও। কিন্তু ৮৪ রানে তাঁকে ফেরান প্যাট কামিন্স। অক্ষর আউট হতেই ৪০০ রানে শেষ হয় ভারতের ইনিংস। এদিন অস্ট্রেলিয়ার হয়ে ৭ উইকেট নিয়ে নজর কাড়লেন এই ম্যাচে অভিষেক হওয়া টড মার্ফি। তখনই বোঝা গিয়েছিল, ভারতীয় স্পিনাররাও ভেলকি দেখাবেন পরবর্তী ইনিংসে।

২২৩ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে অস্ট্রেলিয়া। কিন্তু ভারতীয় স্পিন বোলিংয়ের দাপটে খড়কুটোর মত উড়ে যায় অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন আপ। মাত্র ৩২.৩ ওভারে ৯১ রানে শেষ হয়ে যায় স্মিথদের ইনিংস। কিছুটা লড়াইয়ের চেষ্টা করেছিলেন অধিনায়ক স্টিভ স্মিথ। ৫১ বলে ২৫ রান করে নট আউট থাকলেন তিনি। কিন্তু যোগ্য সঙ্গত না পাওয়ায় শেষ রক্ষা হয়নি। এদিন ভারতের হয়ে দ্বিতীয় ইনিংসে  এদিন ভারতের হয়ে দ্বিতীয় ইনিংসে দুরন্ত বোলিং করলেন রবিচন্দ্র অশ্বিন। এখনও ভারতীয় দলে তিনি যে অপরিহার্য ফের একবার প্রমাণ করলেন এই দক্ষিণী স্পিনার। ৩৭ রানের বিনিময়ে নিলেন ৫টি মূল্যবান উইকেট। এছাড়াও দুটি করে উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন আপে ধস নামান রবীন্দ্র জাদেজা ও মহম্মদ শামি। ম্যান অফ দ্য ম্য়াচ হলেন রবীন্দ্র জাদেজা। প্রথম টেস্টেই ভারতের দাপটে অস্ট্রেলিয়া লজ্জার হার দিয়েই শুরু করল বর্ডার গাভাস্কার ট্রফি।

About Post Author