Home » এবার আইপিএলে দিল্লি ক্যাপিটালসের বড় দায়িত্বে মহারাজ

এবার আইপিএলে দিল্লি ক্যাপিটালসের বড় দায়িত্বে মহারাজ

সময় কলকাতা স্পোর্টস ডেস্ক, ১৬ মার্চ: প্রাক্তন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় এই মুহূর্তে ক্রিকেট প্রশাসনের কোনও দায়িত্বে নেই। তাই আইপিএল দলগুলি ঝাঁপিয়েছে প্রাক্তন ভারত অধিনায়ককে কোনও না কোনও দায়িত্ব দিতে। কিন্তু বাজি জিতল দিল্লি ক্যাপিটালস। এবার মহারাজকে ‘ডিরেক্টর অব ক্রিকেট’ ঘোষণা করল আইপিএলের দল দিল্লি ক্যাপিটালস।  দিল্লি ফ্র্যাঞ্চাইজির মোট চারটি দলের দায়িত্ব পেয়েছেন ভারতীয় ক্রিকেটের অন্যতম সফল অধিনায়ক।

আইপিএলে বড় দায়িত্ব পেলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। পুরুষদের আইপিএলের পাশাপশি মহিলাদের আইপিএল, দক্ষিণ আফ্রিকার টি২০ প্রতিযোগিতা, ও দুবাইয়ের আন্তর্জাতিক টি২০ লিগে অংশগ্রণ করে দিল্লির এই ফ্র্যাঞ্চাইজিটি। এবার এই চারটি টুর্নামেন্টেই এই ফ্র্যাঞ্চাইজির ডিরেক্টর অব ক্রিকেটের ভূমিকায় দেখা যাবে বাংলার মহারাজকে। অতীতে তিনি এই ফ্র্যাঞ্চাইজির সঙ্গে কাজ করেছেন। ফলে দিল্লি ক্যাপিটালে দ্বিতীয় ইনিংস শুরু করতে চলেছেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন  অধিনায়ক।

আসন্ন আইপিএলের আগে দলের খোলনলচে বদলে ফেলেছে দিল্লি ক্যাপিটালস। দলের নতুন অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছে প্রাক্তন অজি ওপেনার ডেভিড ওয়ার্নারকে। সড়ক দুর্ঘটনায় ঋষভ পন্থ  গুরুতর জখম হওয়ার পর দিল্লির অধিনায়ক কে হবেন তানিয়ে চর্চা চলছিল ক্রিকেট মহলে। কিন্তু জল্পনার অবসান করে ডেভিড ওয়ার্নারের নাম ঘোষণা করে দিল্লি। এর সঙ্গে সহ অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে টি ২০, ওডিআই, টেস্টে  জাতীয় দলের হয়ে দুরন্ত ফর্মে থাকা অলরাউন্ডার অক্ষর প্যাটেলকে। অধিনায়ক, সহ অধিনায়ক পরিবর্তন হলেও কোচের পদে বহাল থাকছেন প্রাক্তন অস্ট্রেলিয়ার অধিনায়ক রিকি পন্টিং। এবার ডিরেক্টর পদে নিয়োগ করা হল সৌরভ গঙ্গোপাধ্যায়কে। এছাড়াও সৌরভে গঙ্গোপাধ্যায়ের  হাত ধরে দিল্লি ক্যাপিটালের নতুন ম্যানেজার হলেন বাংলার প্রাক্তন ক্রিকেটার জয়দীপ মুখোপাধ্যায়।

বৃহস্পতিবার দলের ট্যুইটার হ্যান্ডেল থেকে ট্যুইট করে দিল্লির ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে নতুন দায়িত্বের জন্য প্রাক্তন বোর্ড সভাপতিকে শুভেচ্ছাও জানানো হয়েছে। আর নতুন দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত সৌরভ জানিয়েছেন, আগামীদিনে ভালো খেলার লক্ষ্যে মাঠে নামবে দিল্লি ক্যাপিটালস। এখন ভারত ও অস্ট্রেলিয়ার জুটি আগামীদিনে দিল্লি ক্যাপিটালসকে সাফল্য দিতে পারে কিনা, তার  উত্তর মিলবে সময়ে।

About Post Author