সময় কলকাতা ডেস্ক, ১৩ এপ্রিল: নিয়োগ দুর্নীতি কান্ডের ধৃত কুন্তল ঘোষের অভিযোগের ভিত্তিতে নিম্ন আদালত কিংবা পুলিশ কোনও পদক্ষেপ করতে পারবে না এবার এমনটাই অন্তর্বর্তী নির্দেশ জারি করল কলকাতা হাই কোর্ট। গত সপ্তাহেই আদালতে পেশ করার সময় সংবাদ মাধ্যমের সামনে বহিষ্কৃত তৃণমূল কংগ্রেস যুবনেতা দাবি করেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা তাকে দিয়ে জোর করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলানোর চেষ্টা করছেন। এরপর কুন্তল ঘোষ, মধ্য কলকাতার হেস্টিংস থানায় প্রেসিডেন্সি জেলের সুপারের মাধ্যমে একটি অভিযোগ দায়ের করেছিল কেন্দ্রীয় তদন্ত কারী সংস্থার বিরুদ্ধে।

কেন্দ্রীয় সংস্থার বিরুদ্ধে হেস্টিংস থানা ও আলিপুর আদালতে কুন্তল ঘোষের অভিযোগপত্র দেখতে চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয় ইডি। বুধবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণ করেন ইডি’র আইনজীবী। তদন্তকারীদের বিরুদ্ধে কি অভিযোগ রয়েছে, তা জানতে চাওয়া হয় আদালতে। ইডি’র আইনজীবীর দাবির পরিপ্রেক্ষিতে নিম্ন আদালতে জমা দেওয়া কুন্তল ঘোষের অভিযোগপত্র বুধবারের মধ্যে দক্ষিণ ২৪ পরগনার জেলা বিচারককে পেশ করার জন্য নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
আরও পড়ুন প্রয়াত জাতীয় পুরস্কারজয়ী মৃণাল সেনের নায়িকা উত্তরা বাওকর

অন্তর্বর্তী নির্দেশে তিনি বলেন, কুন্তল ঘোষের অভিযোগের ভিত্তিতে নিম্ন আদালত এবং পুলিশ কোনও পদক্ষেপ করতে পারবে না। পাশাপাশি হেস্টিংস থানাকেও অভিযোগপত্র হাই কোর্টে পেশ করার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ দেন তিনি। এমনকি বিচারপতি গঙ্গোপাধ্যায় ডেডলাইন ঠিক করে দেন এদিন দুপুর ৩টে। বিচারপতি গঙ্গোপাধ্যায় এদিন বলেন, “এটা মারাত্মক প্রবণতা। তদন্তকারী আধিকারিকদের হুমকি দেওয়া এবং তদন্তের গতি স্তব্ধ করার জন্য এসব করা হচ্ছে। ন্যায়বিচারের স্বার্থে এসব বন্ধ করতে হবে। এই অতিচালাকি বরদাস্ত করা যাবে না।”


More Stories
আই-প্যাকের ডিরেক্টর ভিনেশ চান্দেলকে গ্রেফতার করল ইডি
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ