Home » তাপপ্রবাহের জেরে গলদঘর্ম অবস্থা রাজ্যবাসীর, কবে মিলবে স্বস্তির বৃষ্টি!

তাপপ্রবাহের জেরে গলদঘর্ম অবস্থা রাজ্যবাসীর, কবে মিলবে স্বস্তির বৃষ্টি!

সময় কলকাতা ডেস্ক, ২০ এপ্রিল: তীব্র গরমে নাভিশ্বাস ওঠার জোগাড় রাজ্যবাসীর। এপ্রিলেই রেকর্ড ভাঙা গরম পড়তে শুরু করেছে। বুধবারও একাধিক জেলার তাপমাত্রা ৪২ ডিগ্রি ছাড়িয়ে গিয়েছিল। ক্রমশ পাল্লা দিয়ে বাড়তে শুরু করেছে দিন ও রাতের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রার পারদ। গুমোট আবহাওয়ার জেরে বেড়েছে ভ্যাপসা গরমও। তাপপ্রবাহের জেরে গলদঘর্ম অবস্থা রাজ্যবাসীর। কলকাতা সহ জেলায় জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি হয়েছিল। তবে,শুক্রবার থেকেই আবহাওয়া বদলের সম্ভাবনা রয়েছে। শনিবার থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।


আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণবঙ্গের কিছু জেলায় শনিবার থেকেই হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গেরও পার্বত্য এলাকায় একাধিক জেলায় শিলাবৃষ্টির পূর্বাভাস রয়েছে।এদিন কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৯.২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস। বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০.৯ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৪২ থেকে ৮৭ শতাংশ।

আরও পড়ুন   জীবনকৃষ্ণ সাহার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করল সিবিআই


পূর্বাভাস বলছে, ২১ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের কিছু জেলায় তাপপ্রবাহের আশঙ্কা রয়েছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলির তাপমাত্রা আরও বাড়বে। ওড়িশাতেও তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। তবে,উত্তরবঙ্গে পার্বত্য এলাকায় হতে পারে শিলাবৃষ্টি। দিল্লি, পঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড ও উত্তর পূর্ব ভারতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে,দার্জিলিং, কালিম্পং, কোচবিহার,জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে বৃহস্পতিবারের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ছত্রিশগড় এবং মহারাষ্ট্রে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শনি ও রবিবার উত্তরবঙ্গের উপরের দিকের ৫ জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা।

About Post Author