সময় কলকাতা ডেস্ক, ৭ মার্চ: সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরের ডিসেম্বর মাসেই এসপ্ল্যানেড থেকে গঙ্গার তলা দিয়ে যাত্রীদের নিয়ে মেট্রো চলাচল শুরু করবে হাওড়া ময়দান পর্যন্ত। এই পর্যায়ের কাজ প্রায় শেষ। সোমবার ইস্ট-ওয়েস্ট মেট্রোর নির্মানকারী সংস্থা কেএমআরসিএল-এর (KMRCL) নবনিযুক্ত এমডি হরিনাথ জয়সওয়াল জানিয়েছেন বউবাজারের সবচেয়ে বিপজ্জনক অংশের কাজও প্রায় শেষ হয়েছে। ফলে ওই অংশের বাকি কাজও দ্রুত শেষ করা হবে। তিনি আরও জানান, এপ্রিল মাসেই এসপ্ল্যানেড থেকে গঙ্গার তলা দিয়ে হাওড়া ময়দান পর্যন্ত মেট্রোর ট্রায়াল রান শুরু হবে।

কলকাতার ইস্ট-ওয়েস্ট মেট্রো এখন যাত্রী পরিষেবা দিচ্ছে শিয়ালদা থেকে সেক্টর ফাইভ পর্যন্ত। গত বছর মধ্য কলকাতার বউবাজার এলাকায় ঘটে গিয়েছিল সবচেয়ে বড় বিপর্যয়। বউবাজারের সামান্য কিছু অংশে মাটির তলায় জয়েন্ট বক্স তৈরির সময় মাটি ফুঁড়ে বেরিয়ে এসেছিল জলের স্রোত। এর জেরে ধস নেমেছিল বেশ কয়েকটি বাড়িতে। তীব্র আতঙ্ক ছড়িয়েছিল বউবাজারের দূর্গা পিতুরি লেন-সহ আশেপাশের এলাকায়। বিপজ্জনক বাড়িগুলি খালি করতে হয়েছিল। অবশেষে সব বাঁধা কাটিয়ে বউবাজারের ওই অংশে মাটির তলায় মেট্রোর কাজ সম্পন্ন হয়েছে। প্রায় ৯ মাস পর ক্ষতিগ্রস্ত অংশে কংক্রিটের স্ল্যাব বসানোর কাজ শেষ হয়েছে। কেএমআরসিএল-এর এমডি জানিয়েছেন, ‘বউবাজারে বিপর্যস্ত অংশের কাজ শেষ হয়েছে। এটা খুব গুরুত্বপূর্ণ। আমরা ডিসেম্বরেই এসপ্ল্যানেড (Esplanade) থেকে হাওড়া ময়দানের মধ্যে যাত্রী পরিষেবা শুরু করব। বেশিরভাগ কাজই শেষ হয়ে গিয়েছে’।

ইস্ট-ওয়েস্ট মেট্রো সূত্রে জানা যাচ্ছে, এপ্রিলেই শিয়ালদা থেকে পূর্বমুখী টানেল দিয়ে দুটি মেট্রো রেক নিয়ে যাওয়া হবে এসপ্ল্যানেডের দিকে। এরপর কয়েকমাস ধরে এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দানের মধ্যে ট্রায়াল রান। সবকিছু ঠিকঠাক থাকলে কমিশনার অফ রেলওয়ে সেফটির (সিআরএস) ছাড়পত্রের জন্য আবেদন করা হবে। এরপর সিআরএস ছাড়পত্র দিলেই শুরু করা হবে যাত্রী পরিষেবা। মেট্রো সূত্রে জানা যাচ্ছে, গঙ্গার নীচ দিয়ে যাওয়ার আগে ও পরে অনেকটা উৎরাইয়ে নেমে আবার চড়াইয়ে উঠবে ট্রেন। ফলে ট্রায়াল রানের সময় রেক সামনের দিক থেকে টেনে নিয়ে যাওয়ার পাশাপাশি পিছন থেকে (ব্যাঙ্কার ইঞ্জিন) ঠেলা দেওয়ার ব্যবস্থাও করা হবে। ঠিক যেমন রেলের ঘাট সেকশনে পুশ-পুল ইঞ্জিন ব্যবহার করা হয়। তবে পুরোপুরি পরিষেবা চালু হলে এর দরকার হবে না। এখন ট্রায়াল রান চলাকালীন সিগন্যাল ব্যবস্থা, অন্যান্য নিরাপত্তাজনিত ব্যবস্থা এবং প্ল্যাটফর্মে স্বয়ংক্রিয় স্ক্রিনডোর ব্যবস্থা পুরোপুরি ঠিক আছে কিনা দেখা হবে।


More Stories
গ্রেফতার কলকাতা পুরসভার দুই কাউন্সিলর
বঙ্গে পূর্ণাঙ্গ মন্ত্রিসভার গঠন
বিশেষ চাহিদাসম্পন্নদের ভালোবাসায় মুগ্ধতার বিশেষ প্রয়াস