সময় কলকাতা ডেস্ক, ১৯ এপ্রিল: কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলার ঘটনায় রাজ্য পুলিশ নিজের মত তদন্ত করতে পারবে। কিন্তু অভিযুক্তদের বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ গ্রহণ করতে পারবে না রাজ্য পুলিশ। এবার এমনটাই নির্দেশ দিল কলকাতা হাই কোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা। বুধবার বিচারপতি জানান, যতদিন না ডিভিশন বেঞ্চ মূল মামলায় নতুন করে রায় দিচ্ছে, ততদিন পর্যন্ত এই মামলার শুনানি হবে না। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ডিভিশন বেঞ্চের এই মামলায় দেওয়া সিবিআই তদন্তের নির্দেশ খারিজ করে শীর্ষ আদালত। এর আগে গত ১৩ এপ্রিল নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলার মামলায় সিবিআই তদন্তের নির্দেশ খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট।
আরও পড়ুন ভাঙড়ে নথি পোড়ানো প্রসঙ্গে তোপ দিলীপ ঘোষের
কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর কনভয়ে হামলার ঘটনার তদন্ত আপাতত রাজ্য পুলিশ করবে, এমনটাই নির্দেশ সুপ্রিম কোর্ট। পরবর্তীতে সিবিআই তদন্তের প্রয়োজনীয়তা আছে কি না, তা হাইকোর্ট ঠিক করবে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট। ওইদিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে ছিল এই মামলার শুনানি। ওইদিন শীর্ষ আদালতে রাজ্যের পক্ষে সওয়াল করেন অভিষেক মনু সিংভি। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর গাড়িতে হামলা ও মারধরের অভিযোগে মোট কতগুলি এফআইআর দায়ের করা হয়েছে, সেই তথ্যও এদিন আদালতে পেশ করা হয়। জানা গিয়েছে,তৃণমূলের তরফে ৯ টি ও বিজেপির তরফ থেকে মোট ২১ টি এফআইআর হয়েছিল।

গত মাসেই নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলার ঘটনার তদন্তভার দেওয়া হয় সিবিআইকে। ওইদিন মামলার শুনানি চলছিল প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চে। ঘটনার দিন কী ঘটেছিল, সেই নিয়ে রাজ্যের কাছে রিপোর্ট চেয়েছিল আদালত। এদিন এই মামলার শুনানিতে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ বলে, ‘কেন্দ্রীয় মন্ত্রীর কনভয়ে হামলার ঘটনায় বৃহত্তর ষড়যন্ত্র থাকতে পারে। সেই জন্য আদালত চায় নিরপেক্ষ কোনও এজেন্সি এই ঘটনার তদন্ত করুক। সেই জন্যই তদন্তভার সিবিআইয়ের হাতে হস্তান্তর করা হচ্ছে।’

প্রসঙ্গত, কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর কনভয়ে হামলার ঘটনায় উত্তাল হয় রাজ্য রাজনীতি। নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলার ঘটনায় বিজেপিকে অভিযুক্ত করে গত ২৩ মার্চ কলকাতা হাইকোর্টে রিপোর্ট পেশ করেছিল কোচবিহার পুলিশ। কোচবিহারের পুলিশ সুপারের রিপোর্টে বিজেপি কর্মীদেরকে ঘটনার জন্য দায়ী করা হয়। ওইদিন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হয়। ওইদিনই বিচারপতি মান্থার এজলাসে মামলা করেন কোচবিহারের ২৩ জন বিজেপি সমর্থক। এমনকী পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেও সিবিআই তদন্তের দাবিতে কলকাতা হাই কোর্টে মামলা করে বিজেপি।

উল্লেখ্য,গত ফেব্রুয়ারি মাসেই কোচবিহারের দিনহাটায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলার ঘটনাটি ঘটে। স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিমন্ত্রীর কনভয় লক্ষ্য করে বোমা, গুলি ও পাথর ছোড়া হয় বলে অভিযোগ। রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তোলে বিজেপি। পাল্টা বুড়িরহাট বাজারে তৃণমূলের একটি পার্টি অফিসে হামলা চালায় বিজেপি সমর্থকরা। অন্যদিকে বিজেপিই প্রথমে হামলা চালায় বলে পাল্টা অভিযোগ করেন রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ। রাজ্যে ৩৫৫ ধারা জারির দাবি তোলে রাজ্য বিজেপি। রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সরব হন। ওই ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে ছিল সেই মামলার শুনানি। কেন্দ্রের দাবি, রাজ্য প্রশাসনের তরফ থেকে কোনও পদক্ষেপ করা হয়নি। এদিন শুনানিতে কেন্দ্রের তরফ স্বরাষ্ট্রমন্ত্রী সুরক্ষা নিয়ে প্রশ্ন তোলা হয়।


More Stories
আসন বাড়িয়ে সংবিধান সংশোধনী তথা মহিলা সংরক্ষণ বিল আনতে ব্যর্থ কেন্দ্র
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার
পাটুলিতে শুট আউট, নিহত যুবক