Home » ফের স্বমহিমায় আইপিএল! এবার সম্পূর্ণ বিনামূল্যে দেখা যাবে আইপিএল

ফের স্বমহিমায় আইপিএল! এবার সম্পূর্ণ বিনামূল্যে দেখা যাবে আইপিএল

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৩১ মার্চ: ফের স্বমহিমায় বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএল। বিগত কয়েক বছর করোনা অতিমারির কারণে নমো নমো করে এই টুর্নামেন্টের আয়োজন করতে হয় উদ্যোক্তাদের। কখনও আইপিএল পাড়ি জমিয়েছে দুবাইয়ে, কখনও কঠিন বিধি নিষেধের কারণে খেলা উপভোগ থেকে বঞ্চিত থেকেছেন সমর্থকরা। এমনকি উঠে গিয়েছিল হোম-আওয়ে ফরম্যাট।

আরও পড়ুন    চাকরির দাবিতে ৩ এপ্রিল থেকে লংমার্চ গ্রুপ ডি চাকরিপ্রার্থীদের

আইপিএলের জন্য অপেক্ষা করে থাকেন বিশ্বের ক্রিকেটপ্রেমীরা। ভারতীয় ক্রিকেটপ্রেমীরা তো বটেই। এবার সব বাঁধা বিপত্তি অতিক্রম করে ফিরল চেনা আইপিএল। হোম-আওয়ে মিলিয়ে দেশের মোট দশটি শহরে বসতে চলছে আইপিএলের মেগা আসর। অর্থাৎ এবার সারা দেশের ক্রিকেটপ্রেমীরা নিজের ঘরের শহরের স্টেডিয়ামে গিয়ে খেলা দেখার সুযোগ পাবেন। আর যারা স্টেডিয়ামে যেতে পারবেন না, তাঁরা ঘরে বসেই এবার বিনামূল্যে আইপিএলের বিনোদন উপভোগ করতে পারবেন। এতদিন আইপিএলের অনলাইন স্ট্রিমিংয়ের স্বত্ব ছিল ডিজনি প্লাস হটস্টারের হাতে। ল্যাপটপে বা মোবাইলে ম্যাচ দেখতে হলে মোটা টাকা খরচ করে সাবস্ক্রিপশন নিতে হত উপভোক্তাদের। তবে আগামী ৫টি মরশুমের জন্য আইপিএলের অনলাইন স্বত্ব কিনে নিয়েছে মুকেশ আম্বানির সংস্থা ভায়াকম ১৮। ফলে এখন গ্যাঁটের কড়ি না খসিয়েই জিও সিনেমায় আইপিএল উপভোগ করতে পারবেন উপভোক্তারা।

আরও পড়ুন    রামনবমীর পুজো দিতে গিয়ে মন্দিরের কুয়োয় পড়ে মৃতের সংখ্যা বেড়ে ৩৫

শুক্রবার টুর্নামেন্টের উদ্বোধন হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। সূত্রের খবর, উদ্বোধনী অনুষ্ঠান মাতাতে থাকবেন অরিজিৎ সিং, তমন্না ভাটিয়া, রশ্মিকা মন্দনার মত চিত্র তারকারা। আইপিএলের ১৬ তম সংস্করণের উদ্বোধনী ম্যাচে গুজরাট টাইটানের মুখোমুখি চেন্নাই সুপার কিংস। গতবছর, প্রথম মরশুমেই চ্যাম্পিয়ন হয়ে চমক দিয়েছিল হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন গুজরাট টাইটানস। এবার লিগের রীতি মেনে উদ্বোধনী ম্যাচে তারা মুখোমুখি মোট চারবার এই লিগ জেতা চেন্নাই সুপার কিংসের। যেই দলের অধিনায়ক আবার ভারতীয় ক্রিকেটের প্রাক্তন ও অন্যতম সফল অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ক্রিকেট মহলের একাংশে গুঞ্জন, এটাই সম্ভবত প্রাক্তন ভারত অধিনায়কের শেষ আইপিএল। যদি এই গুঞ্জন সত্যি হয়, তবে আইপিএলের এই ১৬ তম সংস্করণ ধোনি ভক্তদের জন্য বিশেষভাবে তাৎপর্যপূর্ণ।

About Post Author