Home » দু’দিনের বঙ্গ সফরে রাষ্ট্রপতি ,বিশেষ উদ্যোগ মমতার 

দু’দিনের বঙ্গ সফরে রাষ্ট্রপতি ,বিশেষ উদ্যোগ মমতার 

সময় কলকাতা ডেস্ক,১৫ মার্চঃ দু’দিনের বঙ্গ সফরে আসছেন দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ভারতের রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়ার পর এই প্রথমবার পশ্চিমবঙ্গ সফরে আসছেন তিনি। রাষ্ট্রপতির দু’দিনের এই সফরে তাঁকে নাগরিক সংবর্ধনা দিতে চলেছে রাজ্য সরকার। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।


জানা গিয়েছে আগামী ২৭ মার্চ কলকাতা পৌঁছবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। কলকাতায় এসে প্রথমেই তিনি যাবেন এলগিন রোডে নেতাজি সুভাষচন্দ্র বসুর বাসভবনে। এরপর তিনি যাবেন জোড়াসাঁকোতে। ঠাকুরবাড়ি পরিদর্শনের পর ইউকো ব্যাংকের একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথাও রয়েছে রাষ্ট্রপতির। এরপর এদিন বিকেলেই নেতাজি ইনডোর স্টেডিয়ামে তাঁকে সংবর্ধনা দেওয়া হবে। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর উদ্যোগেই এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে বলেই জানা গিয়েছে। এরপর ২৮ তারিখ বেলুড় মঠে যাওয়ার পরিকল্পনা রয়েছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর। তারপর শান্তিনিকেতন হয়ে দিল্লি ফিরে যাবেন বলেই সূত্রের খবর। জানা গিয়েছে,বিশ্বভারতীতে সমাবর্তন উৎসবের আয়োজন করা হচ্ছে। সেই অনুষ্ঠানে যোগ দিতে শান্তিনিকেতন যাবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।


প্রসঙ্গত, ভারতের প্রথম আদিবাসী মহিলা হিসাবে রাষ্ট্রপতি পদে নির্বাচিত হয়েছিলেন দ্রৌপদী মুর্মু। রাষ্ট্রপতি নির্বাচনে তাঁর বিরুদ্ধে বিরোধী দলগুলির হয়ে প্রার্থী ছিলেন সেসময়ের তৃণমূল সদস্য যশোবন্ত সিনহা। রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে নাম ঘোষণা হওয়ার পর তিনি তৃণমূল থেকে ইস্তফা দিয়েছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় পরে জানিয়েছিলেন, তিনি যদি আগে থেকে জানতেন দ্রৌপদী মুর্মুকে রাষ্ট্রপতি হিসাবে দাঁড় করাতে চলেছে এনডিএ, তাহলে অন্যকিছু সিদ্ধান্ত নিতে পারতেন। যদিও দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি পদে নির্বাচিত হওয়ার পরই টুইটে শুভেচ্ছা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

About Post Author