সময় কলকাতা স্পোর্টস ডেস্ক, ৪ মার্চ: বাংলা ফুটবলের সার্বিক মানোন্নয়ন নিয়ে শনিবার এক আলোচনা সভা হয়। ওই সভায় বাংলার ব্যর্থতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। সন্তোষ ট্রফির মূলপর্বে অপ্রত্যাশিত ব্যর্থতার পর এবার টনক নড়ল আইএফের। ব্যর্থতার কারণ অনুসন্ধানে তিন সদস্যের কমিটি গঠন করল বাংলা ফুটবলের নিয়ামক সংস্থা। এই তিন সদস্যের তালিকায় ঠাঁই পেয়েছেন প্রাক্তন ফুটবলার মনোরঞ্জন ভট্টাচার্য, দেবজিত ঘোষ এবং আই লিগ জয়ী কোচ সঞ্জয় সেন। আগামী দিনে কীভাবে ঘুরে দাঁড়াবে বাংলা ফুটবল? কীভাবে বাংলা দলকে আরও শক্তিশালী করা যায়, সেই বিষয়ে পরামর্শ দেবে এই তিন সদস্যের কমিটি।

পাশাপাশি বাংলা ফুটবলের সার্বিক মানোন্নয়ন নিয়েও পরামর্শ দেবেন কমিটির সদস্যরা। তৃণমূলস্তর থেকে প্রতিভাবান ফুটবলারদের তুলে আনার ব্যাপারেও কাজ করবে এই কমিটি। এদিনের আলোচনায় উপস্থিত ছিলেন আইএফএ সচিব অনির্বাণ দত্ত, কোষাধ্যক্ষ দেবাশীষ সরকার, সহসভাপতি সৌরভ পাল ও স্বরূপ বিশ্বাস-সহ সচিব সুফল রঞ্জন গিরি এবং রাকেশ ঝাঁ। কমিটির তিন সদস্য ছাড়াও এদিনের আলোচনায় ডাকা হয়েছিল একঝাঁক প্রাক্তন ফুটবলারকে। জানা গিয়েছে, এই আলোচনায় উঠে এসেছে বাংলা ফুটবলের বেশ কিছু গঠনমূলক দিকও।

প্রসঙ্গত, এবারের সন্তোষ ট্রফিতে, প্রথম দিকে টানা পাঁচটি ম্যাচ জিতে মূল পর্বের ছাড়পত্র পায় বাংলা দল। কিন্তু মূল পর্বে একটিও ম্যাচ জিততে পারেনি বিশ্বজিৎ ভট্টাচার্যের প্রশিক্ষণাধীন বাংলা দল। মূলপর্বে, দিল্লির সঙ্গে ২-২ গোলে অমীমাংসিতভাবে শেষ করে। এরপর একের পর হারের মুখ দেখে বাংলা দল। সার্ভিসেসের কাছে ১-২ গোলে, মণিপুরের কাছে ১-৪ গোলে হেরে শেষ চারের দৌড় থেকে ছিটকে যায় বাংলা। এমনকি,নিয়মরক্ষার ম্যাচেও রেলের কাছে ০-১ গোল এবং মেঘালয়ের বিরুদ্ধে ১-২ গোলে পরাজিত হয় বাংলা দল। সন্তোষ ট্রফির মূলপর্বে বাংলার ভরাডুবি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। এবার বাংলার ফুটবলের হাল ফেরাতে উদ্যোগী হল বাংলার ফুটবল প্রশাসন।


More Stories
শক্তিশালী দল গড়ছে মোহনবাগান, রেকর্ড অর্থে এলেন ছাঙতে
আর্জেন্টিনা এখন টিএমসির মতো : দিলীপ ঘোষ
বিশ্বকাপের নতুন মারাদোনা কে?