Home » চোকার্স তকমা ঘোঁচাতে মরিয়া আরসিবি!

চোকার্স তকমা ঘোঁচাতে মরিয়া আরসিবি!

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৩১ মার্চ: প্রতিবছর সাড়া জাগিয়ে আইপিএলে সফর শুরু করে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। কিন্তু শেষে প্রত্যাশা পূরণে ব্যর্থ থেকে যায়। আর জোটে চোকার্স  তকমা। আই পিএলের মোট ১৫ টি সংস্করণের মধ্যে এক বারও ট্রফির স্বাদ পায়নি আরসিবি। ২০০৯, ২০১১, ২০১৬ সালে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করলেও ফিরতে হয়েছিল খালি হাতে। তবে খেলার মাঠে সাফল্য না আসলেও মাঠের বাইরে ব্র্যান্ড হিসেবে যথেষ্ট সফল ব্যাঙ্গালোরের এই ফ্র্যাঞ্চাইজি। দলে রয়েছেন বর্তমান সময়ে বিশ্ব ক্রিকেটার অন্যতম সেরা ক্রিকেটার বিরাট কোহলি। জন্মলগ্ন থেকেই এই দলে রয়েছেন তিনি। দলকে অনেক বছর নেতৃত্বও দিয়েছেন। এছাড়াও ক্রিস গেইল, ডেল স্টেনের মত তারকারা খেলে গিয়েছেন এই দলে। কিন্তু তাতেও ভাগ্য ফেরেনি। এবার ভাগ্য বদলাতে মরিয়া আরসিবি।

আরও পড়ুন    ফের স্বমহিমায় আইপিএল! এবার সম্পূর্ণ বিনামূল্যে দেখা যাবে আইপিএল

অভিজ্ঞতা ও তারুন্যের সংমিশ্রণে তৈরি এবারের রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের দল। দলে বিরাট কোহলি, দীনেশ কার্তিক, মহম্মদ সিরাজের মত জাতীয় দলে দীর্ঘদিন খেলা অভিজ্ঞ ক্রিকেটাররা যেরকম রয়েছেন, সেরকমই রয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল, ফাফ ডুপ্লেসি, জস হেজেলউড, মাইকেল ব্রেসওয়েলের মত বিশ্ব ক্রিকেটের অভিজ্ঞ ক্রিকেটারেরা। এর পাশাপাশি দলে রয়েছেন একঝাঁক নতুন মুখ। রজত পাতিদার, শাহবাজ আহমেদ, আকাশ দীপ, অবিনাশ সিংয়ের মত একঝাঁক প্রতিশ্রুতিমান তরুণ। বিশেষত এবার ক্রিকেটপ্রেমীদের নজরে থাকবেন অবিনাশ সিং। ঘণ্টায় ১৫০ কিলোমিটার গতিতে বল করতে পারেন জম্মু কাশ্মীরের এই তরুণ ক্রিকেটার। অনেকেই উমরান মালিকের সঙ্গে তাঁর তুলনা টানছেন। এর সঙ্গে উইল জ্যাকস, রিস টপলির মত কিছু অনামী প্রতিশ্রুতিমান বিদেশী ক্রিকেটার দলে রয়েছেন। যারা যেকোনো সময়ে ম্যাচের রং বদলে দিতে পারেন।

আরও পড়ুন    একনজরে পঞ্জাব কিংস

যদিও চোট আঘাত চিন্তায় রেখেছে দলকে। ম্যাক্সওয়েল পুরোপুরি সুস্থ নন। চোট রয়েছে অজি পেস বোলার হ্যাজেলউডের। এই পরিস্থিতিতে দলকে ভরসা করতে হবে জাতীয় দলে খেলা দুই অভিজ্ঞ পেসার মহম্মদ সিরাজ ও হর্শল প্যাটেলের উপর। পাশাপাশি আরসিবি থিঙ্কট্যাঙ্ককে চিন্তায় রেখেছে বিরাটের ফর্ম। সব মিলিয়ে এবার ভাগ্যের চাকা ঘোরাতে মরিয়া আরসিবি শিবির।

About Post Author