Home » আমেরিকার দ্বিতীয় ‘এয়ারস্ট্রাইক’, এবার কানাডার আকাশে রহস্যময় বস্তু ধ্বংস করল মার্কিন F-22

আমেরিকার দ্বিতীয় ‘এয়ারস্ট্রাইক’, এবার কানাডার আকাশে রহস্যময় বস্তু ধ্বংস করল মার্কিন F-22

সময় কলকাতা ডেস্ক, ১২ ফেব্রুয়ারি: শুক্রবারই আলাস্কার আকাশ থেকে এক অজ্ঞাত রহস্যময় বস্তু গুলি করে নামিয়েছিল মার্কিন প্রশাসন। উড়ন্ত ওই রহস্যময় বস্তু নামাতে আমেরিকা ব্যবহার করেছিল অত্যাধুনিক যুদ্ধবিমান এফ-২২। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে একই কারণে আমেরিকার দ্বিতীয় এয়ারস্ট্রাইক হল, যদিও এবার পড়শি দেশ কানাডার আকাশে। কানাডার রাষ্ট্রপ্রধান জাস্টিন ট্রুডো নিজেই এই খবর দিয়ে জানিয়েছেন, আমেরিকা ও কানাডার যৌথ উদ্যোগে মার্কিন এফ-২২ যুদ্ধাবিমান থেকে ওই অজ্ঞাতপরিচয় রহস্যময় বস্তু গুলি করে নামানো হয়েছে। এই নির্দেশ তিনিই দিয়েছিলেন বলেও দাবি করেন তিনি।

উল্লেখ্য, এর আগে চিনের রহস্যময় বেলুন ঘিরে তৈরি হয়েছিল চাঞ্চল্য। আমেরিকার একাধিক শহরে ওই রহস্যময় বেলুন দেখা গিয়েছিল। পরে একই কায়দায় এফ-২২ বিমানের সাহায্যে ক্ষেপণাস্ত্র ছুঁড়ে ওই বেলুন নামানো হয়েছিল। যা নিয়ে চিনের সঙ্গে বাদানুবাদে জড়িয়েছিল ওয়াশিংটন। এবার আর বেলুন নয়। কোনও এক অজ্ঞাত বস্তু। ফলে রহস্য আরও দানা বাঁধছে। আমেরিকা বা কানাডা এখনও কিছু খোলসা করেনি। তবে এরমধ্যেই আমেরিকা তাঁদের ভারত-জাপান সহ ৪০টি বন্ধুরাষ্ট্রকে সতর্ক করেছে গুপ্তচর বেলুন বা ওই জাতীয় কোনও বস্তু নিয়ে। হোয়াইট হাউসের প্রথম থেকেই চিনের দিকে অভিযোগ ছিল। রহস্যময় বেলুনের পর তা অনেকটাই প্রমানিত। বেজিংও স্বীকার করে নিয়েছিল ওই বেলুনগুলি চিনের। এই আবহে আমেরিকা ও চিনের সম্পর্ক তলানিতে ঠেকেছে। এরমধ্যেই নতুন করে ধোঁয়াশা তৈরি করল আমেরিকা ও কানাডার আকাশে পাওয়া রহস্যময় বস্তু।

About Post Author