Home » মুকুল রায়ের মস্তিষ্কে অস্ত্রোপচার করে ‘চিপ’ বসানো হল

মুকুল রায়ের মস্তিষ্কে অস্ত্রোপচার করে ‘চিপ’ বসানো হল

মুকুল রায়ের অস্ত্রোপচার

সময় কলকাতা ডেস্ক, ১৮ মার্চ: দীর্ঘদিন ধরেই স্নায়ুর সমস্যায় ভুগছিলেন কৃষ্ণনগর উত্তর বিধানসভার বিধায়ক মুকুল রায়। সেই সঙ্গে ভুলে যাওয়ার রোগ হয়েছিল তাঁর। চিকিৎসকরা জানিয়েছিলেন অসুস্থ মুকুল রায়ের মস্তিষ্কে জল জমছিল। ফলে তাঁর দ্রুত অস্ত্রোপচার প্রয়োজন। গত বৃহস্পতিবার বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে মুকুল রায়ের অস্ত্রোপচার হয়। শনিবার তাঁর পরিবারের তরফে জানানো হল আপাতত স্থিতিশীল বিধায়ক। তাঁর মস্তিষ্কে চিপ বসানো হয়েছে বলেও পরিবারের দাবি।

মুকুল ঘনিষ্ঠ সূত্রে খবর, গত ফেব্রুয়ারি মাসেই কলকাতার ওই বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় মুকুল রায়কে। স্নায়ুর সমস্যায় তাঁর মস্তিষ্কে জল জমছিল। যদিও সেই জল সাময়িকভাবে বের করেন চিকিৎসকরা। তবুও একাধিক উপসর্গ দেখা দিচ্ছিল বর্ষীয়ান বিধায়কের। চিকিৎকরা জানিয়েছিলেন ‘সর্ট টার্ম মেমরি লস’ বা সাময়িকভাবে ভুলে যাচ্ছিলেন মুকুল। সেই সময়ই চিকিৎসকরা তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করে চিপ বসানোর প্রস্তাব দিয়েছিলেন। পরিবার সূত্রে জানা যাচ্ছে, মার্চ মাসেই এই অস্ত্রোপচার করার সিদ্ধান্ত হয়। সেই মতো গত বৃহস্পতিবার অস্ত্রোপচার করে মুকুলের মস্তিষ্কে চিপ বসিয়ে দেন চিকিৎসকরা। আপাতত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই জানিয়েছেন মুকুল পুত্র শুভ্রাংশু রায়।

মুকুলের ঘনিষ্ট মহলের দাবি, স্নায়ুজনিত সমস্যার জেরে ব্যালান্সিংয়ের সমস্যা তৈরি হচ্ছিল বিধায়কের। তিনি ঠিকঠাক দাঁড়াতে পারছিলেন না। এছাড়া তাঁর সর্ট টার্ম মেমরি লস হচ্ছিল। অর্থাৎ তিনি দ্রুত সবকিছু ভুলে যাচ্ছিলেন। কোনও কথা ঠিকঠাক মনে রাখতে পারছিলেন না। হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে, অস্ত্রোপচারের পর তাঁর স্নায়ুজনিত সমস্যা মিটবে। পাঁচ থেকে সাত দিন পর তিনি দাঁড়াতে পারবেন। তবে ভুলে যাওয়ার সমস্যা ঠিক হতে সময় লাগবে। তবে কবে নাগাদ তাঁকে হাসপাতাল থেকে ছাড়া হতে পারে তা জানায়নি কোনও পক্ষই।

আরও পড়ুন কেমন থাকবে আজকের আবহাওয়া  

মুকুল রায় ২০১৯ লোকসভা ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন। এর আগে পর্যন্ত তিনি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আস্থাভাজন ছিলেন। এরপর ২০২১ বিধানসভা নির্বাচনে তিনি কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির টিকিটে ভোটে লড়ে প্রথমবার জয়লাভ করেন। কিন্তু ওই বছরই জুন মাসে তিনি আচমকা তৃণমূল ভবনে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে ফিরে আসেন। যা মোটেই ভালো চোখে দেখেনি বঙ্গ বিজেপি। মুকুল কোন দলে জানতে মামলা চলছে।

About Post Author