Home » একনজরে পঞ্জাব কিংস

একনজরে পঞ্জাব কিংস

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৩০ মার্চ: আইপিএলের উদ্বোধনী মরশুম থেকে খেলছে কিংস একাদশ পঞ্জাব। এই ফ্র্যাঞ্চাইজির অন্যতম মালিক বলিউডের গ্ল্যামার কুইন প্রীতি জিন্টা। ফলে গ্ল্যামারে বাকি দলগুলিকে গুণে গুণে দশ গোল মারতে পারে পঞ্জাব। কিন্তু মাঠে এখনও সেই অর্থে সাফল্য আসেনি এই দলের। ২০১৪ সালে একমাত্র আইপিএলের ফাইনালে ওঠে পঞ্জাব।

কিন্তু সেবার প্রীতি জিন্টার দলকে হারতে হয়েছিল কিং খানের কলকাতা নাইট রাইডার্সের কাছে। আইপিএলের প্রথম বছর সেমি ফাইনাল খেলেছিল পঞ্জাব। আর বাকি বছরগুলিতে শুধুই ব্যর্থতা। মোট ১৩ বার গ্রুপ স্টেজ থেকে বিদায় নিতে হয়েছে। এরকম হতশ্রী পারফরম্যান্স আইপিএলে খুব কম দলেরই রয়েছে। এর মধ্যে আবার কিংস একাদশ পঞ্জাব নাম বদলে হয়েছে পঞ্জাব কিংস। কিন্তু নাম বদল হলের ভাগ্য বদল হয়নি।

আরও পড়ুন   ঋষভের বদলে দিল্লিতে বাংলার অভিষেক!

তাই আসন্ন আইপিএলে নিজেদের ভাগ্যের চাকা ঘোরাতে মরিয়া পঞ্জাবের দলটি। এবার গোটা দলটিকে নতুন মোড়কে সাজিয়েছে পঞ্জাব কিংস থিঙ্ক ট্যাঙ্ক। দলের অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছে জাতীয় দলের প্রাক্তন ওপেনার শিখর ধওয়ানকে। দেশী বিদেশী মিলিয়ে দলের ব্যাটিং অর্ডার যথেষ্ট শক্তিশালী। অধিনায়কের পাশাপাশি দলে রয়েছেন শাহরুখ খান, সিকান্দার রাজা, ভানুকা রাজাপক্ষে, লিয়াম লিভিংস্টনের মত ধ্বংসাত্মক ব্যাটাররা। যদিও ব্রিটিশ বিশ্বকাপজয়ী ক্রিকেটার জনি বেয়ারস্টোর চোট কিছুটা বিপাকে ফেলেছে পঞ্জাব দলের ম্যানেজমেন্টকে।  ব্যাটিংয়ের পাশাপশি বোলিং বিভাগও যথেষ্ট শক্তিশালী।

আরও পড়ুন   ইস্টবেঙ্গল মাঠে এবার চুলবুল পাণ্ডে?

দেশের হয়ে দুরন্ত ফর্মে থাকা অর্শ্বদ্বীপ সিংয়ের সঙ্গে দলে রয়েছেন দক্ষিণ আফ্রিকার স্পিড স্টার কাগিসো রাবাডা ও ইংল্যান্ডের স্যাম কুরান। এবার নিলামে রেকর্ড অর্থে গত বিশ্বকাপের ম্যান অফ দ্যা টুর্নামেন্ট কুরানকে দলে নিয়েছে পঞ্জাব। বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়েও দলকে ভরসা যোগাচ্ছেন এই ২৪ বছরের ব্রিটিশ ক্রিকেটার। যদিও ভারতীয় স্পিন সহায়ক মন্থর পিচে পঞ্জাবকে ভরসা করতে হবে একমাত্র রাহুল চাহারের ওপর। পয়লা এপ্রিল ঘরের মাঠে নাইটদের বিরুদ্ধে আইপিএল অভিযান শুরু করবে পঞ্জাব। এখন দুর্বলতাগুলিকে ছাপিয়ে এই দল নতুন রূপে ঘুরে দাঁড়াতে পারে কিনা সেদিকেই তাকিয়ে সমর্থকরা।

About Post Author