সময় কলকাতা, স্পোর্টস ডেস্ক, ১৯ ফেব্রুয়ারি: স্মৃতি, রিচার লড়াইয়েও শেষ রক্ষা হল না। মহিলাদের টি ২০ বিশ্বকাপে প্রথম হারের মুখ দেখল ভারতের মেয়েরা। শনিবার দক্ষিণ আফ্রিকার সেন্ট জর্জ অভাল স্টেডিয়ামে ইংল্যান্ডের মুখোমুখি হয় ভারত। এদিন টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌর।

শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫১ রান তোলে ইংল্যান্ড। যদিও শুরু থেকে ম্যাচের রাশ ছিল ভারতীয় বোলারদের দখলে। পঞ্চম ওভারের মধ্যে ৩ উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে যায় ব্রিটিশ মেয়েরা। এই অবস্থা থেকে দলকে নেতৃত্ব দেন ন্যাট শিভার। তাঁকে সঙ্গত দেন অধিনায়ক হেদার নাইট। চতুর্থ উইকেটে এই জুটি ৫১ রান করে। নাইটকে(২৩ বলে ২৮ রান) ডাগআউটে পাঠান শিখা পাণ্ডে। এরপর দলের হাল ধরেন অ্যামি জোনস। নিজের অর্ধশত রান পূরণ করেন শিভার। ৪২ বলে ৫০ রান করে দীপ্তি শর্মার বলে আউট হন তিনি। শিভার ফিরলেও ইংল্যান্ডের রান তুলতে থাকেন জোনস। ২৭ বলে ৪০ রানের দুরন্ত ইনিংস খেলেন এই উইকেট রক্ষক ব্যাটার। এদিন ভারতের হয়ে ৫ উইকেট নিয়ে নজির গড়েন রেনুকা সিং। রেনুকা ছাড়াও দীপ্তি ও শিখা একটি করে উইকেট পান।

জবাবে ব্যাট করতে নেমে শুরুটা পজিটিভ করেন দুই ওপেনার। প্রথম দুটি ম্যাচে রান না পেলেও এদিন ছন্দে পাওয়া গেল স্মৃতি মন্ধানাকে। কিন্তু এদিন ডাহা ফেল ভারতীয় ব্যাটিং লাইনআপের টপ অর্ডার। চাপের মুখে আউট হন টুর্নামেন্টে দুরন্ত ফর্মে থাকা শেফালি বর্মা। লরেন বেলের বলে বিপক্ষের ফিল্ডারদের ক্যাচ প্র্যাকটিস করিয়ে আউট হন শেফালি (১১ বলে ৮)। এরপর স্মৃতিকে কিছুটা সঙ্গত দিয়েছিলেন জেমিমা। দশম ওভারে ছয় মারতে গিয়ে আউট জন জেমিমা(১৬ বলে ১৩)। গত ম্যাচে দুরন্ত খেলা ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌর এদিন ব্যর্থ। তিনিও বড় শট মারতে গিয়ে আউট হন। এরপর মহিলা প্রিমিয়ার লিগের সব থেকে মূল্যবান ক্রিকেটার ও বাংলার মেয়ের লড়াই দেখল সেন্ট জর্জ ওভাল। ৪০ বলে নিজের অর্ধশত রান পূর্ণ করেন স্মৃতি। কিন্তু তিনিও শেষের দিকে বল বেশি না যাওয়ায় তিনিও আক্রমনাত্মক খেলতে গিয়ে আউট হন (৪১ বলে ৫২)। অপরদিকে রিচা চেষ্টা করলেও যোগ্য সঙ্গীর অভাবে শেষ রক্ষা করতে পারলেন না। শেষ পর্যন্ত লড়াই করে অপরাজিত থাকেন রিচা ঘোষ (৩৪ বলে ৪৭)। এই টুর্নামেন্টে এখনও পর্যন্ত টানা তিনটি ম্যাচে অপরাজিত থেকে নজির গড়লেন জলপাইগুড়ির মেয়ে। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৪০ রানে থামতে হয় ভারতকে। এই ম্যাচে হারলেও পয়েন্ট টেবিলের দুনম্বরে থেকে পরের রাউন্ডের আশা জিইয়ে থাকল ভারতের।


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার