সময় কলকাতা ডেস্ক,২৪ ফেব্রুয়ারিঃ ‘আদানি কাণ্ড নিয়ে সংবাদমাধ্যমের মুখ বন্ধ করা যাবে না’, স্পষ্ট জানিয়ে দিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। শুক্রবার সুপ্রিম কোর্টের আইনজীবী এমএল শর্মা জানিয়েছেন, আদানি-হিন্ডেনবার্গ বিষয় নিয়ে সুপ্রিম কোর্টে মামলা চলছে। সেই মামলার রায়দান সর্বোচ্চ আদালত আপাতত স্থগিত রেখেছে। তাই যতদিন না সুপ্রিম কোর্ট এই মামালার রায় দেবে ততদিন এ ব্যাপারে সংবাদমাধ্যমে লেখালেখি যেন বন্ধ থাকে। কিন্তু প্রধান বিচারপতি এদিন স্পষ্ট জানান যে,‘যতক্ষণ আদানি-হিন্ডেনবার্গ ইস্যু নিয়ে মামলা বিচারাধীন রয়েছে, ততক্ষণ এই নিয়ে সংবাদ প্রকাশ করতে কোনও বাধা নেই। আমরা সংবাদমাধ্যমের উপর কোনও নিষেধাজ্ঞা জারি করব না।’ অন্যদিকে,আদানি কাণ্ড নিয়ে সুপ্রিম কোর্টে মোট চারটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল। সুপ্রিম কোর্টে সেই চারটি মামলার শুনানির পরই গত ১৭ ফেব্রুয়ারি সর্বোচ্চ আদালত রায়দান স্থগিত রেখেছে।

প্রসঙ্গত, হিন্ডেনবার্গের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী আদানির শেয়ারে ইতিমধ্যে ধস নেমেছে। ধনী ব্যক্তিদের তালিকায় প্রথম ২৫-এর বাইরে শিল্পপতি গৌতম আদানি। সম্প্রতি প্রকাশ্যে আসা ব্লুমবার্গের বিলিওনেয়ার ইনডেক্সে দেখা গিয়েছে, বিশ্বের ধনকুবেরদের তালিকায় ২৯তম স্থানে ঠাঁই হয়েছে আদানির। ব্লুমবার্গের রিপোর্ট অনুযায়ী ভারতীয় ধনকুবেরের মোট সম্পত্তির পরিমাণ এখন ৪ হাজার ২৭০ কোটি ডলার, যা ভারতীয় মুদ্রায় প্রায় ৩ লক্ষ ৫৩ হাজার কোটি টাকা।অন্যদিকে ফোর্বসের ‘রিয়েল-টাইম বিলিয়নেয়ার’-এর তালিকাতেও পতন রোখা যায়নি। ওই তালিকায় অবশ্য ২৬তম স্থানে আদানি। ফোর্বসের হিসাব বলছে তাঁর মোট সম্পদের আনুমানিক মূল্য ৪৩৪০ কোটি ডলার, যা ভারতীয় মুদ্রায় প্রায় ৩ লক্ষ ৬০ হাজার কোটি টাকা।

আমেরিকার আর্থিক পর্যবেক্ষক সংস্থা হিন্ডেনবার্গের রিপোর্ট অস্বীকার করেছে আদানি গোষ্ঠী। অন্যদিকে এই প্রসঙ্গে নীরব কেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তা নিয়ে প্রশ্ন তুলেছে কংগ্রেস-সহ একাধিক দল। গৌতম আদানি বর্তমানে ইতালির জিওভালি ফেরেরো পরিবার ও ফ্রান্সের ফ্রাঙ্কস পিনল্টের মাঝে রয়েছেন। জিওভানি ফেরেরো পরিবারের সম্পত্তির পরিমান ৪২.৯ বিলিয়ন মার্কিন ডলার এবং ফ্রাঙ্কস পিনল্টে বর্তমানে ৪১.৩ বিলিয়ন ডলারের মালিক। এই বছর ৩ ফেব্রুয়ারি গৌতম আদানি ৫৮ বিলিয়ন মার্কিন ডলার সহ বিশ্বের প্রথম ২০ জন ধনীর তালিকা থেকে বাদ পরেন।


More Stories
শুভেন্দু -এনসিপিআই বৈঠক, তাৎপর্য কী?
বিজেপির বড় ধাক্কা, প্রশান্ত কিশোরের বাজিমাত
দাতিয়ায় উপনির্বাচনে ধরাশায়ী বিজেপি, জয়ী কংগ্রেস