Home » মাধ্যমিকের অঙ্ক পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে বিতর্কে বড় ঘোষণা করল পর্ষদ

মাধ্যমিকের অঙ্ক পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে বিতর্কে বড় ঘোষণা করল পর্ষদ

সময় কলকাতা ডেস্ক, ২ মার্চ: বৃহস্পতিবার ২০২৩ সালের মাধ্যমিকের অঙ্ক পরীক্ষা ছিল। কিন্তু অঙ্ক পরীক্ষার একটি প্রশ্ন নিয়ে বিভ্রান্তি তৈরি হয়। অঙ্কের প্রশ্নপত্রে লেখা ছিল, গ্রাফ পেপার দেওয়া হবে। তার পরেও পরীক্ষার্থীদের কোনও গ্রাফ পেপার দেওয়া হয়নি।  যা নিয়ে বিভ্রান্ত হয়ে পড়ে পরীক্ষার্থীরা। পরে বিতর্কও তৈরি হয় এই ভুল প্রশ্ন নিয়ে। এরপরই প্রশ্ন নিয়ে সাফাই দিল মাধ্যমিক শিক্ষা পর্যদ। ব্যাখ্যা দিয়ে পর্যদ সভাপতি জানিয়ে দিলেন, পরীক্ষার্থীরা সঠিক উত্তর দিলে অবশ্যই নম্বর পাবে।

মাধ্যমিকের অঙ্ক পরীক্ষার প্রশ্নপত্রে ১৫-এর ২ নম্বর প্রশ্নে স্পষ্ট লেখা ছিল, সমীকরণের সমাধানের জন্য গ্রাফ পেপার দেওয়া হবে। যদিও তা দেওয়া হয়নি। এতে ভয় পেয়ে যায় পরীক্ষার্থীরা। পরীক্ষার পর আতঙ্কিত পরীক্ষার্থীদের জন্য অবশ্য এক বিবৃতি প্রকাশ করেন মধ্যশিক্ষা পর্ষদের ডেপুটি সচিব (পরীক্ষা) মৌসুমী বন্দ্যোপাধ্যায়। ওই বিবৃতিতে জানানো হয়েছে, অঙ্ক পরীক্ষায় ১৫-র ২ নম্বরের উত্তর লেখার জন্য আলাদা কোনও গ্রাফ পেপার দেয়নি বোর্ড। গত কয়েক বছর ধরেই দেওয়া হচ্ছে না। উত্তরপত্রেই পরীক্ষার্থীদের আঁকতে হবে। আলাদা গ্রাফ পেপারে আঁকার প্রয়োজন নেই।

পর্ষদের দাবি, বিগত তিন বছর ধরে অঙ্ক পরীক্ষায় আলাদা করে কোনও গ্রাফ পেপার দেওয়া হয় না। পরে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় এই প্রসঙ্গে বলেন, ‘পরীক্ষার্থী যদি খাতায় সঠিক উত্তর লেখে, তা হলে সে গ্রাফ আঁকলেও নম্বর পাবে, না আঁকলেও নম্বর পাবে’। যদিও প্রশ্নপত্রে গ্রাফ পেপার দেওয়া হবে বলেও কেন দেওয়া হল না তা জানতে চেয়ে মধ্যশিক্ষা পর্ষদের ডেপুটি সচিবকে চিঠি দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

About Post Author