অর্কজ্যোতি বন্দোপাধ্যায়, ২৫ ফেব্রুয়ারি: ক্রমেই কি কদর বাড়ছে ইউরোপা লিগের? বিশ্ব ফুটবলে কান পাতলে মিলছে এরকম কিছুটা আভাস।

বেশ কয়েক বছর আগেও এই ট্রফিটির প্রতি ফুটবলপ্রেমীদের কোনও আগ্রহ ছিল না। ইউরোপের সেরা ক্লাবের লড়াইয়ে প্রাধান্য পেত চ্যাম্পিয়ন্স লিগ। চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্যায় থেকে ছিটকে যাওয়া কিছু দল ও ইউরোপের দেশগুলি থেকে চ্যাম্পিয়ন্স লিগে যোগ্যতা অর্জন করতে না পারা দলগুলির ঠাই হত ইউরোপা লিগে। তাই অর্ধশতাব্দীর বেশি সময় ধরে চলা এই টুর্নামেন্ট ছিল দ্বিতীয় সারিতে।
কিন্তু সময় বদলেছে। ইউরোপের বিভিন্ন দেশের ক্লাবগুলির মধ্যে প্রতিযোগিতাও বেড়েছে। তাই ইউরোপা লিগে এখন প্রায়শই ইউরোপের তথাকথিত বড় ক্লাবগুলিকেও দেখা যাচ্ছে।
এবছরই যেরকম এমন অনেকগুলি ক্লাব এই প্রতিযোগিতায় অংশ নিয়েছেন যারা অতীতে একাধিকবার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন। সেই তালিকায় রয়েছে বার্সেলোনা, ম্যানচেস্টার ইউনাইটেড, আয়াখস, জুভেন্টাসের মত ইউরোপের প্রভাবশালী দলগুলি। তবে কেন এই লিগ হটাৎ করে প্রচারের আলোয় উঠে এল?
ফুটবল পণ্ডিতরা বলছেন, ইউরোপের দেশগুলিতে প্রতিযোগিতা বেড়েছে। একসময় ছিল যখন ইংল্যান্ড থেকে লিভারপুল, ম্যানচেস্টার ইউনাইটেড এবং আর্সেনাল চ্যাম্পিয়ন্স লিগে নিয়মিত খেলত। এখন সেখানে চেলসি, টটেনহ্যাম, ম্যানচেস্টার সিটির মত ক্লাবগুলিও নিয়মিত চ্যাম্পিয়ন্স লিগ খেলছে। ফলে লিগের সেরা চার দলে ঠাই পাওয়ার লড়াইটা কঠিন হয়েছে। ফলে লিগের পঞ্চম বা ষষ্ঠ স্থানে থাকা দলগুলি যারা ইউরোপা লিগে যোগ্যতা অর্জন করছে তাদের মানও বেশ উন্নত।
আবার অনেকে এর পিছনে ইউএফআর ২০১৪ সালের নিয়মটিকে তুলে ধরেছেন। এই নিয়ম অনুসারে, যে দল ইউরোপা লিগ চ্যাম্পিয়ন হবে, সেই দল পরের বছর সরাসরি চ্যাম্পিয়ন্স লিগের ছাড়পত্র পেয়ে যাবে। ফলে এই লিগের প্রতি ক্লাবগুলির আগ্রহও বেড়েছে।
আর বড় ক্লাবগুলির খেলার ফলে তাদের সমর্থকরাও এই লিগের প্রতি আগ্রহ বাড়িয়েছে। বিভিন্ন সমীক্ষায় উঠে এসেছে গত ১০ বছরে এই লিগের দর্শক সংখ্যা আশাতীতভাবে বৃদ্ধি পেয়েছে। এবছরের রাউন্ড অফ থার্টি টুয়ের দ্বিতীয় লেগের ম্যাচে ঘরের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে বার্সেলোনার মুখোমুখি হয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। ইউএফআ সূত্রে জানা গিয়েছে, সেই ম্যাচ দেখতে কেবল স্টেডিয়ামে উপস্থিত হয়েছিল ৯০,২৫৫ জন দর্শক। যা এই টুর্নামেন্টের ইতিহাসে এক সর্বকালীন রেকর্ড। ফলে বলাই বাহুল্য, একসময় প্রচারের অন্তরালে ধুঁকতে থাকা এই টুর্নামেন্টের জৌলুস অনেকটাই বৃদ্ধি পেয়েছে ।
চলতি বছরে ইতিমধ্যে শেষ হয়েছে রাউন্ড অব থার্টি টুয়ের পর্ব। এখন থেকে মোট ১৬ টি দলকে নিয়ে হবে রাউন্ড অফ সিক্সটিন। এদিন এই টুর্নামেন্টের শেষ ষোলোর লড়াইয়ের জন্য লটারি করা হয়।

এক নজরে দেখে নেওয়া যাক রাউন্ড অফ সিক্সটিনের মেগা লড়াইয়ে কে কার মুখোমুখি হতে চলেছে?
- এই টুর্নামেন্টের সব থেকে সফল দল সেভিয়া মুখোমুখি হতে চলেছে ফেনারবাহচের।
- ইউনিয়ন বার্লিন মুখোমুখি হবে ইউনিয়ন সেন্ট গিলসের।
- জুভেন্টাস মুখোমুখি হবে ফ্রেইবর্গের।
- লেভারকুসেন মুখোমুখি হবে ফেরেনকবেরোসের।
- স্পোর্টিং মুখোমুখি হবে আর্সেনালের।
- রোমা খেলবে সোসাইদের বিরুদ্ধে।
- ফেয়েনুর্ড খেলবে শাখতারের বিরুদ্ধে।
- বার্সেলোনাকে হারিয়ে ম্যানচেস্টার ইউনাইটেড মুখোমুখি হবে রিয়াল বেটিসের।
আগামী ৯ মার্চ থেকে শুরু হতে চলেছে রাউন্ড অফ সিক্সটিনের পর্ব। ৩১ মে হাঙ্গেরির বুদাপেস্টের পুস্কাস অ্যরেনাতে এই টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে।


More Stories
হর্ষ – গুরনুরের দুরন্ত অভিষেক, জিতল ভারত
সুভদ্র কেন উইলিয়ামসনের আচমকা অবসর
FIFA Worldcup 2026 : কোরিয়ার চোরাগতিতে বিধ্বস্ত চেকিয়া