সময় কলকাতা ডেস্ক, ১৬ ফেব্রুয়ারি: বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভা ছিল মেদিনীপুর শহরে। সেই উপলক্ষ্যে এদিন সকাল থেকেই কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছিল মেদিনীপুরের রিং রোড। কিন্তু এর পরও বজ্র আটুনি ফস্কা গেরোর মতো ঘটে গেল এক অনভিপ্রেত ঘটনা। মেদিনীপুর সার্কিট হাউস থেকে সভাস্থলে যাওয়ার পথে মুখ্যমন্ত্রীর গাড়ির সামনে এসে পড়েন এক মহিলা। পুলিশের কড়া নিরাপত্তা বেস্টনী ভেদ করেই এলআইসি চকের কাছে ওই মহিলা কার্যত ঝাঁপিয়ে পড়েন মুখ্যমন্ত্রীর গাড়ির সামনে।

ব্যাপারটা উপলব্ধি করে গাড়ির চালক দ্রুত ব্রেক কষেন। প্রথমে সকলেই হকচকিয়ে যান। এরপরই ছুটে আসেন নিরাপত্তারক্ষীরা। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গাড়ি থামিয়ে ওই মহিলার সঙ্গে কিছুক্ষন কথা বলেন। এরপর সোজা চলে যান সভাস্থলে। তবে কি নিয়ে তাঁদের কথা হয় সেটা জানা যায়নি।

এই ঘটনার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। কিভাবে ওই মহিলা ব্যারিকেড টপকে সোজা মুখ্যমন্ত্রীর গাড়ির সামনে চলে গেলেন তা নিয়েই উঠছে প্রশ্ন। এই ঘটনায় মুখ্যমন্ত্রীর গাড়ি দুর্ঘটনায় পড়তে পারতো। তবে সেরকম কিছু না হওয়ায় স্বস্তি ফিরেছে সব মহলেই। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, এদিন মুখ্যমন্ত্রীর গাড়ির সামনে পৌঁছে গিয়ে ওই মহিলা “দিদি দিদি” বলে ডাকতে থাকেন। এরপরই গাড়ি থামিয়ে নেমে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিছুক্ষন কথাও বলেন ওই মহিলার সঙ্গে। যদিও এই ঘটনা প্রথমবার নয়, এর আগেও জেলা সফরে মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।


More Stories
হালিশহর যাওয়ার পথে আক্রান্ত মমতা, বিক্ষোভ প্রদর্শন, গাড়িতে কাদা ও ঢিল
অজ্ঞাতবাস থেকে গ্রেফতার নৈহাটির প্রাক্তন বিধায়ক সনৎ দে
ইসলামপুরে দুষ্কৃতীর গুলিতে নিহত প্রধান শিক্ষক