Home » দাপুটে ফুটবলে জয় ডাচ বাহিনীর

দাপুটে ফুটবলে জয় ডাচ বাহিনীর

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২৮ মার্চ: ইউরো যোগ্যতা পর্বের প্রথম ম্যাচে ফ্রান্সের কাছে ৪-০ গোলে হারলেও দ্বিতীয় ম্যাচে প্রত্যাবর্তন করল নেদারল্যান্ডস। সোমবার ভারতীয় সময় মধ্যরাতে রটেরডামে দি কুইপ স্টেডিয়ামে জিব্রাল্টারের বিরুদ্ধে মাঠে নামে ডাচরা। এই ম্যাচে দুর্বল জিব্রাল্টারের বিরুদ্ধে একাধিপত্য নিয়ে খেলে গেরুয়া জার্সিধারীরা। গোটা ম্যাচে ৮৭ শতাংশ বলের দখল ছিল ডিপে, গ্যাকপোদের দখলে। এদিন বিপক্ষের গোল লক্ষ্য করে মোট ৫০ টি শট নেন ডাচ আক্রমণভাগের ফুটবলাররা। নিশানা ঠিক রাখতে পারলে এদিন এক ম্যাচে সর্বোচ্চ গোলের নজির গড়তে পারতেন তাঁরা।

আরও পড়ুন    পাভার্ডের দুরন্ত গোল, মেগনানের অবিশ্বাস্য সেভ আয়ারল্যান্ডকে হারাল ফ্রান্স

প্রথমার্ধের ২৩ মিনিটে ডাচ সেন্টার ফরওয়ার্ড মেমফিস ডিপের গোলে এগিয়ে যায় নেদারল্যান্ডস। এরপর প্রথমার্ধে বেশ কয়েকবার গোলের সুযোগ তৈরি হলেও ব্যবধান বাড়েনি। দ্বিতীয়ার্ধের ৫০ মিনিট পর্যন্ত ডাচ শিবিরকে অপেক্ষা করতে হয় দ্বিতীয় গোলের জন্য। ডুমফ্রিসের পাস থেকে গোল করেন সেন্টার হাফ ন্যাথান আকে। ম্যাচের ৫২ মিনিটে জিব্রাল্টার শিবিরে ফের ধাক্কা। লাল কার্ড দেখে মাঠ ছাড়েন মিডফিল্ডার লিয়াম ওয়াকার। ম্যাচের ৮২ মিনিটে জিব্রাল্টারের কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন সেই ন্যাথান আকে।

এই জয়ের ফলে গ্রুপ বি-র তিন নম্বরে উঠে এল রোনাল্ড কোম্যানের দল। বিশ্বকাপে ব্যর্থতার পর দলের দায়িত্ব থেকে লুই ফান হালকে সরিয়ে নিয়ে আসা হয় প্রাক্তন বার্সেলোনার কোচ রোনাল্ড কোম্যানকে। এখন কোম্যানের স্পর্শে ডাচ শিবিরে অতীত গৌরব ফেরে কিনা সেদিকে তাকিয়ে ডাচ ফুটবল মহল।

আরও পড়ুন   মহিলা প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স

ইউরো যোগ্যতা পর্বের বাকি ম্যাচে আজেরাবাইজনকে ৫-০ গোলে বিধ্বস্ত করল সুইডেন। মন্টেনিগ্রোকে ২-০ গোলে হারাল সার্বিয়া। আলবেনিয়াকে ১-০ গোলে হারাল পোল্যান্ড। এস্তোনিয়ার বিরুদ্ধে ১-০ গোলে জয় পেল অস্ট্রিয়া। বুলগেরিয়াকে ৩-০ গোলে হারাল হাঙ্গেরি। চেক ও মলদোভার খেলা শেষ হল গোলশূন্য।

About Post Author