সময় কলকাতা ডেস্ক, ১২ ফেব্রুয়ারি: গত সোমবার তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্প হয়েছিল। এরপর কেটে গিয়েছে পাঁচদিন। চলছে উদ্ধারকাজ, ভূমিকম্প পীড়িত এলাকায় পৌঁছে গিয়েছে দেশ বিদেশের বহু উদ্ধারকারী দল। ভারতও উদ্ধারকাজে হাত লাগিয়েছে। এখনও পর্যন্ত তুরস্ক ও সিরিয়ায় মৃতের সংখ্যা ২৮ হাজার পার করে গিয়েছে। আহতের সংখ্যা কমপক্ষে ৪০ থেকে ৪৫ হাজার। ভূমিকম্পের ১০০ ঘণ্টা পরও জীবিত অবস্থায় উদ্ধার হচ্ছে মানুষ।

এটাই আশার আলো উদ্ধারকারী দলগুলির কাছে। ফলে দ্বিগুণ উৎসাহে প্রশিক্ষিত কুকুর ও আধুনিক যন্ত্রপাতির সাহায্যে ধ্বংসস্তুপের মধ্যে প্রাণের সন্ধান চালাচ্ছেন তাঁরা। আর তাতেই অলৌকিকভাবে সন্ধান পাওয়া গেল এক অক্ষত শিশুর। মাত্র দুমাস বয়েসের শিশুটিকে এই ভয়াবহ ভূমিকম্পের ১২৮ ঘণ্টা পরেও ধ্বংসস্তুপের ভিতর জীবিত অবস্থায় পাওয়া গেল। কোনও রকম জল ও দুধ ছাড়াই শিশুটি সম্পূর্ণ সুস্থ রয়েছে। এমনকি উদ্ধারের পর এক উদ্ধারকারীর কোলে মিটিমিটি হাসতেও দেখা গেল ওই একরত্তিকে।
2 months old, 120 hrs under the rubble just in case you don’t believe in miracles. #Turkey#earthquake pic.twitter.com/c0MGtnrnE9
— Abier (@abierkhatib) February 11, 2023
শনিবার তুরস্কের হাতায় প্রদেশের এক শহরে একটি বহুতলের ধ্বংসস্তুপে উদ্ধারকাজ চালানোর সময় শিশুটির খোঁজ পাওয়া যায়। জানা যাচ্ছে, ভারী ভারী কংক্রিটের স্ল্যাব সরিয়ে যখন কোনও মানুষ বা পোষ্য বেঁচে রয়েছে কিনা সন্ধান করা হচ্ছিল তখনই তাঁরা শিশুটির কান্না শুনতে পান। এরপর ঘণ্টাখানেকের অক্লান্ত প্রচেষ্টায় ধ্বংসস্তুরের অনেকটা নীচ থেকে মাস দুয়েকের শিশুটিকে দেখতে পায় উদ্ধারকারী দল। জীবিত আছে দেখে তাঁরা অতি সাবধানে কংক্রিট সরিয়ে বের করে আনেন ওই একরত্তিকে। শিশুটিকে অক্ষত অবস্থায় বাইরে আনার পর সেখানে উপস্থিতি কয়েকশো মানুষ ও অন্যান্য উদ্ধারকারীরা উল্লাসে ফেটে পড়েন।

জল ও খাবার ছাড়া ভূমিকম্পের পাঁচদিন পর ধ্বংসস্তুপের নীচে কেউ বেঁচে নেই বলেই ধরে নেওয়া হচ্ছিল। এমন সময় জল ও দুধ ছাড়াই মাত্র দুমাসের শিশু দেখিয়ে দিল আজও অলৌকিক বলে কিছু আছে। ফলে উদ্ধারকারী দলগুলি এবার দ্বিগুণ উৎসাহে ঝাঁপিয়ে পড়েছে বলেই তুরস্কের প্রশাসন সূত্রে জানা যাচ্ছে।


More Stories
নাবালক ছাত্রের সঙ্গে যৌ*ন মিলন , গ্রেফতার হাইস্কুল শিক্ষিকা
পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড হামজা বুরহান খ*তম , কে এই হামজা?
সীমান্তে চ্যাংড়াবান্ধায় জমি হস্তান্তরের সিদ্ধান্তের পরই শুরু মাপজোক