সময় কলকাতা ডেস্ক,২ মার্চঃ করোনার রেশ কাটতে না কাটতেই ক্রমশ উদ্বেগ বাড়াচ্ছে অ্যাডিনো ভাইরাস। নিত্যদিনই জেলার নানাপ্রান্ত থেকে মিলছে শিশু মৃত্যুর খবর। বুধবার গভীর রাতে ফের তিন একরত্তির মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজন নিউমোনিয়া ও অপরজন আ্যাডিনো ভাইরাসে আক্রান্ত ছিল। সবমিলিয়ে এপর্যন্ত রাজ্যে জ্বর-শ্বাসকষ্টে ৪৯টি বাচ্চার মৃত্যু হয়েছে বলে বেসরকারি সূত্রে খবর। বুধবার রাত ১টা নাগাদ বিসি রায় হাসপাতালে ফের এক শিশুর মৃত্যু হয়েছে। বারাসতের বাসিন্দা ওই শিশুটি গত শনিবার থেকে ভর্তি ছিল হাসপাতালে। শিশুটির বয়স আড়াই মাস। জ্বর-সর্দি-কাশি নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল। চিকিৎসকরা জানিয়েছেন, নিউমোনিয়ায় মৃত্যু হয়েছে শিশুটির।

গত ২১ ফেব্রুয়ারি থেকে কলকাতা মেডিক্যাল কলেজের পেডিয়াট্রিক কেয়ার ইউনিট ভর্তি ছিল ১ বছর ৩ মাস বয়সের এক শিশু। বুধবার রাত আড়াইটে নাগাদ তার মৃত্যু হয়েছে। চিকিৎসকরা জানিয়ছেন, বাচ্চাটির দু’টি ফুসফুসেই সংক্রমণ ছড়িয়ে ছিল। রিপোর্টে অ্যাডিনো পজিটিভ ছিল। বৃহস্পতিবার সকালে আরও এক শিশুর মৃত্যু হয়। মৃত শিশুর নাম অগ্নিসা জানা। সাড়ে তিন বছরের অগ্নিসার বিসি রায় হাসপাতাল মৃত্যু হয়। মঙ্গলবার জ্বর এবং শ্বাসকষ্টে সমস্যার কারণে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসা হয়েছিল তাঁকে। তাপমাত্রা বাড়লেও সংক্রমণ থামছে না। মঙ্গলবারের পর বুধবারে ৮৫টি বাচ্চা বিসি রায় শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। মেডিক্যালে ভর্তি হয়েছে ১৮টি শিশু। দু’টি হাসপাতালেই বাচ্চাদের শয্যা সংখ্যা বাড়ানো হয়েছে। দু’টি হাসপাতালেই পরির্দশন করেন স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগম-সহ স্বাস্থ্য আধিকারিকরা। বিসি রায় হাসপাতালে দ্বিতীয় ক্যাম্পাসে আরও ৭২টি শয্যা বাড়ানো হয়েছে ইতিমধ্যে। মেডিক্যালে আরও ৫০টি শয্যা বাড়ানো হয়েছে।

এদিকে, বৃহস্পতিবার নবান্ন থেকে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ‘রাজ্যে এখনো পর্যন্ত মাত্র দুটি শিশু অ্যাডিনো ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে। বাকি শিশুদের আগে থেকেই ফুসফুসে স্থায়ী সমস্যা বা কনজিনেন্টাল হার্ট ডিজিজ ছিল। এতে ভয় পাওয়ার কিছু নেই। ৫ হাজার বেড রেডি আছে, ৬০০ শিশু চিকিৎসক তৈরি আছেন। করোনার পর থেকেই একটা আতঙ্ক কাজ করছে। তারপর যে কোনও ভাইরাস আসলেই, বাচ্চাদের যত্ন নিতে হবে। বাচ্চারা মাস্ক পরতে পারে না, কিন্তু বাচ্চাদের প্রয়োজন ছাড়া বাইরে না বের করাই ভাল, কারণ বাচ্চারা মাস্ক পরতে পারে না।’ একইসঙ্গে ২৪ ঘণ্টার হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে বলেই জানান মুখ্যসচিব। হেল্প লাইন নম্বরটি হল- ১৮০০৩১৩৪৪৪২২২।


More Stories
ছাত্রীর শ্লীলতাহানি, গণপ্রহার ও গ্রেফতার
আরজিকর কাণ্ডে গ্রেফতার নির্মল ঘোষ
নেতাজির অবমাননায় ব্যবস্থা নেওয়ার নির্দেশ মুখ্যমন্ত্রীর