Home » নিয়োগ দুর্নীতিকাণ্ডে এবার CBI-এর জালে বাগদার ‘সৎ রঞ্জন’

নিয়োগ দুর্নীতিকাণ্ডে এবার CBI-এর জালে বাগদার ‘সৎ রঞ্জন’

সময় কলকাতা ডেস্ক, ১৭ ফেব্রুয়ারি:  নিয়োগ দুর্নীতিকাণ্ডে এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের হাতে গ্রেফতার হল চন্দন মণ্ডল ওরফে রঞ্জন। শুক্রবার কলকাতার নিজাম প্যালেস থেকেই তাঁকে গ্রেফতার করে সিবিআই। তাঁর সঙ্গে আরও তিনজনকে গ্রেফতার করা হয়েছে বলে সিবিআই সূত্রে খবর। এর আগেও একাধিকবার চন্দন মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এদিন তাঁকে নিজেদের হেফাজতে নেওয়ার প্রক্রিয়া শুরু করল সিবিআই। উল্লেখ্য, মাসখানেক আগে এই বাগদার ‘সৎ রঞ্জন’ ওরফে চন্দন মণ্ডলের নাম তুলেছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী উপেন বিশ্বাস। টাকা নিয়ে চাকরি দেওয়ার অভিযোগ তুলেছিলেন তিনি। এরপরই কলকাতা হাইকোর্ট চন্দন মণ্ডলের বিরুদ্ধে বিষদে তদন্ত করার নির্দেশ দেয় সিবিআইকে।

সিবিআই তদন্তকারীদের দাবি, নিয়োগ দুর্নীতি মামলায় যে চক্র কাজ করছিল, তাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে ধৃত চন্দনের।  সেই এই চক্রের অন্যতম মিডলম্যান। ফলে সিবিআই গোয়েন্দাদের ধারণা, চন্দনকে হেফাজতে নিয়ে জেরা করলেই কুন্তল ঘোষের মতো আরও অনেকের নাম উঠে আসবে। অপরদিকে অন্য একটি মামলার শুনানিতে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় চন্দন মণ্ডলকে গ্রেফতারের কবর পেয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন। তিনি বলেন, ‘আমি জানি সৎ রঞ্জন গ্রেফতার হয়েছে। CBI গ্রেফতার করেছে। কিন্তু, শুধু সৎ রঞ্জন গ্রেফতারে কি হবে? আরও অনেকে আছে’। এখন দেখার চন্দন মণ্ডলকে জেরা করে আর কারও নাম উঠে আসে কিনা।

About Post Author