Home » হাইকোর্টে ধাক্কা খেল বিকাশ! মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আদালত অবমাননার মামলাতে না

হাইকোর্টে ধাক্কা খেল বিকাশ! মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আদালত অবমাননার মামলাতে না

সময় কলকাতা ডেস্ক, ১৬ মার্চ: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের করা মন্তব্য নিয়ে আদালত অবমাননার মামলায় অনুমতি দিল না কলকাতা হাইকোর্ট। তবে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ বৃহস্পতিবার জানিয়ে দিল, এখনই নয়, বিষয়টি তাঁরা পরে বিবেচনা করবেন। ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, এই মন্তব্য সরাসরি আদালত অবমাননা কিনা সেটা ভাববার বিষয়। এরপরই আদালত অবমাননার মামলাটি আপাতত ঠান্ডা ঘরে পাঠিয়ে দেয় হাইকোর্ট। আইনজ্ঞমহলের মতে, এই মামলা করতে গিয়ে হাইকোর্টে বড় ধাক্কা খেলেন বাম নেতা তথা আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য।

মঙ্গলবার আলিপুর আদালতে এক অনুষ্ঠানে নিয়োগ দুর্নীতিতে চাকরিহারাদের পাশে দাঁড়িয়ে মন্তব্য করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছিলেন, ‘প্রধান বিচারপতি এখানে নেই।  আমি সুব্রতদাকে (সুব্রত তালুকদার) বলব, এটা আমার ব্যক্তিগত মত, দয়া করে এত সহজে চাকরি কেড়ে নেবেন না’। এই মন্তব্যের পরিপ্রেক্ষিতেই বুধবার আদালত অবমাননার মামলা দায়ের করতে চেয়েছিলেন বিকাশরঞ্জন ভট্টাচার্য। যদিও তাঁর আর্জি ছিল হাইকোর্টই স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করুক। কিন্তু প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ তা খারিজ করে দিয়ে হলফনামা জমা দিতে বলেছিল।

পাশাপাশি হাইকোর্ট বলেছিল মামলা দায়ের করতে। সূত্রের খবর, এদিন এই দুঁদে আইনজীবী যাবতীয় অভিযোগ তুলে ধরে কলকাতা হাইকোর্টে হলফনামা জমা দিয়েছেন। কিন্তু মামলা দায়ের করেননি। কারণ হিসেবে তিনি বলেন, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আদালত অবমাননার মামলার জন্য রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের স্বাক্ষর প্রয়োজন। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মামলায় রাজ্যের আইনজীবী স্বাক্ষর করবেন না, সেটাই স্বাভাবিক। সেই কারণেই তিনি মামলার পথে হাঁটছেন না।  তবে স্বতঃপ্রণোদিত মামলার আর্জিও এদিন হলফনামায় জানিয়েছেন বিকাশরঞ্জন ভট্টাচার্য। এখন আদালত কী সিদ্ধান্ত নেয় তার দিকেই তাঁকিয়ে তিনি।

About Post Author