Home » অনুব্রতকে আসানসোল বিশেষ সংশোধনাগারে জেরা সিবিআই-এর

অনুব্রতকে আসানসোল বিশেষ সংশোধনাগারে জেরা সিবিআই-এর

সময় কলকাতা ডেস্ক,১৬ ফেব্রুয়ারিঃ শুক্রবারই আসানসোল সিবিআই আদালতে পেশ করা হবে অনুব্রত মণ্ডলকে। তার আগেই অনুব্রতকে জিজ্ঞাসাবাদ করতে বৃহস্পতিবার আসানসোল বিশেষ সংশোধনাগারে পৌঁছল সিবিআই। এদিন সকাল দশটা নাগাদ সিবিআই পৌঁছে যায় সংশোধনাগারে। সূত্রের খবর, এদিন প্রায় এক ঘণ্টা অনুব্রতকে জেরা করেন তদন্তকারী অফিসারেরা। তবে অনুব্রত এদিন স্বভাবসিদ্ধভাবে একাধিক প্রশ্ন এড়িয়ে গিয়েছেন বলেই সূত্রের খবর।


সিবিআই সূত্রে খবর,প্রথমে ১৭৭ ও পরে ৫৪ টি বেনামি অ্যাকাউন্টের পর ৩ ফেব্রুয়ারি নতুন করে ১১৫ টি অ্যাকাউন্টের নথি জমা করেছিল সিবিআই। এই অ্যাকাউন্টগুলি বাফার অ্যাকাউন্ট হিসাবে ব্যবহার করার হদিশ পাওয়া গিয়েছে। ১১৫ টি বাফার ব্যাঙ্কের অ্যাকাউন্টগুলির সঙ্গে কেষ্ট মন্ডলের কী যোগ রয়েছে, সেটাই জানতে চাইছেন তদন্তকারীরা। সিবিআই ব্যাঙ্কের সঙ্গে অনুব্রত মণ্ডলের সরাসরি যে যোগাযোগ রয়েছে, সেই তথ্য জোগাড় করতে চাইছে সিবিআই। এখনও পর্যন্ত ১৬ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জানা গিয়েছে, অ্যাকাউন্টগুলি ওই ১৬ জনের খোলা নয় এবং টাকাও তাঁদের নয়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের চাপে এই কাজ ব্যাঙ্ক ম্যানেজার করেছেন বলে আদালতে জানিয়েছেন সিবিআইয়ের আইনজীবী।


সিবিআইয়ের সূত্রে জানা গিয়েছে, এই বেনামি অ্যাকাউন্টগুলি ব্যবহার করে প্রচুর কালো টাকা সাদা করা হয়েছে। রাইস মিল সংক্রান্ত প্রচুর টাকার লেনদেন হয়েছে এইসব অ্যাকাউন্ট থেকেই। সিউড়ি সমবায় ব্যাঙ্কের এই অ্যাকাউন্টগুলিতেও গরু পাচারের টাকা লেনদেন হয়েছে কিনা? ইতিমধ্যেই তাও খতিয়ে দেখছেন সিবিআই আধিকারিকরা। এদিকে,সমবায় ব্যাঙ্কগুলির অ্যাকাউন্ট থেকে যে টাকা ঘুরপথে অনুব্রত মণ্ডলের অ্যাকাউন্টে গিয়েছিল, সেখানে রাজীব ভট্টাচার্যের নামও জড়িয়ে রয়েছে। এই সেই রাজীব ভট্টাচার্য, যাঁর বিরুদ্ধে অনুব্রত মণ্ডলের স্ত্রীর চিকিৎসার জন্য ৬৬ লক্ষ টাকা দিয়েছিলেন বলে অভিযোগ ওঠে। সেই অ্যাকাউন্ট থেকে টাকা গিয়েছে বাফার অ্যাকাউন্টে।

About Post Author