সময় কলকাতা ডেস্ক,২২ ফেব্রুয়ারিঃ তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ পঞ্চায়েতের সরকারি কর্মীদের বিরুদ্ধে ১০০দিনের কাজের টাকা দুর্নীতির অভিযোগ। অভিযোগ ওই পঞ্চায়েতের তৃণমূলের পঞ্চায়েত সদস্যেরই ভাই তথা এক তৃণমূল কর্মীর। অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই ঘটনার তদন্তে শুরু করেছে জেলা প্রশাসন। যদিও তদন্ত চলাকালীন কোনরকম মন্তব্য করতে নারাজ পঞ্চায়েত প্রধান। সমগ্র ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চাপানউতোর। পঞ্চায়েত ভোটের প্রাক্কালে ফের অস্বস্তিতে শাসক দল।

সূত্রের খবর,মালদা জেলার হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের অন্তর্গত তুলসিহাটা গ্রাম পঞ্চায়েতের প্রধান শকুন্তলা সিংহের বিরুদ্ধে প্রায় ১০ কোটি টাকা দুর্নীতির অভিযোগ তুলে জেলা শাসক নীতিন সিংহানিয়ার কাছে লিখিত অভিযোগ দায়ের করেন তুলসিহাটা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য মানিক দাসের ভাই মিঠুন চন্দ্র দাস। তার অভিযোগ, ১০০ দিনের কাজের ১০ কোটি টাকা নয়-ছয় করেছে পঞ্চায়েত প্রধান শকুন্তলা সিংহ। আর তাতে মদত দিয়েছে ১০০ দিনের কাজে যুক্ত থাকা সরকারি কর্মীরা। অভিযোগ,এক এলাকায় অন্য এলাকার লোকের নামে ১০০ দিনের কাজের মজুরির টাকা তুলে নেওয়া হয়েছে। অবৈধ ভাবে বিভিন্ন প্রকল্পের টেন্ডার পাশেরও অভিযোগ রয়েছে। সমস্ত অভিযোগের ভিত্তিতে জেলা শাসক নীতিন সিংহানিয়ার নির্দেশে তদন্ত শুরু করেছেন মালদা জেলা নডাল অফিসারের নেতৃত্বে ১০০ দিনের প্রকল্পের জেলা আধিকারিকরা। এই মুহূর্তে পুরো বিষয়টি খতিয়ে দেখছেন তাঁরা। তদন্ত শেষ হলেই সব পরিষ্কার হবে বলে জানিয়েছেন ওই অভিযোগকারী। যদিও গ্রাম পঞ্চায়েত প্রধান শকুন্তলা সিংহ এই মুহূর্তে মুখ খুলতে চাননি। অন্যদিকে, তুলসিহাটা গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতা দাবি করছেন ১০০দিনের কাজের টাকা দুর্নীতি হয়েছে। কাদের মদতে এই দুর্নীতি হচ্ছে সেটা বের করতে হবে।

এ বিষয়ে তুলসিহাটা গ্রাম পঞ্চায়েতের প্রধান শকুন্তলা সিংহ বলেন, এখন তদন্ত চলছে তাই আমি কোন মন্তব্য করব না। যা বলার তদন্তের পর বলব। অন্যদিকে,তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতের বিজেপির পঞ্চায়েত সদস্য তথা বিরোধী দলনেতা শশীদেব পান্ডে বলেন, দুর্নীতি হয়েছে এটা স্পষ্ট। রাজ্য জুড়ে দুর্নীতি হচ্ছে বলেই কেন্দ্র ১০০ দিনের কাজের টাকা আটকে দিচ্ছে। কিন্তু সরকারি কর্মীরা দুর্নীতি করার সাহস পাবে না। তাদের মদত দেওয়া হচ্ছে বলেই তারা দুর্নীতি হচ্ছে। কাদের অঙ্গুলিলেহনে দুর্নীতি হচ্ছে সেটা বের করতে হবে।

প্রসঙ্গত,পঞ্চায়েত ভোটের প্রাক্কালে বারবার দেখা যাচ্ছে তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলছে তৃণমূলই। এতদিন ধরে বিরোধীরা যে অভিযোগ করে আসছিল কার্যত তাতে সিলমোহর পড়ছে। স্বাভাবিক ভাবে অস্বস্তি বাড়ছে রাজ্যের শাসক দলের।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
কেন ফুল বদলালেন লিয়েন্ডার পেজ?
বারাসাতে মিছিল কি তৃণমূলের শেষের শুরুর ইঙ্গিত ?